সভ্যতার উত্থান পতন :রক্তে লেখা ইতিহাস
১৫ মে ২০২৬ ১২:০৭
আবু নাঈম মু শহীদুল্লাহ্
১৪তম পর্ব
বু‘আসের রক্তাক্ত প্রান্তর থেকে মদিনা রাষ্ট্রের উত্থান
উত্তপ্ত বালুর শহর মক্কা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক ঐতিহাসিক সফর শেষে যখন মুহাম্মদ সাঃ ইয়াসরেব/মদিনার উপকণ্ঠে পৌঁছালেন, তখন শুধু একজন মানুষ নয়, একটি আশার আলো এসে দাঁড়াল বিভক্ত এক জনপদের দরজায়।
শহর তখন প্রতীক্ষায় ছিল। আনসাররা প্রতিদিন প্রখর রোদে শহরের বাইরে গিয়ে পথ চেয়ে থাকত। খবর এলেই ছুটে যেত কিশোরেরা। আর যেদিন তিনি এলেন, সেদিন যেন মদিনার আকাশটাই বদলে গেল। ঘরগুলোর ছাদে ভিড়, রাস্তায় উচ্ছ্বাস, কণ্ঠে কণ্ঠে ধ্বনি। শিশুদের কণ্ঠে ভেসে উঠল স্বাগতগান—
তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা
ওজাবাশ শুক’রু আলাইনা
মা দা আ লিল্লাহি দা
আইয়্যু হা’ল মাব উ’ছু ফিনা
জি’তা বি’ল-আম্রিল -মু’তা
জি’তা শার’রাফ তা’ল-মদিনা
মারহাবান ইয়া খাইরা দা
ঐতিহাসিক সেই আবেগময় মুহূর্ত, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে আছে।
প্রথমে তিনি থামলেন কুবায়। সেখানে গড়ে উঠল প্রথম মসজিদ, যা শুধু ইবাদতের স্থান ছিল না, ছিল নতুন সমাজের ভিত্তি। এরপর যখন তিনি উটনীর পিঠে চড়ে শহরে প্রবেশ করলেন, মানুষ চাইছিলেন তিনি তাদের ঘরে থাকুন। কিন্তু তিনি সিদ্ধান্ত ছেড়ে দিলেন আল্লাহর ইচ্ছার উপর। উটনী যেখানে বসে পড়ল, সেখানেই স্থির হলো তাঁর বাসস্থান।একটি সরল উঠোন, যেখান থেকে শুরু হলো ইতিহাসের নতুন অধ্যায়। মদিনা বা ইয়াসরিব তখন ক্ষতবিক্ষত এক জনপদ।
বু‘আসের যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি।
বু‘আসের প্রান্তর শুধু একটি যুদ্ধক্ষেত্র ছিল না। এটি ছিল ভ্রাতৃঘাতী উন্মত্ততার প্রতীক।
সেদিন সূর্য উঠেছিল স্বাভাবিক নিয়মে, কিন্তু অস্ত গিয়েছিল লাশের স্তূপের ওপর দিয়ে। দুই পক্ষের বীরেরা প্রাণ দিয়েছিল। নেতৃত্ব ভেঙে পড়েছিল। শক্তিশালী পরিবারগুলো নিঃস্ব হয়ে গিয়েছিল।
যুদ্ধ শেষ হয়েছিল, কিন্তু শান্তি আসেনি।
শহর ছিল ক্লান্ত। ঘরে ঘরে শোক। শিশুদের চোখে ভবিষ্যতের বদলে ভয়। প্রতিটি বিজয় ছিল ক্ষতবিক্ষত। প্রতিটি পরাজয় ছিল অপমানের আগুন।
মানুষ বুঝতে শুরু করল, এই পথে চললে ইয়াসরিব একদিন নিজেই নিজেকে ধ্বংস করবে।
সমস্যার গভীরতা কোথায় ছিল?
সমস্যা শুধু দুই গোত্রের ছিল না।
সমস্যা ছিল নেতৃত্বের সংকটে।
যার হাতে ক্ষমতা, তার হাতে ছিল পক্ষপাত।
যার হাতে তরবারি, তার হাতে ছিল প্রতিশোধ।
একজন নিরপেক্ষ, নৈতিকভাবে উচ্চতর, সবার কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব ছিল না।
শক্তি ছিল, কিন্তু দিকনির্দেশ ছিল না।
সাহস ছিল, কিন্তু সংযম ছিল না।
সংখ্যা ছিল, কিন্তু ঐক্য ছিল না।
ইয়াসরিবের মানুষ বুঝেছিল,
নিজেদের ভেতরের নেতৃত্ব দিয়ে তারা সমস্যার সমাধান করতে পারছে না।
একজন বাইরের, ন্যায়পরায়ণ, দূরদর্শী নেতৃত্ব দরকার।
যিনি গোত্রের নয়, নীতির পক্ষে দাঁড়াবেন।
যিনি প্রতিশোধ নয়, ন্যায় প্রতিষ্ঠা করবেন।
যিনি বিভাজন নয়, ঐক্যের ডাক দেবেন
তারা খুঁজছিল এমন একজন নেতৃত্ব, যিনি প্রতিশোধের চক্র ভাঙতে পারবেন। গোত্রের ঊর্ধ্বে উঠে ন্যায় ও শৃঙ্খলার নতুন ভিত্তি স্থাপন করবেন। যখন মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে পৌঁছালেন, তখন তিনি শুধু একজন নবী হিসেবে আসেননি; তিনি এসেছিলেন ভাঙা সমাজকে নতুন চুক্তির বন্ধনে বাঁধতে, বৈরিতার জায়গায় ভ্রাতৃত্ব স্থাপন করতে, আর বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোকে একটি নীতিনিষ্ঠ রাষ্ট্রচিন্তার দিকে পরিচালিত করতে। সেই ক্ষতচিহ্নের ভেতর থেকেই জন্ম নিয়েছিল নতুন এক অধ্যায়—মদিনা রাষ্ট্র। যেখানে গোত্র নয়, ন্যায় ছিল পরিচয়; প্রতিশোধ নয়, ছিল সংহতি; এবং ক্ষমতার অহংকার নয়, ছিল দায়িত্ববোধের শাসন। এই রূপান্তরের গল্প কেবল রাজনৈতিক পরিবর্তনের নয়, এটি মানুষের মনোজগতের আমূল পরিবর্তনের ইতিহাস।
মক্কায় নির্যাতিত মুসলমানদের একটি অংশ মদিনায় আশ্রয় নেয়। তাঁদের বলা হতো মুহাজির। মদিনার মুসলমানরা ছিলেন আনসার। দুই ভিন্ন পটভূমির মানুষের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু নবী মুহাম্মদ প্রথমেই হৃদয়ের বন্ধন তৈরি করলেন। তিনি মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করলেন। অর্থ, সম্পদ, ঘর, সব কিছু ভাগ করে নেওয়ার এক অনন্য উদাহরণ সৃষ্টি হলো।
