দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়

প্রিন্ট ভার্সন
১ জানুয়ারি ২০২৬ ১০:৩০

খালেদা জিয়ার মৃত্যুতে আমীরে জামায়াতের শোক
স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার এক শোক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের জন্য তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। আধিপত্যবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন আমীন।”
তাৎক্ষণিক এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে সকাল ৭টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাকে তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।’