গাইবান্ধা থেকে জামালপুর পর্যন্ত যমুনা নদীর উপর সেতুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
৮ মে ২০২৬ ২০:৩৯
গাইবান্ধা জেলা থেকে জামালপুর জেলা পর্যন্ত যমুনা নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গাইবান্ধা জনকল্যাণ সমিতি, ঢাকা- এর উদ্যোগে ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধনটি হয়।
মানববন্ধনে গাইবান্ধা জনকল্যাণ সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক আসাদ নূরের উপস্থাপনায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি শিল্পপতি নওশের আলী, সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজার রহমান চঞ্চল, সম্পাদক এ টি এম মোমতাজুল করিম, প্রফেসর ডাক্তার কে. এ. বি. এম তাইফুল আলম, প্রভাষক এ আর এম ফজলে রাব্বী, ডাক্তার তানবীর হোসেন, ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রফেসর নুরু নবী , সাংবাদিক আবেদুর রহমান স্বপন, এডভোকেট হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার মিন্টু মিয়া, শিল্পী শাহাদাত হোসেন, সাবেক বিডিআর সদস্য মানিক মিয়া, শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান শরিফুল ইসলাম, আব্দুল ওয়ারেছ মন্ডল সাজন, শিপ্রা বেগম, তাজুল ইসলাম,আবু তাহের, আমজাদ হোসেন দিপ্তী ও খায়রুল আনাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা জেলা থেকে জামালপুর জেলার মধ্যে সংযোগ স্থাপনের জন্য যমুনা নদীর উপর একটি সেতু নির্মাণ করা গাইবান্ধা সহ রংপুর অঞ্চলের মানুষের প্রাণের দাবী । পিছিয়ে পরা ও উন্নয়ন বঞ্চিত গাইবান্ধা জেলাকে উন্নয়নের মহাসড়কে যুক্ত করতে উন্নত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নাই। এই সেতুটি নির্মিত হলে রংপুর অঞ্চলের সাথে সারা দেশের যোগাযোগের নব দুয়ার উন্মোচিত হবে।
বক্তারা বলেন, এই সেতু নির্মিত হলে পণ্য পরিবহনে অর্থ ও সময় সাশ্রয় হবে এবং রংপুর বিভাগের আট জেলায় উৎপাদিত পণ্য সামগ্রী দেশবাসী কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেয়া সম্ভব হবে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।
বক্তারা আরও বলেন, বর্তমানে যমুনা সেতুর ওপর অতিরিক্ত যানবাহনের চাপের কারণে উত্তরাঞ্চলের মানুষকে ঈদ সহ বিভিন্ন সময়ে দীর্ঘ যানজটের সম্মুখীন হতে হয়। নতুন একটি সেতু নির্মাণ করা হলে বিদ্যমান সেতুর ওপর চাপ ও যানজট কমবে।
মানববন্ধনে বক্তারা টেকনিক্যাল কমিটির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে গাইবান্ধা জেলার সম্ভাব্য সুবিধাজনক পয়েন্ট বালাসিঘাট বা ফুলছড়ি তিস্তামুখ ঘাট থেকে জামালপুর জেলার সুবিধাজনক পয়েন্টে দ্বিতীয় যমুনা সেতু প্রকল্প গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।