শেখ হাসিনার প্রত্যাবর্তন বিতর্ক রাজনৈতিক বাস্তবতা ও সরকারের ভূমিকা


২৫ নভেম্বর ২০২৬ ২২:০৮

॥ মতিউর রহমান আকন্দ ॥
ভারতীয় ও বাংলাদেশের গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টের তৎপরতার মধ্য দিয়ে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণা এবং এ-সংক্রান্ত রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের উত্তেজনা, অস্থিরতা ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি যতটা বাস্তব রাজনৈতিক সংকটের প্রতিফলন, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক প্রচারণা, নানা ধরনের বক্তব্য এবং সরকারের ভূমিকার কারণে একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে।
এই পরিস্থিতির প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে হলে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার কয়েকটি মৌলিক দিক বিবেচনায় নেওয়া প্রয়োজন। তাহলে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে চলমান আলোচনা কতটা বাস্তবসম্মত, কতটা যৌক্তিক এবং এর পেছনে কী ধরনের রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে, তা সহজেই অনুধাবন করা সম্ভব হবে। প্রথমত, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন একটি কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসনের অধীনে বসবাস করেছে। সেই শাসনামলে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক স্বাধীনতা ও নাগরিক মর্যাদা থেকে বঞ্চিত হয়েছে। মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, রাজনৈতিক মতপ্রকাশের স্বাভাবিক পরিবেশ ছিল না; এমনকি ভিন্নমত পোষণ করাও ছিল অনেক ক্ষেত্রে বিপজ্জনক। গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক হয়রানি এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে ভীতিকর করে তোলা হয়েছিল।
এই দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে শেষ পর্যন্ত জনগণের মধ্যে যে বিস্ফোরণ ঘটেছিল, তারই পরিণতিতে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করতে বাধ্য হন।
শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাটি নিয়েও পরবর্তীকালে ভারতীয় নীতিনির্ধারকদের বক্তব্যে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের ৬ আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির সংসদে দেওয়া বিবৃতিতে শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে আশ্রয় গ্রহণের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। তাঁর বক্তব্যে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে শেখ হাসিনার পদত্যাগের সিদ্ধান্ত এবং ভারতে যাওয়ার জন্য অনুমতি বা ছাড়পত্র চাওয়ার বিষয়টি উঠে আসে। পরবর্তীকালে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় রাজনৈতিক মহলের বিভিন্ন বক্তব্যে এ বিষয়ে ভিন্নতর ব্যাখ্যা সামনে আসায় বিতর্ক আরও বিস্তৃত হয়েছে।
ভারত তার কূটনৈতিক ও রাজনৈতিক অবস্থান যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, বাংলাদেশের মৌলিক বাস্তবতা হচ্ছে— এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং সর্বশেষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশের জনগণ একটি স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়েছে। শেখ হাসিনার দেশত্যাগ সেই গণঅভ্যুত্থানেরই পরিণতি। অতএব শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে বাংলাদেশের জনগণের মনোভাব, রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের অধিকারই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়।
দ্বিতীয়ত, পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈরশাসনের পতন এবং স্বৈরশাসকদের দেশত্যাগের পরবর্তী রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। যারা দীর্ঘদিন জনগণের ওপর নিপীড়ন চালিয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন এবং জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের অধিকাংশের পক্ষেই নিজ দেশে ফিরে এসে আগের মতো রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা কিংবা সম্মানজনকভাবে রাজনৈতিক জীবনে প্রত্যাবর্তন করা সম্ভব হয়নি। ইতিহাসে কিছু ব্যতিক্রম থাকলেও সাধারণ বাস্তবতা হচ্ছে, জনগণের সম্মিলিত প্রতিরোধে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকদের রাজনৈতিক পুনর্বাসন অত্যন্ত কঠিন।
বাংলাদেশের ক্ষেত্রেও বাস্তবতা ভিন্ন হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। শেখ হাসিনা দীর্ঘদিন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে শাসনব্যবস্থা পরিচালনা করেছেন, তার পরিণতিতেই তাকে ব্যাপক জনরোষের মুখে দেশত্যাগ করতে হয়েছে। সেই জনরোষের পেছনে যে রাজনৈতিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক বাস্তবতা কাজ করেছে, তার মৌলিক কোনো পরিবর্তন ঘটেনি। বরং স্বৈরাচারী শাসনের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষকে আরও বেশি সচেতন, প্রতিবাদী ও অধিকার সম্পর্কে সজাগ করেছে।
আজকের বাংলাদেশের মানুষ আগের মতো অসহায় নয়। তারা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে আরও বেশি ঐক্যবদ্ধ, আরও বেশি সচেতন এবং অন্যায়ের প্রতিবাদে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ। ফলে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রশ্নটি নিছক একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার বিষয় নয়; এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের চেতনা এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