অশান্ত ইয়াসরেব বা মদিনাতে শাম্তি স্থাপন করতে তৈরী হলো মদিনার সনদ। যা ছিল ইতিহাসের অন্যতম প্রাচীন লিখিত সামাজিক ও রাজনৈতিক চুক্তি। এর মূল উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক, বহুধর্মী, বহুগোত্রীয় সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।
সনদের মূল বিষয়গুলো ছিল:
সব গোত্র একটি সম্মিলিত উম্মাহ বা নাগরিক সমাজের অংশ হবে
ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত থাকবে
অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে
রক্তপণ ও প্রতিশোধের সীমা নির্ধারণ করা হবে
যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত হবে সম্মিলিতভাবে
বিরোধ দেখা দিলে চূড়ান্ত মীমাংসা হবে আল্লাহ ও তাঁর রাসুলের বিচার অনুযায়ী
এটি ছিল কেবল মুসলমানদের জন্য নয়। ইহুদি গোত্রগুলোও এই সনদের অংশ ছিল। তাদের ধর্ম পালনে স্বাধীনতা ছিল। তাদের নিরাপত্তাও রাষ্ট্রের দায়িত্বে ছিল।
এই সনদ এক নতুন ধারণা দিল। নাগরিকত্বের ভিত্তি হবে চুক্তি ও ন্যায়, কেবল রক্তসম্পর্ক নয়।
রহমাতুল্লিল আলামিনের নেতৃত্বের বিশেষত্ব ছিল তাঁর ন্যায়পরায়ণতা। তিনি কোনো গোত্রকে বিশেষ সুবিধা দেননি। তাঁর কাছে অপরাধী মুসলমান হলেও বিচার হতো, আর নির্যাতিত যদি অমুসলিমও হতো, তার অধিকার রক্ষা পেত।
তিনি মানুষের হৃদয় জয় করেছিলেন। প্রতিশোধের জায়গায় ক্ষমা, বিভেদের জায়গায় ঐক্য, শত্রুতার জায়গায় আস্থা স্থাপন করেছিলেন। মদিনা ধীরে ধীরে রক্তাক্ত সংঘর্ষের শহর থেকে ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তরিত হলো।প্রতিষ্ঠিত হলো সামাজিক দায়বদ্ধতা। গরিবের হক নিশ্চিত হলো। জাকাতের ব্যবস্থা গড়ে উঠলো। নারীর অধিকার, এতিমের অধিকার, দুর্বল মানুষের সুরক্ষা। সবকিছুই একটি সুসংহত কাঠামোর ভেতরে এল। এই পরিবর্তন ছিল ধীরে ধীরে, কিন্তু গভীর। কয়েক বছরের মধ্যেই মদিনা আর আগের মতো রইল না। যেখানে আগে তরবারির ঝনঝনানি শোনা যেত, সেখানে শোনা গেল ন্যায়বিচারের ঘোষণা।
অশান্ত মদিনার বুকে নবী মুহাম্মদ যে শান্তির বীজ বপন করেছিলেন, তা ছিল নৈতিক নেতৃত্বের শক্তির প্রমাণ। তিনি দেখিয়েছেন, সমাজ বদলাতে হলে আগে মানুষের হৃদয় বদলাতে হয়।
মদিনার ইতিহাস তাই কেবল একটি শহরের কাহিনি নয়। এটি একজন নবীর নেতৃত্বে বিভক্ত সমাজের ঐক্যবদ্ধ হওয়ার গল্প।
স্বপ্ন ছিল বিভক্ত মানুষকে এক কাতারে দাঁড় করানোর। আউস ও খাজরাজ।যারা দীর্ঘদিন রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে ছিল—ইসলাম গ্রহণের পর একে অপরের বুকে জায়গা করে নিল ভাইয়ের মতো। শত্রুতার আগুন নিভে গিয়ে জ্বলে উঠল ভ্রাতৃত্বের আলো।
মুহাজিররা মক্কা থেকে সব হারিয়ে এসেছিল।ঘর, সম্পদ, আপনজনের সান্নিধ্য। কিন্তু তারা হারায়নি আশা। আর আনসাররা শুধু তাদের আশ্রয়ই দেয়নি, হৃদয়ের দরজাও খুলে দিয়েছিল। এই মিলন ছিল ইতিহাসে এক বিরল মানবিক অধ্যায়।
অন্যদিকে মদিনার ইহুদি গোত্রগুলো—বনু কায়নুকা, বনু নাদীর ও বনু কুরাযা—তাদের সঙ্গেও শুরুতে গড়ে উঠেছিল পারস্পরিক আস্থার এক চুক্তি। উদ্দেশ্য ছিল স্পষ্ট: সবাই মিলেই একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক সমাজ গড়া। সেই সময় মদিনা সত্যিই ছিল শান্তি ও সহাবস্থানের প্রতীক।
কিন্তু ইতিহাস সাক্ষী, আস্থা যখন টলে যায়, তখন সম্পর্কও দুর্বল হয়ে পড়ে। চুক্তিভঙ্গ ও অবিশ্বাস ধীরে ধীরে সেই সম্ভাবনাকে ক্ষয় করতে থাকে। যে শহর একসময় ঐক্যের শক্তিতে উজ্জ্বল ছিল, সেখানে বিভাজনের ছায়া নেমে আসে।
এই অভিজ্ঞতা মুসলমানদের একটি গভীর শিক্ষা দিয়েছিল: একটি সমাজ টিকে থাকে চুক্তির প্রতি আনুগত্য, ন্যায়বিচার এবং পারস্পরিক আস্থার ওপর। যখন ব্যক্তিগত স্বার্থ সম্মিলিত কল্যাণের চেয়ে বড় হয়ে ওঠে, তখন ভাঙন অনিবার্য। কিন্তু হৃদয় যদি প্রশস্ত হয়, উদ্দেশ্য যদি হয় ন্যায় ও ঐক্য—তবে ইতিহাসের গতিপথও বদলে যায়
বদর
মক্কার কুরাইশরা যখন দেখল, নির্যাতন সহ্য করে মুসলমানরা সবকিছু ছেড়ে মদিনায় এসে নতুন জীবন গড়ছে, তাদের ক্রোধ থামেনি। যারা হিজরত করেছিল, তাদের ঘরবাড়ি, সম্পদ, ব্যবসা—সব দখল করা হলো। তবু প্রতিহিংসার আগুন নিভল না। লক্ষ্য একটাই—এই নবীন শক্তিকে শেকড়েই থামিয়ে দেওয়া।
