গণভোটের রায় ও জুলাই সনদকে উপেক্ষা করায় দেশে সংকট তৈরি হয়েছে
২৫ নভেম্বর ২০২৬ ২১:৫১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে গত ২৫ নভেম্বর বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান —আব্দুল আজিজ ফারুকী
স্টাফ রিপোর্টার : চব্বিশের অভ্যুত্থানের পর বিএনপি সরকারের গণভোটে জনগণের দেয়া রায়কে অস্বীকার, জুলাই সনদ নিয়ে ধানাই-পানাই করা এবং গণভোটের রায়কে পাশ কাটিয়ে সেটিকে চাপা দেয়ার জন্য সংবিধান সংশোধন কমিটি করায় ঐক্যে ফাটল ধরেছে ও দেশে সমস্যা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
তিনি বলেন, সরকারকে এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আমরা বিশ্বাস করি, এই জায়গাগুলো পরিষ্কার করা হলে দেড় যুগ তাণ্ডব চালিয়ে মানুষের জীবন কেড়ে নেয়া ফ্যাসিবাদ আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না। আমরা বারবার বলছি, এটি রাজনৈতিক আচরণ নয়, এটি ফ্যাসিবাদী আচরণ, মাফিয়া আচরণ। রাজনীতি করতে হলে রাজনীতির ধারায় এসে করতে হবে।
অস্ট্রেলিয় সফর শেষে গত ২৫ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দেশে ফিরলে হযরত শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মো. সেলিম উদ্দিনসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল সংবর্ধনা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ঐক্যের ডাক দিয়েছেন। সংসদে অনানুষ্ঠানিক বৈঠক করেছি। আমরা সেখানে বলেছি, দেশের বৃহত্তর স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানুষের জীবন ও সম্পদ এবং ইজ্জত ও অধিকার রক্ষায় প্রয়োজন হলে একসাথে সবাই কাজ করবো। আমরা প্রধানমন্ত্রীর আহ্বানকে সম্মান করি। কিন্তু মনে রাখতে হবে, ঐক্যটা কোনো ট্রানজিশনাল নয়, ক্ষণস্থায়ী ঐক্য হলে চলবে না। অবশ্যই টেকসই ঐক্যের দিকে আমাদের যেতে হবে। সেজন্য যে শর্ত সেটি আমি বক্তব্যে বলেছি।
তিনি বলেন, ফ্যাসিজমের জন্মদানকারী পলাতক প্রধানমন্ত্রী, যার হাতে শত শত শহীদের রক্ত, অসংখ্য পঙ্গু ভাইদের কষ্ট সৃষ্টি। তার বিরুদ্ধে মামলা হয়েছে, বিচারের রায় হয়েছে। তিনি দেশকে ধারণ করেন না, আইনকে ভয় পান। মানুষ খুন করেও তার ক্ষুধা মেটেনি মনে হচ্ছে।
তিনি আরও বলেন, সম্প্রতি গোপালগঞ্জে ঘটনায় যা দেখলাম, একটি স্বাধীন দেশের ভেতর আরেকটি জেলাকে স্বাধীন ঘোষণা করল— এরা কারা? আইন ও সংবিধানের চোখে এরা দেশদ্রোহী। তিনজন মানুষকে নির্মমভাবে খুন করা হয়েছে। তাদের খুনের নেশা শেষ হচ্ছে না। তাদের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।
তিনি বলেন, এ যুবসমাজ, আপামর জনগণ আ’লীগের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাদের বাংলাদেশ থেকে তাড়িয়েছে। তারা সবাই মরে যায়নি। এসমস্ত বর্বর হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তাদের ধৈর্য ধরতে হবে, বিচার হলে রায় মেনে নিতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য জনগণ প্রস্তুত আছে।
সফরকালে আমীরে জামায়াত অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সাথে বৈঠক করেন। দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়। দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশিরা আমীরে জামায়াতের প্রোগ্রামে অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। দেশের উন্নয়নে তারা আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিরোধীদলীয় নেতা তার অস্ট্রেলিয়া সফর সফলভাবে সম্পন্ন করে শুধু মালয়েশিয়ার সফরটি সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন।
আমীরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন : চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এ অনুষ্ঠানে তিনি তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের ভবিষ্যৎ জীবন গঠন ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
অস্ট্রেলিয়ায় শিবিরের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন ডা. শফিকুর রহমান এমপি। তিনি প্রবাসে থেকেও ঈমান-আমল অটুট রেখে সংশ্লিষ্ট দেশের উন্নয়ন ও বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
এদিন অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক তরুণদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এদিন অস্ট্রেলিয়ার সিডনিতে এধষষরঢ়ড়ষর ঐড়সব অমবফ ঈধৎব-এর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি এবং তার সফরসঙ্গীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডা. শফিকুর রহমান এধষষরঢ়ড়ষর ঐড়সব অমবফ ঈধৎব-এর সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রবীণদের সেবা ও কল্যাণে এ ধরনের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
পরদিন ২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক বৃহত্তর আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
গত ২৩ নভেম্বর সোমবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত আরেকটি সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের উন্নয়নে তাদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।
এর আগে গত ২০ নভেম্বর শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সংগঠনের দায়িত্বশীলরা তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।