শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

সোনার বাংলা অনলাইন
২৮ ডিসেম্বর ২০২৫ ১১:৫৪

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। গত ২৩শে ডিসেম্বর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উত্তরসূরি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

গত বছরের ১১ই আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অবসরের বয়সসীমা অনুযায়ী, প্রধান বিচারপতি পদে শনিবারই ছিল তার শেষ দিন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুসারে, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ই মে। সে হিসাবে ২০২৮ সালের ১৭ই মে তার ৬৭ বছর পূর্ণ হবে। অর্থাৎ ওই সময়ে তিনি অবসরে যাবেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বাবা প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরী, মা প্রয়াত বেগম সিতারা চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। পরে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম করেন। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে, ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭শে আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন। ২০০৫ সালের ২৭শে আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন। ২০২৪ সালের ১৩ই আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।

 

 

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

সম্পর্কিত খবর