মদিনায় গড়ে উঠেছিল ভ্রাতৃত্বের এক অনন্য সমাজ। মুহাজির ও আনসার একে অন্যের পাশে দাঁড়িয়ে এমন বন্ধনের নজির স্থাপন করেছিলেন, যা ইতিহাসে বিরল। এই ঐক্যই কুরাইশদের আতঙ্কিত করল। তারা প্রায় এক হাজার সৈন্য নিয়ে বের হলো, নেতৃত্বে ছিল আবু জাহল। উদ্দেশ্য স্পষ্ট—মদিনার নবগঠিত মুসলিম সমাজকে নিশ্চিহ্ন করা।
অন্যদিকে মুসলমানদের সংখ্যা মাত্র ৩১৩ জন। হাতে গোনা কয়েকটি ঘোড়া, অল্প উট, সীমিত অস্ত্র। বাহ্যিক শক্তিতে তারা ছিল দুর্বল। কিন্তু অন্তরে ছিল অটল ঈমান, গভীর ঐক্য, আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। তাদের শক্তি ছিল বিশ্বাসের শক্তি।
মক্কা ও মদিনার মাঝামাঝি বদর প্রান্তরে মুখোমুখি হলো দুই দল। মরুভূমির মাঝে কয়েকটি কূপ ঘিরে ছোট্ট এক স্থান—কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানরা আগে পৌঁছে পানির উৎসগুলোর নিয়ন্ত্রণ নিলেন। যুদ্ধের আগের রাত ছিল নীরব, ভারী, গভীর। কেউ ইবাদতে, কেউ অশ্রুসিক্ত দোয়ায়। প্রিয় নবী মুহাম্মদ (সা.) দুই হাত তুলে সাহায্য প্রার্থনা করলেন। সেই প্রার্থনায় ছিল শুধু একটি যুদ্ধের ফল নয়, ছিল পুরো উম্মাহর ভবিষ্যৎ।
দিনটি ১৭ রমজান, ২ হিজরি। সূর্য উঠল, আর শুরু হলো এক নির্ণায়ক লড়াই—বদরের যুদ্ধ। ইতিহাস যেন থমকে দাঁড়িয়ে দেখছিল, সংখ্যায় কম এক দল মানুষ কীভাবে প্রবল শক্তির সামনে বুক চিতিয়ে দাঁড়ায়। প্রাণপণ লড়াই চলতে থাকল। বদর কেবল একটি সামরিক সংঘর্ষ ছিল না। এটি ছিল সত্য ও মিথ্যার সরাসরি মুখোমুখি হওয়া। এটি ছিল দীর্ঘ অপমানের পর আত্মমর্যাদা পুনরুদ্ধারের সংগ্রাম।
সংখ্যায় ও অস্ত্রে পিছিয়ে থেকেও মুসলমানরা বিজয় অর্জন করলেন। এই বিজয় মদিনার সমাজে ফিরিয়ে আনল আত্মবিশ্বাস, দৃঢ় করল রাজনৈতিক অবস্থান, আরবের গোত্রগুলোর দৃষ্টিভঙ্গি বদলে দিল। প্রমাণিত হলো—শক্তির আসল উৎস বাহ্যিক সামর্থ্য নয়, আদর্শ ও বিশ্বাস।
এই যুদ্ধে শহীদ হন ১৪ জন সাহাবি—৬ জন মুহাজির, ৮ জন আনসার।
মুহাজির সাহাবি (৬ জন):
১. হযরত উবায়দা ইবনুল হারিস (রা.)
২. হযরত উমাইর ইবনু আবি ওয়াক্কাস (রা.)
৩. হযরত জুল-শিমালাইন উমাইর ইবনু আবদে আমর (রা.)
৪. হযরত আকিল ইবনুল বুকাইর (রা.)
৫. হযরত সাফওয়ান ইবনুল বাইদা (রা.)
৬. হযরত মিহজা (রা.)
আনসার সাহাবি (৮ জন):
৭. হযরত হারিসা ইবনু সুরাকা (রা.)
৮. হযরত আউফ ইবনুল হারিস (রা.)
৯. হযরত মুআওয়ায ইবনুল হারিস (রা.)
১০. হযরত ইয়াজিদ ইবনুল হারিস (রা.)
১১. হযরত রাফে ইবনুল মুআল্লা (রা.)
১২. হযরত সাদ ইবনু খাইসামা (রা.)
১৩. হযরত মুবাররিদ ইবনু আবদুল মুনযির (রা.)
১৪. হযরত মাবাদ ইবনু কায়স (রা.)
অন্যদিকে কুরাইশদের বহু প্রভাবশালী নেতা নিহত হয়, যেমন আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ। মোট সত্তর জন নিহত এবং সত্তর জন বন্দি হয়।
মাত্র ৩১৩ জন, আল্লাহর মেহেরবানীতে, তিনগুণ শক্তিশালী বাহিনীর ওপর বিজয় লাভ করলেন। বাহ্যিক হিসাবে যা অসম্ভব মনে হয়েছিল, বদর প্রমাণ করল সংখ্যা নয়, ঈমানই আসল শক্তি।
বদর যুদ্ধের বিজয় কেবল একটি সামরিক সাফল্য নয়; এটি ছিল নির্যাতিত ও ঘরছাড়া মুসলমানদের জন্য আশ্বাসের আলো। মক্কায় বছরের পর বছর অত্যাচার সয়ে তারা যখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন, তখন এই বিজয় তাদের হৃদয়ে স্থিরতা এনে দিল। তারা অনুভব করলেন, সত্যের পথে অবিচল থাকলে আল্লাহর সাহায্য আসে এমনভাবে, যা মানুষের কল্পনারও বাইরে।
এই দিন পরিচিতি পায় ইয়াওমুল ফুরকান’—সত্য ও মিথ্যার পার্থক্য নির্ধারণের দিন হিসেবে। এই দিনে আল্লাহ সত্যকে স্পষ্ট করে দিয়েছেন। যখন মানুষ সত্যকে আঁকড়ে ধরে দাঁড়ায়। তখন বাহ্যিক শক্তি পরাজয় নিশ্চিত হয়ে যায়।
দুনিয়ার সামান্য ক্ষমতায় যারা একদিন কাবার চত্বরে দাঁড়িয়ে গর্জে উঠত, নির্দেশ দিত, মানুষকে অপমান করত, সেদিন তারা নিথর পড়ে রইল বদরের বালুচরে। ক্ষমতার যে অহংকার এতদিন বুক ফুলিয়ে হাঁটত, তা এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল।
বদরের ময়দানে শুধু কয়েকজন মানুষ নিহত হয়নি; পতন ঘটেছিল এক মানসিকতার। যে শক্তি নিজেকে অজেয় ভাবত, সে বুঝে গেল ইতিহাসের মালিক সে নয়।
মক্কায় ফিরে শোক নেমে এলো। নারীরা চুল ছিঁড়ে কাঁদছিল, বুক চাপড়ে মাতম করছিল। কিন্তু সেই শোকও ছিল অদ্ভুতভাবে নিয়ন্ত্রিত। কুরাইশ নেতারা জনসমক্ষে অতিরিক্ত বিলাপ করতে নিষেধ করেছিল। তাদের ভয় ছিল, মদিনায় মুসলমানরা যেন আনন্দ না পায়। তাই কান্না ছিল চাপা, কিন্তু প্রতিশোধের আগুন ছিল প্রকাশ্য।