এ বাস্তবতায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের চেষ্টা বাংলাদেশকে আবারও সংঘাতমুখর রাজনৈতিক পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। জনগণের প্রতিবাদ, প্রতিরোধ ও বিক্ষোভের মুখে তাকে যে পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তা সহজেই অনুমেয়। বাংলাদেশের জনগণ এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন, সংগঠিত ও প্রতিবাদমুখর। সুতরাং জনমতের এই বাস্তবতা উপেক্ষা করে শেখ হাসিনার নির্বিঘ্ন প্রত্যাবর্তনের ধারণা রাজনৈতিক বাস্তবতাবর্জিত বলেই প্রতীয়মান হয়।
তৃতীয়ত, এই পরিস্থিতিতে রাষ্ট্র ও সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারী শাসনের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছে। গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। এই সরকারের প্রধান দায়িত্ব কেবল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা কিংবা রাষ্ট্রের দৈনন্দিন কর্মকাণ্ড সচল রাখা নয়; বরং যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে, সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনগণের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করা।
সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে পুনরায় স্বৈরশাসনের ঝুঁকিতে পড়তে না দেওয়া, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখা এবং ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতির পুনরুত্থান প্রতিরোধ করা। একইসঙ্গে জনগণের স্বাধীনতা, ন্যায়বিচার, মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করা।
কিন্তু দুঃখজনকভাবে প্রতীয়মান হচ্ছে, সরকার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে প্রত্যাশিত দৃঢ়তা ও কার্যকারিতা দেখাতে পারছে না। বরং শেখ হাসিনার প্রত্যাবর্তন-সংক্রান্ত বক্তব্য ও প্রচারণাকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্বস্তি, উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা মোকাবিলায় সরকারের অবস্থান যথেষ্ট স্পষ্ট, দৃঢ় ও দায়িত্বশীল বলে প্রতীয়মান হচ্ছে না।
মনে রাখা প্রয়োজন— স্বৈরাচারের পতনই গণতন্ত্র প্রতিষ্ঠার চূড়ান্ত সাফল্য নয়। স্বৈরাচারের পুনরুত্থানের পথ বন্ধ করা, জনগণের অর্জিত অধিকার সংরক্ষণ করা এবং রাষ্ট্রকে কর্তৃত্ববাদী প্রবণতা থেকে মুক্ত রাখাই হচ্ছে গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারের প্রকৃত রাজনৈতিক পরীক্ষা।

লেখক: অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে যেসব অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে, তা বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। অগ্নিসংযোগ, থানায় হামলা, বাড়িঘরে আক্রমণ, লুটপাট, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্ন বা মামুলি বিষয় হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এসব ঘটনা রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সক্ষমতা এবং সরকারের রাজনৈতিক দায়িত্বশীলতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
এসব ঘটনার পেছনে যে কারণগুলোই কাজ করে থাকুক না কেন, সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা এবং পরিস্থিতি মোকাবিলায় দুর্বল ভূমিকা এর বিস্তারের সুযোগ তৈরি করেছে বলে প্রতীয়মান হয়। বিশেষ করে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের গুরুতর ঘটনাকে মামুলি বিষয় হিসেবে বিবেচনা করার প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। রাষ্ট্রের নিরাপত্তা, নাগরিকের জানমাল এবং রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাকে হালকাভাবে দেখার কোনো অবকাশ নেই।
সরকারের এই শিথিল ও অপরিণামদর্শী দৃষ্টিভঙ্গির সুযোগে পরাজিত ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার এবং নিজেদের সন্ত্রাসী মনোভাব প্রদর্শনের সাহস পাচ্ছে। একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত শক্তি যখন নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির সুযোগ খুঁজছে, তখন সরকারের দায়িত্ব হওয়া উচিত ছিল সর্বোচ্চ সতর্কতা, দৃঢ়তা ও রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেওয়া। কিন্তু সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও ভূমিকা সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে উদ্ভূত পরিস্থিতির রাজনৈতিক দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।
এই দায় থেকে স্বয়ং প্রধানমন্ত্রীও মুক্ত নন। ক্ষমতা গ্রহণের মাত্র ৯ মাসের মধ্যে প্রধান বিরোধী রাজনৈতিক শক্তিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে যেসব বক্তব্য ও অভিযোগ উত্থাপন করা হয়েছে, তার মধ্যে গোয়েন্দা সংস্থার সহায়তায় গোপন বৈঠক করার অভিযোগসহ বিভিন্ন অরাজনৈতিক, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত মন্তব্য রাজনৈতিক পরিবেশকে অকারণে উত্তপ্ত করেছে। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধান বিরোধীদলকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা স্বাভাবিক; কিন্তু তাকে রাষ্ট্রীয় গোয়েন্দা তৎপরতা কিংবা সন্দেহের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে বক্তব্য দেওয়া রাজনৈতিক সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচায়ক নয়।
