গণভোটকে উপেক্ষা করে জনগণকে অপমানকারীরা চরম অপমানিত হবে – মাওলনা আবদুল হালিম
২৫ জুন ২০২৬ ১০:৫৫
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, একই অধ্যাদেশের আলোকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। ৫১ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করলেও ৭০ শতাংশ গণভোট অস্বীকার করা হয়েছে। এভাবে মূলত জনগণের মতামতকে উপেক্ষা করে অপমান করা হয়েছে। এজন্য একদিন অবশ্যই নিজেরাও চরম অপমানিত হবে। তাদের জন্য তা অপেক্ষা করছে।
গত ১৯ জুন শুক্রবার বিকেলে নীলফামারীর সৈয়দপুরে এক কর্মী শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল হালিম আরও বলেন, তারা (বিএনপি) জনগণের সাথে প্রতারণা করে চলেছে। তারা একদিকে বলছেন গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আবার সংবিধান সংষ্কার পরিষদ গঠনের বিরোধিতা করছেন। এমনকি জাতীয় সংসদেই মহাপ্রতারণার সাফাই গেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মূলত জাতীয় সংসদ নির্বাচন যদি না দেয়, এজন্যই গণভোট সংক্রান্ত সর্বদলীয় সভা সম্মত হয়ে স্বাক্ষর করছেন। জুলাই অভ্যুত্থানের আলোকে নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কারের বিকল্প নাই। আমরা বিরোধীদল জনমতকে সম্মান দিতে গণভোটের রায়কে বাস্তবায়নের জন্য সংসদে ও রাজপথে চেষ্টা চালিয়ে যাবো। জনগণও তাদের রায় অনুযায়ী দেশ গঠনে সর্বাত্মক চেষ্টা চালাবে এবং বাস্তবায়ন করেই ছাড়বে ইনশাআল্লাহ। অতীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে বাধ্য হয়েছিল এক্ষেত্রেও তেমনি হবে।
শহরের আল ফারুক একাডেমির হলরুমে দুই দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও নীলফামারী জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সেক্রেটারি আব্দুল কাদিম। সভাপতিত্ব করেন সৈয়দপুর শহর আমীর আলহাজ শরফুদ্দিন খান।
১১ জুলাই রংপুরে ১১ দলের বিভাগীয় মহাসমাবেশ
রংপুর সংবাদদাতা : অবিলম্বে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর, সীমান্তে বাংলাদেশি হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ ও জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিরসনের ৪ দফা দাবিতে আগামী ১১ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলের উদ্যোগে রংপুর বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই মহাসমাবেশের প্রস্তুতিসভা উপলক্ষে গত ১৮ জুন বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা কার্যালয়ে ১১ দলের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য ও রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, জাতীয় নাগরিক পার্টির মহানগর আহ্বায়ক আল মামুন ও মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি ইব্রাহীম খলিল ও মহানগর সাধারণ সম্পাদক মুফতি নেয়ামত উল্লাহসহ ১১ দলের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাওলানা আবদুল হালিম ১১ দলের রংপুরের মহাসমাবেশ সফল করার জন্য দলমত ধর্ম-বর্ণ সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।