পরাজয়ের পর নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন আবু সুফিয়ান। বদরের আঘাত তার ব্যক্তিগতও ছিল; আত্মীয়স্বজন নিহত। তিনি শপথ করলেন, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত শান্তি নেই।
মক্কার ব্যবসায়ী ও নেতারা সিদ্ধান্ত নিলেন, সিরিয়া থেকে ফেরত আসা বাণিজ্য কাফেলার লাভ যাবে যুদ্ধ তহবিলে। অর্থ, অস্ত্র, মানুষ—সব প্রস্তুত করা হবে নতুন সংঘর্ষের জন্য।
সরাসরি তরবারির পাশাপাশি শুরু হলো নীরব কৌশল।
মদিনার আশপাশের গোত্রগুলোকে উসকে দেওয়া
মুসলমানদের অর্থনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা
অভ্যন্তরীণ বিভেদ তৈরির পরিকল্পনা
মদিনায় অবস্থানরত ইহুদি গোত্রগুলোর সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলল, যাতে ভেতর থেকে অস্থিরতা তৈরি হয়। বদরের পরাজয় ছিল কেবল সামরিক ব্যর্থতা নয়; আরব সমাজে এটি ছিল মর্যাদার পতন। আর সেই মর্যাদা রক্ষার অজুহাতে তারা প্রস্তুত করল আরেক সংঘর্ষের মঞ্চ।ইতিহাসের এক গভীর সত্য আছে,অনেক সময় একটি পরাজয়ই পরবর্তী যুদ্ধের বীজ বপন করে। বদরের আঘাত থেকে জন্ম নিল উহুদ যুদ্ধ।
বিজয়ী মুসলমানগন বদরের প্রান্তরে বিজয়ের পতাকা উত্তোলন করলেন । কিন্তু সেই আকাশ ছিল অশ্রুসজল। ত্রয়োদশ বছরের নির্যাতন, বঞ্চনা আর হিজরতের বেদনা বুকে নিয়ে যারা দাঁড়িয়েছিলেন, তাঁদের চৌদ্দজন প্রিয় সাহাবী সেদিন শাহাদাতের অমর মর্যাদা লাভ করেন।
তাঁরা ছিলেন কারও পিতা, কারও ভাই, কারও সন্তানের আশ্রয়। বিজয় এসেছিল, কিন্তু হৃদয়ে রয়ে গিয়েছিল শূন্যতা। বিজয়ী মুসলমানরা উল্লাসে আত্মহারা হননি। তাঁরা শহীদদের স্মরণ করে বিনম্র হয়েছেন। কারণ এই বিজয় তাদের রক্তের বিনিময়ে।
এই শোক ছিল দুর্বলতার নয়; ভালোবাসার। এই অশ্রু ছিল পরাজয়ের নয়; ঈমানের গভীরতার প্রকাশ।
মনে কষ্ট থাকা শর্তেও যুদ্ধে বন্দি হওয়া কুরাইশ নেতা ও সৈন্যদের সাথে কঠোর আচরন করেন নি।
অনেক বন্দীকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হলো। যারা অর্থ দিতে পারেনি, তাদের কেউ কেউ মদিনার দশজন শিশুকে শিক্ষা দেওয়ার শর্তে মুক্তি পেল। যুদ্ধের উত্তাপে প্রতিহিংসা নয়, ন্যায় ও দয়ার সমন্বয় ঘটল।
এ এক অসাধারণ উদাহরণ। বিজয় মানে কেবল প্রতিপক্ষকে পরাস্ত করা নয়; নিজের চরিত্রকে উঁচুতে তুলে ধরা।
মানবতার নবী ও তাঁর সাহাবীগণ বুঝতেন, প্রকৃত সফলতা আল্লাহর সন্তুষ্টিতে। তাই ময়দানে জীবন বাজি রেখে লড়াই যেমন আছে, তেমনি দাওয়াতের পথে ক্ষমা, ধৈর্য ও উদারতাও আছে। বদর এক রক্তে লেখা ইতিহাস।
১৫ তম পর্ব
বদরের বিজয়ের পর মদিনার আকাশে যে প্রশান্তির আলো ছড়িয়ে পড়েছিল, তা ছিল বহু বছরের নির্যাতন, বঞ্চনা আর অশ্রুর পর প্রথম স্বস্তির নিঃশ্বাস। কিন্তু সেই আলোয়ও লুকিয়ে ছিল আগামীর ঝড়ের পূর্বাভাস। কারণ সত্য যখন মাথা তুলে দাঁড়ায়, বাতিল তখন আরও হিংস্র হয়ে ওঠে। বদর ছিল শুধু একটি যুদ্ধের নাম নয়; এটি ছিল ঈমানের শক্তি আর কুফরের অহংকারের সরাসরি সংঘর্ষ। পৃথিবীর চোখে মুসলমানরা ছিল দুর্বল।অল্পসংখ্যক, অল্প অস্ত্র, অল্প সামর্থ্য। কিন্তু তাদের হৃদয়ে ছিল এমন এক আগুন, যা কোনো বাহিনীর শক্তি দিয়ে নিভিয়ে ফেলা সম্ভব নয়। তারা জানত, এই যুদ্ধ কেবল জমিনের জন্য নয়।এটি ছিল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লড়াই।
যখন বদরের প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি দাঁড়াল, তখন মরুভূমির বালুকণাও যেন নিঃশ্বাস আটকে রেখেছিল। একদিকে দাম্ভিক কুরাইশ, অন্যদিকে আল্লাহর উপর নির্ভরশীল একদল মুমিন।
সংখ্যা বিবেচনায় মুসলমানদের পরাজয় অনিবার্য। কিন্তু ইতিহাস কখনো কেবল সংখ্যা দিয়ে লেখা হয় না। ইতিহাস লেখা হয় বিশ্বাস, ধৈর্য আর আত্মত্যাগ দিয়ে। সেই দিন আসমান যেন জমিনের মানুষদের দেখিয়ে দিল। যাদের হৃদয়ে ঈমান থাকে, তাদেরকে দুনিয়ার কোনো শক্তি পরাজিত করতে পারে না।
বদরের বিজয় মুসলমানদের হাতে শুধু একটি জয় তুলে দেয়নি। এটি তাদের আত্মায় নতুন প্রাণ সঞ্চার করেছিল। তারা উপলব্ধি করেছিল, হকের পথে থাকলে অদৃশ্য সাহায্য নেমে আসে। অন্যদিকে বদরে পরাজিত কুরাইশদের অন্তরে আগুন জ্বলতে থাকে। এ পরাজয় তাদের অহংকারকে ভেঙে চুরমার করে দিয়েছিল। তারা বুঝতে পারে, এই দীনের আলো যদি আরও ছড়িয়ে পড়ে, তবে তাদের শত বছরের আধিপত্য ধসে পড়বে।