সরকারের এই রাজনৈতিক অবস্থানের ফলে একটি ভুল বার্তা তৈরি হয়েছে। পরাজিত ফ্যাসিবাদী শক্তি হয়তো এমন ধারণা পোষণ করার সুযোগ পেয়েছে যে, সরকার গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে দূরত্ব তৈরি করছে এবং রাজনৈতিকভাবে তাদের দুর্বল অবস্থানে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিকে তারা নিজেদের জন্য অনুকূল সুযোগ হিসেবে বিবেচনা করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির সাহস পেতে পারে। অর্থাৎ সরকারের রাজনৈতিক কৌশলের অপরিণামদর্শিতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুর্বলতা পরাজিত শক্তির অপতৎপরতার ক্ষেত্র প্রস্তুত করেছে— এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
অতএব উদ্ভূত পরিস্থিতির দায় রাষ্ট্র ও সরকারকেই গ্রহণ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের আইনের আওতায় আনা এবং পরাজিত স্বৈরাচারী শক্তির যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করা সরকারের সাংবিধানিক ও রাজনৈতিক দায়িত্ব। একইসঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে অপ্রয়োজনীয় সংঘাত সৃষ্টি না করে জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক আস্থার পরিবেশ গড়ে তুলতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে— বাংলাদেশের জনগণ স্বৈরাচার ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ঐক্য ও গণআকাঙ্ক্ষাকে ধারণ করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের অবস্থানকে দুর্বল করে, গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে কিংবা পরাজিত ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতার প্রতি শিথিলতা প্রদর্শন করে কোনো সরকারই রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে না।
সরকারের মনে রাখা প্রয়োজন— জনগণ স্বৈরাচারের পতন ঘটিয়েছে একটি নতুন গণতান্ত্রিক, নিরাপদ ও অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায়। সেই প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে স্বৈরাচারী শক্তির পুনরুত্থানের পথ সুগম করার মতো কোনো ভূমিকা জনগণ কখনোই ভালোভাবে গ্রহণ করবে না। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষা করা সরকারের অনুগ্রহ নয়; এটি সরকারের রাজনৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। তাদের কেউ কেউ আশঙ্কা করছেন, দেশের বর্তমান অস্থিরতা আবারও ওয়ান-ইলেভেনের মতো কোনো রাজনৈতিক পরিস্থিতির জন্ম দিতে পারে। তবে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা, জনগণের মনস্তত্ত্ব এবং অতীত অভিজ্ঞতা বিশ্লেষণ করলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা অত্যন্ত কম বলেই প্রতীয়মান হয়।
এর প্রধান কারণ, বাংলাদেশের জনগণ মাত্রই একটি দীর্ঘ স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে মুক্তি লাভ করেছে। একইসঙ্গে ওয়ান-ইলেভেনের অভিজ্ঞতাও এ দেশের মানুষের স্মৃতিতে এখনো জীবন্ত। জনগণ জানে, অনির্বাচিত শক্তির রাষ্ট্রক্ষমতা গ্রহণের পরিণতি কী হতে পারে এবং এর ফলে গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা কীভাবে সংকুচিত হয়। অতএব কোনো অগণতান্ত্রিক বা অপশক্তিকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখলের সুযোগ দেওয়ার ব্যাপারে জনগণ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি সচেতন ও সতর্ক।
এই বাস্তবতায় দৃঢ়তার সঙ্গে বলা যায়, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সব ধরনের ষড়যন্ত্র, অগণতান্ত্রিক তৎপরতা এবং রাষ্ট্রক্ষমতা দখলের অপচেষ্টা দৃঢ়ভাবে মোকাবিলা করবে।
সরকার যদি চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়, আইনশৃঙ্খলা রক্ষা করতে না পারে এবং ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শক্তির পুনরুত্থান প্রতিরোধে প্রয়োজনীয় দৃঢ়তা প্রদর্শন করতে ব্যর্থ হয়, তাহলে জনগণ নিজেরাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জনগণের এই ঐক্যই হবে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের প্রধান রক্ষাকবচ।
বাংলাদেশের জনগণ কখনো ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সিদ্ধান্ত নিতে ভুল করেনি। ১৯৭১, ১৯৯০, ২০০১ এবং ২০২৪ সাল— বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে এ দেশের জনগণ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের মাধ্যমে তারা বারবার দেশকে স্বৈরাচারী ও জনবিরোধী শক্তির কবল থেকে মুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
যারাই জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, জনগণও তাদের বিরুদ্ধে অবস্থান নিতে দ্বিধা করবে না। কোনো রাজনৈতিক দল যদি জনগণের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও মনোভাব উপলব্ধি করতে ব্যর্থ হয়, তাহলে সেই দল ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।
মনে রাখতে হবে— প্রশাসন কিংবা রাষ্ট্রক্ষমতা কোনো কিছুই জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো ভূমিকা পালন করতে পারে না। বাংলাদেশের ইতিহাসে বারবার এর প্রমাণ মিলেছে। বাংলাদেশের জনগণ বিশ্বাস করে সর্বময় ক্ষমতার অধিকারী মহান রাব্বুল আলামিন। আর আল্লাহর ইচ্ছায় রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, জনগণের সম্মিলিত ইচ্ছা ও ঐক্যবদ্ধ অবস্থান।
বাংলাদেশের জনগণ যেকোনো ধরনের স্বৈরাচার, ফ্যাসিবাদী প্রবণতা, আধিপত্যবাদী প্রভাব এবং জনবিরোধী শক্তির বিরুদ্ধে তাদের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার রয়েছে এবং থাকবে।
লেখক : আইনজীবী ও কলামিস্ট।