তাই প্রতিশোধের আগুনে তারা আবার প্রস্তুত হতে শুরু করে। মক্কার প্রতিটি অলিগলিতে তখন প্রতিশোধের ভাষা উচ্চারিত হচ্ছিল। তাদের হৃদয়ে ছিল ক্রোধ, চোখে ছিল ঘৃণা, আর মনে ছিল ক্ষমতা হারানোর ভয়। তারা নতুন বাহিনী গড়ে তোলে, নতুন জোট তৈরি করে। অবশেষে এক বিশাল সেনাবাহিনী নিয়ে তারা মদিনার দিকে অগ্রসর হয়। মরুর বুকে আবার যুদ্ধের দামামা বেজে ওঠে।
উহুদের প্রান্তরে মুসলমানরা দাঁড়াল অটল হৃদয়ে। সংখ্যা কম, সামর্থ্য সীমিত,তবুও তাদের চোখে ভয় ছিল না। কারণ তারা জানত, সত্যের পথে মৃত্যুও পরাজয় নয়। রাসুলুল্লাহ (সা.) যুদ্ধের জন্য সুদূরপ্রসারী কৌশল গ্রহণ করলেন। একটি গুরুত্বপূর্ণ গিরিপথে তীরন্দাজদের দাঁড় করিয়ে তিনি কঠোরভাবে নির্দেশ দিলেন।যে পরিস্থিতিই আসুক, কোনো অবস্থাতেই যেন তারা সেই স্থান ত্যাগ না করে।
যুদ্ধ শুরু হলে মুসলমানদের ঈমানী শক্তির সামনে কুরাইশ বাহিনী টিকতে পারছিল না। শত্রুরা পিছিয়ে যেতে শুরু করল। বিজয়ের আভাস স্পষ্ট হয়ে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ইতিহাসের বুকে নেমে আসে এক বেদনাদায়ক মোড়। গিরিপথে অবস্থানরত কিছু তীরন্দাজ মনে করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে। তারা বিজয়ের সম্পদ (গনিমতের মাল) সংগ্রহের উদ্দেশ্যে নিজেদের স্থান ছেড়ে চলে গেলেন। একটি সামান্য অবাধ্যতা মুহূর্তেই ভয়াবহ বিপর্যয়ের দরজা খুলে দিল।
খালি হয়ে যাওয়া সেই গিরিপথ দিয়ে শত্রুর অশ্বারোহী বাহিনী মুসলমানদের পেছন থেকে আক্রমণ করল। মুহূর্তের মধ্যে যুদ্ধের দৃশ্য পাল্টে গেল। চারদিকে চিৎকার, ধূলিঝড়, তরবারির ঝনঝনানি আর রক্তের গন্ধে প্রান্তর ভারী হয়ে উঠল। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে পড়ল। আর সেই বিভীষিকার মাঝেই মানব ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্যগুলোর একটি ঘটল। রাসুলুল্লাহ (সা.) নিজেই আঘাতপ্রাপ্ত হলেন। তাঁর পবিত্র মুখমণ্ডল রক্তে ভিজে গেল। মাথা মুবারক ফেটে গেল। তাঁর দাঁত মুবারক শহীদ হয়ে গেল। সেই রক্ত ছিল কেবল একজন মানুষের রক্ত নয়; সেটি ছিল সত্য প্রতিষ্ঠার জন্য ঝরে পড়া নবুয়তের রক্ত। যে মানুষটি মানবজাতিকে অন্ধকার থেকে আলোয় আনার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তাকেই রক্তাক্ত হতে হয়েছিল মানুষের হাতেই। সাহাবায়ে কেরাম যখন তাঁর রক্তমাখা মুখ দেখলেন, তাদের হৃদয় যেন ছিন্নভিন্ন হয়ে গেল। কিন্তু এই অসহনীয় কষ্টের মাঝেও তিনি অভিশাপ দেননি। তিনি বদদোয়া করেননি। বরং তাঁর ঠোঁট থেকে বের হয়েছিল দোয়া—হে আল্লাহ, এদের হিদায়াত দিন; এরা জানে না।
এই দৃশ্য মানবতার ইতিহাসে এক অনুপম উদাহরণ হয়ে আছে। কারণ প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু রক্তাক্ত অবস্থায় ক্ষমা করা কেবল নবীদের চরিত্রেই সম্ভব।
উহুদের প্রান্তর তখন রক্তে ভেজা, ধূলিধূসর, আর অসংখ্য আর্তচিৎকারে ভারী হয়ে উঠেছে। তরবারির ঝনঝনানি, আহতদের কণ্ঠ, আর শহীদদের নিথর দেহ।সব মিলিয়ে যেন আকাশ পর্যন্ত কেঁপে উঠছিল। কিন্তু সেই বিভীষিকার মাঝেও কিছু মানুষ ইতিহাসকে অমর করে যাচ্ছিলেন নিজেদের ঈমান, সাহস আর আত্মত্যাগ দিয়ে। তাঁরা জানতেন, এই যুদ্ধ কেবল দুনিয়ার কোনো জমিনের জন্য নয়; এটি ছিল সত্যকে টিকিয়ে রাখার যুদ্ধ। আর সেই সত্যের পথে নিজেদের জীবন বিলিয়ে দিতে তাঁরা এক মুহূর্তও দ্বিধা করেননি।
সেই শহীদদের কাতারের শীর্ষে ছিলেন হযরত হামজা ইবনে আবদুল মুত্তালিব (রা.)। আল্লাহর সিংহ, রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয় চাচা, ইসলামের এক দুর্জয় প্রাচীর। উহুদের ময়দানে তিনি ছিলেন যেন এক অগ্নিশিখা। তাঁর তরবারির প্রতিটি আঘাতে কেঁপে উঠছিল শত্রুশিবির। তিনি লড়ছিলেন বীর বিক্রমে, যেন মৃত্যুকেও ভয় দেখিয়ে দিচ্ছেন। তাঁর উপস্থিতি মুসলিম বাহিনীর হৃদয়ে সাহস ঢেলে দিচ্ছিল, আর কুরাইশদের অন্তরে সৃষ্টি করছিল আতঙ্ক।
কিন্তু বাতিল শক্তি জানত, এই সিংহকে থামানো না গেলে তাদের বিজয় অসম্ভব। তাই তাঁকে ঘিরে রচিত হয়েছিল এক ঘৃণ্য ষড়যন্ত্র। হিন্দা বিনতে উতবা প্রতিশোধের আগুনে জ্বলছিল। বদরের পরাজয় তার হৃদয়ে বিষ ঢেলে দিয়েছিল। সে ওয়াহশী নামের এক দক্ষ বর্শাধারী দাসকে লোভ দেখাল। হামজা (রা.)-কে হত্যা করতে পারলে তাকে মুক্তি দেওয়া হবে।
ওয়াহশী যুদ্ধক্ষেত্রে লুকিয়ে অপেক্ষা করছিল। আর হামজা (রা.) তখনো বজ্রের মতো শত্রুদের ভেঙে দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে, পেছন দিক থেকে ছুটে এলো একটি বর্শা। সেই বর্শা বিদ্ধ করল ইসলামের এই মহান বীরের বুক। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু সেটি কোনো পরাজয়ের পতন ছিল না; সেটি ছিল শাহাদাতের মহিমান্বিত উত্থান। তাঁর নিথর দেহ পড়ে ছিল উহুদের মাটিতে, অথচ তাঁর আত্মা উড়ে গিয়েছিল সেই জান্নাতের দিকে, যার প্রতিশ্রুতি আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের দিয়েছেন।
কিন্তু নিষ্ঠুরতার এখানেই শেষ হয়নি। হিন্দা তাঁর দেহ বিকৃত করল। তাঁর কলিজা বের করে চিবানোর চেষ্টা করল। ইতিহাসে এমন নির্মমতা খুব কমই দেখা গেছে। কিন্তু তারা বুঝতে পারেনি।শহীদের শরীর ক্ষতবিক্ষত করা যায়, মর্যাদা নয়। হামজা (রা.) এর শাহাদাত মুসলিম হৃদয়ে শোকের ঝড় তুলেছিল, কিন্তু সেই শোকই ঈমানকে আরও দৃঢ় করে দিয়েছিল।
যখন রাসুলুল্লাহ (সা.) তাঁর প্রিয় চাচার নিথর দেহ দেখলেন, তাঁর হৃদয় ভেঙে গিয়েছিল। তাঁর চোখ অশ্রুসিক্ত হয়ে উঠেছিল। তিনি বলেছিলেন, এমন বেদনা তিনি আগে কখনো অনুভব করেননি। এই বাক্যেই প্রকাশ পায়, হামজা (রা.) শুধু একজন সাহাবি ছিলেন না; তিনি ছিলেন নবীর হৃদয়ের অত্যন্ত কাছের একজন মানুষ। ইসলাম গ্রহণের পর থেকে তিনি সবসময় সত্যের পক্ষে ছিলেন। তাঁর সাহস বহু দুর্বল মুসলমানকে শক্তি দিয়েছিল, আর কুরাইশদের মনে ভয় সৃষ্টি করেছিল।
আরেক প্রান্তে পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর (রা.)। যিনি একসময় মক্কার সবচেয়ে বিলাসবহুল জীবনযাপনকারী যুবক ছিলেন। সুগন্ধি, দামী পোশাক, আর আরাম-আয়েশে যাঁর জীবন ঘেরা ছিল, তিনি ইসলামের আলো পাওয়ার পর সবকিছু ছেড়ে দিয়েছিলেন। তাঁর পরিবার তাঁকে বঞ্চিত করেছিল, দুনিয়ার আরাম কেড়ে নিয়েছিল, কিন্তু তাঁর হৃদয় থেকে ঈমান কেড়ে নিতে পারেনি।
মদিনায় ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার পেছনে তাঁর অবদান ছিল অসাধারণ। তিনিই ছিলেন ইসলামের প্রথম রাষ্ট্রদূত। তাঁর কোমল আচরণ আর গভীর ঈমান মানুষের হৃদয় জয় করেছিল। কিন্তু উহুদের দিন তিনি কেবল একজন দাঈ ছিলেন না; তিনি ছিলেন ইসলামের পতাকাবাহী সৈনিক।
যুদ্ধের ভয়াবহ মুহূর্তে যখন চারদিকে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে, তখন মুসআব (রা.) পতাকা হাতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিলেন। শত্রুরা যখন রাসুলুল্লাহ (সা.)-কে আক্রমণ করতে উদ্যত, তখন তিনি নিজের জীবন দিয়ে ঢাল হয়ে দাঁড়ালেন। এক আঘাতে তাঁর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু পতাকা মাটিতে পড়তে দিলেন না। সঙ্গে সঙ্গে বাম হাতে তুলে নিলেন। আরেক আঘাতে বাম হাতও কেটে গেল। তবুও তিনি থামলেন না। দুই হাত হারিয়েও তিনি পতাকাকে নিজের বুকে চেপে ধরলেন। তাঁর ঠোঁটে তখন কুরআনের আয়াত “মুহাম্মদ তো একজন রাসুল মাত্র; তাঁর আগে বহু রাসুল অতিবাহিত হয়েছেন”
রক্ত ঝরছিল, শরীর ক্ষতবিক্ষত হচ্ছিল, কিন্তু তাঁর আত্মা ছিল অবিচল। শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করলেন। তাঁর দেহ মাটিতে পড়ে গেল, কিন্তু ইসলামের পতাকা পড়ে যায়নি। যেন তাঁর রক্ত ইতিহাসকে বলে গেল। সত্যের পতাকা রক্তে ভিজতে পারে, কিন্তু কখনো নিভে যায় না।
যুদ্ধ শেষে যখন শহীদদের দাফন করা হচ্ছিল, তখন তাঁর জন্য পূর্ণ কাফনের কাপড়ও পাওয়া গেল না। মাথা ঢাকলে পা বের হয়ে যাচ্ছিল, আর পা ঢাকলে মাথা। একসময় যিনি মক্কার সবচেয়ে বিলাসী যুবক ছিলেন, আজ তাঁর কাফনের কাপড়টুকুও পর্যাপ্ত নয়। এই দৃশ্য দেখে রাসুলুল্লাহ (সা.)-এর চোখ অশ্রুসিক্ত হয়ে উঠেছিল।
উহুদের সেই রক্তাক্ত ময়দানে আরেক উজ্জ্বল নক্ষত্র ছিলেন হযরত হানযালা ইবনে আবু আমের (রা.)। যুদ্ধের আগের রাতেই তাঁর বিয়ে হয়েছিল। নববিবাহিত জীবনের প্রথম প্রহর তখনো শেষ হয়নি। কিন্তু ভোর হতেই তিনি শুনলেন জিহাদের আহ্বান। আল্লাহর ডাকে সাড়া দিতে তিনি এক মুহূর্তও দেরি করলেন না। গোসল করার সময়ও পাননি। নববধূকে রেখে ছুটে গেলেন যুদ্ধক্ষেত্রে।
তিনি এমন সাহসিকতায় যুদ্ধ করছিলেন যে শত্রুরা হতভম্ব হয়ে গিয়েছিল। অবশেষে শাহাদাতের পেয়ালা পান করলেন। যুদ্ধ শেষে রাসুলুল্লাহ (সা.) বললেন: তিনি দেখেছেন, ফেরেশতারা হানযালা (রা.)-কে আসমান ও জমিনের মাঝখানে বৃষ্টির পানি দিয়ে গোসল করাচ্ছেন। সেই থেকে তিনি “গাসিলুল মালাইকা “ফেরেশতাদের দ্বারা গোসলপ্রাপ্ত,নামে অমর হয়ে আছেন।
হযরত আনাস ইবনে নাদর (রা.) বদরের যুদ্ধে অংশ নিতে পারেননি বলে অন্তরে গভীর কষ্ট বহন করতেন। উহুদের দিন যখন গুজব ছড়িয়ে পড়ল যে রাসুলুল্লাহ (সা.) শহীদ হয়েছেন, তখন তিনি বলেছিলেন “তাঁর পরে বেঁচে থেকে কী হবে? এরপর তিনি শত্রুর দিকে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শেষে তাঁর শরীরে এত আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল যে তাঁকে চেনা কঠিন হয়ে পড়েছিল। যেন তাঁর প্রতিটি ক্ষত সাক্ষ্য দিচ্ছিল।তিনি জান্নাতকে চোখের সামনে দেখছিলেন।
হযরত আবদুল্লাহ ইবনে জাহশ (রা.) যুদ্ধের আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন: তিনি যেন এমনভাবে শহীদ হন, যাতে তাঁর দেহ দেখে বোঝা যায় তিনি কত বড় ত্যাগ স্বীকার করেছেন। উহুদের দিন তাঁর সেই দোয়া কবুল হয়েছিল।
হযরত সা’দ ইবনে রাবী (রা.) মৃত্যুর আগে শেষ যে কথাগুলো বলেছিলেন, তা আজও হৃদয় কাঁপিয়ে দেয়। তিনি সাহাবিদের মাধ্যমে আনসারদের কাছে বার্তা পাঠিয়েছিলেন রাসুলুল্লাহ (সা.)-কে রক্ষা করতে নিজেদের শেষ রক্তবিন্দুও দিয়ে দিও। মৃত্যুর মুহূর্তেও তাঁর চিন্তা ছিল নবীর নিরাপত্তা।
হযরত আমর ইবনে জামূহ (রা.) ছিলেন বৃদ্ধ এবং খোঁড়া। তবুও তিনি যুদ্ধ থেকে পিছিয়ে থাকতে চাননি। তিনি বলেছিলেন :আমি এই খোঁড়া পা নিয়েই জান্নাতে হাঁটতে চাই। উহুদের ময়দানে তিনি সেই স্বপ্ন পূরণ করেছিলেন শাহাদাতের মাধ্যমে।
সাওয়াদ ইবনে খাইসামা (রা.)
খাল্লাদ ইবনে আমর (রা.)
রাফি ইবনে মালিক (রা.)
আউস ইবনে আরকাম (রা.)
কাব ইবনে আমর (রা.)
জাবির ইবনে আতীক (রা.)
উমাইর ইবনে আদী (রা.)—প্রত্যেকেই নিজেদের জীবন দিয়ে লিখে গেছেন ঈমানের এক অনন্ত কাব্য। তাঁদের কেউ ছিলেন তরুণ, কেউ বৃদ্ধ; কেউ ধনী, কেউ সাধারণ মানুষ। কিন্তু তাঁদের সবার পরিচয় এক জায়গায় এসে মিশেছিল।তাঁরা ছিলেন আল্লাহর দীনের সৈনিক।
উহুদের সেই সত্তর শহীদ পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, কিন্তু তাঁরা হারিয়ে যাননি। তাঁদের রক্ত আজও উহুদের মাটিতে কথা বলে। সেই পাহাড় আজও যেন সাক্ষ্য দেয়।এখানে এমন মানুষ শুয়ে আছেন, যারা দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতকে বেশি ভালোবেসে ছিলেন।
শহীদ সাহাবিদেরকে উহুদের ময়দানে রেখে আসার পর মদিনার মুসলমাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। সেই নীরবতার ভেতরে লুকিয়ে ছিল আনুগত্য, শৃঙ্খলা এবং ধৈর্যহীনতার শিক্ষা ও আত্মসমালোচনা।
কুরাইশ কাফের শত্রুরা ভেবেছিল, উহুদের আঘাতে মুসলমানরা হয়তো ভেঙে পড়বে। তারা ধারণা করেছিল, এই ক্ষত মুসলমানদের মনোবল ধ্বংস করে দেবে। অথচ বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন।
উহুদের ময়দান থেকে ফেরা মুসলমানগন অনুতপ্ত হয়েছে শিক্ষা গ্রহণ করেছে। তারা বুঝতে পেরেছিল : আল্লাহর সাহায্য পাওয়ার জন্য শুধু ঈমান নয়, পূর্ণ আনুগত্যও প্রয়োজন।উহুদের যুদ্ধের পরের দিনই রাসুলুল্লাহ (সা.) মুসলমানদের একত্র করলেন। আহত শরীর, ক্লান্ত হৃদয়, তবুও তিনি তাদের নিয়ে আবার বের হলেন শত্রুর পিছু ধাওয়া করতে। এই অভিযানের নাম ছিল হামরাউল আসাদ। অনেক সাহাবির শরীরে তখনো রক্তাক্ত ক্ষত, কারো হাতে ব্যান্ডেজ, কারো শরীর দুর্বল। কিন্তু রাসুলের ডাকে তাঁরা আবার দাঁড়িয়ে গেলেন।
এই দৃশ্য কুরাইশদের মনে নতুন ভয় সৃষ্টি করেছিল। তারা ভাবেনি, এমন বিপর্যয়ের পরও মুসলমানরা এত দ্রুত নিজেদের সামলে নিতে পারবে। তারা বুঝতে শুরু করল,এই জাতিকে কেবল তরবারি দিয়ে পরাজিত করা যাবে না। কারণ তাদের শক্তি শুধু অস্ত্রে নয়; তাদের শক্তি তাদের ঈমানে।
মদিনায় ফিরে মুসলমানরা নিজেদের নতুনভাবে গড়ে তুলতে শুরু করল। প্রতিটি ক্ষত তাদের আরও সচেতন করে তুলল। প্রতিটি শহীদের রক্ত যেন তাদের অন্তরে নতুন শপথ জাগিয়ে দিল। আনসার ও মুহাজিররা আরও দৃঢ়ভাবে একে অপরের পাশে দাঁড়ালেন। যেসব পরিবার শহীদদের হারিয়েছিল, মুসলিম সমাজ তাদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। যেন পুরো মদিনা এক পরিবারে পরিণত হয়েছিল।
এই সময় মুনাফিকদের চেহারাও আরও স্পষ্ট হয়ে উঠতে লাগল। আবদুল্লাহ ইবনে উবাই ও তার অনুসারীরা মুসলমানদের দুর্বলতা নিয়ে কটাক্ষ করছিল। তারা মানুষের অন্তরে ভয় ঢুকিয়ে দিতে চাইছিল। কিন্তু সত্যিকারের মুমিনদের ঈমান উহুদের পর আরও গভীর হয়েছিল। তারা বুঝেছিল, বিপদই মানুষকে চিনিয়ে দেয়। যুদ্ধের আগুনেই প্রকৃত বিশ্বাস আর ভণ্ডামির পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।
উহুদের পর কুরাইশরা শুধু বাহ্যিক আক্রমণেই সীমাবদ্ধ থাকেনি। তারা আরবের বিভিন্ন গোত্রকে মুসলমানদের বিরুদ্ধে উসকে দিতে শুরু করল। চারদিকে ষড়যন্ত্রের জাল বিস্তৃত হতে লাগল। মদিনা যেন চারদিক থেকে শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়ল। কিন্তু এই কঠিন পরিস্থিতিই মুসলমানদের আরও সংগঠিত করে তুলল।
রাসুলুল্লাহ (সা.) কেবল একজন সেনাপতি ছিলেন না; তিনি ছিলেন একজন মহান শিক্ষক। উহুদের পর তিনি মুসলমানদের অন্তরে ধৈর্য, আত্মসংযম আর আল্লাহর উপর নির্ভরতার শিক্ষা আরও গভীরভাবে স্থাপন করলেন। তিনি তাদের বুঝালেন,পরাজয় মানেই শেষ নয়। কখনো কখনো পরাজয়ই ভবিষ্যতের বড় বিজয়ের প্রস্তুতি।
মদিনার রাতগুলো তখন অন্যরকম ছিল। পিতৃহীন শিশুদের চোখের অশ্রু, খাবারের অভাব, চৌমুখী ষড়যন্ত্রকে উপেক্ষা করে মুসলমানরা আবারও নিজেদের প্রস্তুত করতে শুরু করল। তারা বুঝেছিল, শত্রু কখনো দুর্বলতার সুযোগ নিতে দ্বিধা করবে না। তাই যুদ্ধকৌশল, পাহারাব্যবস্থা, গোয়েন্দা কার্যক্রম—সবকিছুর প্রতি আরও যত্নবান হতে লাগলো।প্রতিটি সাহাবি যেন নিজেকে শুধু একজন মুসলমান নয়, বরং ইসলামের একজন রক্ষক হিসেবে গড়ে তুলছিলেন।
এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বিভিন্ন ছোট ছোট অভিযান। রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন গোত্রের গতিবিধি পর্যবেক্ষণ করতেন এবং প্রয়োজন হলে ছোট বাহিনী পাঠাতেন। এসব অভিযানের মাধ্যমে মুসলমানরা শুধু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেনি; বরং আরবের বিভিন্ন গোত্রের কাছেও নিজেদের উপস্থিতি ও শক্তির বার্তা পৌঁছে দিয়েছিল।
কিন্তু এই সময়টি শুধু বাহ্যিক প্রস্তুতির ছিল না; এটি ছিল আত্মারও প্রস্তুতির সময়। মুসলমানরা আরও বেশি কুরআনের দিকে ঝুঁকে পড়লেন। তারা রাতের অন্ধকারে সিজদায় আবনত হতেন। শহীদদের স্মৃতি তাদের দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দিয়েছিল। তারা উপলব্ধি করেছিল দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী।
হযরত উমর (রা.), হযরত আলী (রা.), হযরত আবু বকর (রা.) এবং অন্যান্য সাহাবিরা মুসলিম সমাজকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তাঁরা মানুষের মনোবল বাড়াতেন, কুরআনের শিক্ষা স্মরণ করিয়ে দিতেন, এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাতেন।
এরই মধ্যে কুরাইশরা আবারও বড় আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করেছিল। তারা বুঝতে পেরেছিল, ইসলামকে থামাতে হলে মদিনাকে সম্পূর্ণ ধ্বংস করতে হবে। তাই তারা আরবের বিভিন্ন গোত্রকে একত্র করার চেষ্টা শুরু করল। ধীরে ধীরে এমন এক ভয়ংকর জোট তৈরি হতে লাগল, যা পরবর্তীতে “আহযাব”বা খন্দকের যুদ্ধের পটভূমি তৈরি করে।
কিন্তু মুসলমানরাও আর আগের মতো ছিল না। উহুদের শিক্ষা তাদের অন্তরে গভীর ছাপ ফেলেছিল। তারা এখন আরও সতর্ক, আরও ঐক্যবদ্ধ, আরও পরিণত। তারা জানত,আগামী দিন আরও কঠিন হতে পারে। কিন্তু তারা এটাও জানত, আল্লাহর পথে যারা অবিচল থাকে, আল্লাহ তাদেরকে একা ছেড়ে দেন না।
মদিনার মুসলমানদের মধ্যে দারিদ্রতা ছিল, শোক ছিল, বিপদ ছিল।তবুও তাদের হৃদয়ে ছিল প্রশান্তি। কারণ তারা এমন একজন নেতার সান্নিধ্যে ছিলেন, যিনি নিজেই সমস্ত কষ্টের মাঝেও ধৈর্যের প্রতীক হয়ে ছিলেন। তিনি কখনো নিজের ব্যথাকে সামনে আনতেন না। তিনি সাহাবিদের সান্ত্বনা দিতেন, শহীদ পরিবারের খোঁজ নিতেন, এবং সবাইকে আশার আলো দেখাতেন।
উহুদ আমাদের শেখায়,ঈমান কেবল শব্দ নয়, এটি ত্যাগের নাম। এটি এমন এক ভালোবাসা, যেখানে মানুষ নিজের জীবন পর্যন্ত আল্লাহর পথে বিলিয়ে দিতে প্রস্তুত থাকে। এখানে বিজয় মানে শুধু শত্রুকে পরাজিত করা নয়; বরং নিজের ভয়, নিজের লোভ, নিজের দুর্বলতাকে পরাজিত করা।
আর তাই উহুদের ইতিহাস কেবল অতীতের কোনো যুদ্ধের গল্প নয়। এটি রক্তে লেখা এমন এক চিরন্তন সত্য, যা আজও প্রতিটি মুমিনের হৃদয়ে ধ্বনিত হয়—
ইসলাম প্রতিষ্ঠা কেবল ভাষণ দিয়ে হয়নি; এটি প্রতিষ্ঠিত হয়েছে অশ্রু, ত্যাগ, ভালোবাসা আর রক্তের বিনিময়ে। ( চলবে )