আওয়ামী লীগের ইতিহাস ফ্যাসিবাদ

দলটিকে নিষিদ্ধ করার এখনই প্রকৃষ্ট সময়


২৫ নভেম্বর ২০২৬ ২২:০৩

॥ জামশেদ মেহদী ॥
আওয়ামী লীগের ইতিহাস নরহত্যার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সন্ত্রাসী হামলার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস ঘৃণ্য নাৎসি কায়দায় কনসেন্ট্রেশন ক্যাম্পের আদলে আয়নাঘর স্থাপনের ইতিহাস। আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসাথে যায় না। আওয়ামী লীগের প্রধান হাতিয়ার পেশিশক্তির ব্যবহার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতারা বহুদিন ধরেই বলছেন, আওয়ামী লীগ একটি খুনি সংগঠন। গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে তাদের স্থান থাকা উচিত নয়। হিটলার তার নাৎসি দলকে দিয়ে রাইখস্ট্যাগ (জার্মান পার্লামেন্ট) জ্বালিয়ে দিয়েছিলেন। তারপর তার দোষ চাপিয়েছিলেন কমিউনিস্টদের ওপর। হিটলার গণতন্ত্রের সুযোগ নিয়ে অর্থাৎ গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় গিয়ে সেই গণতন্ত্রকেই হত্যা করে নাৎসিবাদ কায়েম করেন। আওয়ামী লীগও প্রতিবার গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় গিয়ে সেই গণতন্ত্রকেই তারা গলা টিপে হত্যা করে বাকশাল করে এবং ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর মতো নির্বাচনের নামে তামাশা করে। হিটলার গণহত্যা করেছিলেন। জার্মানির পতনের পর নুরেমবার্গে তার এবং যুদ্ধাপরাধীদের বিচার হয়। হিটলার তো আগেই আত্মহত্যা করেছিলেন। তার সাঙ্গ-পাঙ্গদের বিচার হয়। তাদের অনেকের মৃত্যুদণ্ড হয় এবং নাৎসি পার্টি ও নাৎসিবাদকে চিরতরে নিষিদ্ধ করা হয়। দ্বিতীয় মহাযুদ্ধের পর ৮১ বছর অতিক্রান্ত হতে চলেছে। আজও জার্মানিতে নাৎসি পার্টি এবং নাৎসিবাদ নিষিদ্ধ রয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবকালে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার হয়েছে। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন সময় এসেছে আওয়ামী লীগের বিচার করার। যদি মানবতার জয়গান গাওয়া হয়, তাহলে সেই বিচারে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের ইতিহাসে চিরতরে নিষিদ্ধ হবে।
আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী সংগঠন, সে সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি পর্যবেক্ষণ পাওয়া গেছে। আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার সহযোগী ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের রায়ের ৫ নম্বর অভিযোগে শুধু অভিযুক্ত ব্যক্তিদের কথা বলা হয়নি। বরং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং ১৪ দলীয় জোটের সাংগঠনিক ভূমিকার কথাও বিচার্য হিসেবে আনা হয়েছে।
রায়ে বলা হয়েছে, (১) ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র ছাত্র ও বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক মাত্রায় ও সিস্টেমেটিক্যালি আক্রমণ করা হয়েছিল। (২) আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী ১৪ দলীয় জোটকে এই অপরাধমূলক সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। (৩) অভিযোগে বলা হয়েছিলো, এসব সংগঠন যৌথভাবে অপরাধের পরিকল্পনা করেছিলো।
এখন যেটি প্রয়োজন, সেটি হলো— সেই পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশে ২০২৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ যে মানবতাবিরোধী ও সন্ত্রাসী হামলা চালিয়েছে, তার ধারাবাহিক বর্ণনা দিয়ে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির একটি অনুচ্ছেদে রাজনৈতিক দলের বিচারের বিধানও রয়েছে।
গত নভেম্বর ৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগ যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, তা আবার নতুন করে দলটিকে নিষিদ্ধ করার তাগিদ দিচ্ছে। আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনসমূহ হত্যার উদ্দেশ্যে ৭০টিরও বেশি বাড়িঘরে আগুন দিয়েছে, শতাধিক পেট্রোলবোমা মেরেছে। তাদের লাগানো আগুনে দুই বাস ড্রাইভার পুড়ে মারা গেছেন। নড়াইলে যুবদলের মিছিলে হামলা করে ২ বিএনপি কর্মীকে হত্যা করেছে। ড. ইউনূস অভিযোগ করেছেন যে, গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় আগুন দেওয়া হয়েছে। এর ফলে সোয়া কোটি ঋণগ্রহীতা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ৯৭ শতাংশই হলেন নারী। এসব কথা গত কয়েকদিন ধরে আপনারা খবরের কাগজে পড়ছেন। আপনারা সবই জানেন। তাই আর বিস্তারিত বিবরণে গেলাম না। কিন্তু এসব হামলা এবং নাশকতা আওয়ামী লীগের অতীত রক্তপিপাসু চেহারা মনে করিয়ে দিচ্ছে।
আওয়ামী লীগের একটি অংশের সাথে মওলানা ভাসানীর পররাষ্ট্রনীতি নিয়ে বিরোধ শুরু হয়। এই বিরোধের জেরে মওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে বেরিয়ে ন্যাপ গঠন করেন। ন্যাপ গঠনের উদ্দেশ্যে ঢাকার তদানীন্তন রূপমহল সিনেমা হলে তার সমর্থক নেতাকর্মীদের সম্মেলন করেন। এই সম্মেলনে পশ্চিম পাকিস্তান থেকেও অনেক নেতাকর্মী আগমন করেন। সভায় আওয়ামী লীগ ভয়াবহ আক্রমণ চালায়। পরদিন পল্টন ময়দানে মওলানা ভাসানী জনসভা আহ্বান করেন। এই জনসভায় আওয়ামী লীগ চতুর্মুখী আক্রমণ চালায়। এক মুখ আসে বর্তমান ফকিরাপুল পানির ট্যাংকির দিক থেকে। আরেক মুখ আসে হাইকোর্ট ও প্রেস ক্লাবের দিক থেকে। আরেক মুখ আসে সদরঘাট ও গুলিস্তান থেকে এবং আরেক মুখ আসে আজকের বিজয়নগরের দিক থেকে। তখনকার খবরের কাগজ ঘাঁটলে দেখা যাবে, ঢাকার নাজিরাবাজার ও কলতা বাজার থেকে শেখ মুজিবের নেতৃত্বে লাঠি হাতে শত শত লুঙ্গি পরা মানুষ সভায় সাঁড়াশি আক্রমণ চালায়। পশ্চিম পাকিস্তান থেকে আসছিলেন মিয়া ইফতেখার উদ্দিন। বিমান থেকে নামার পর তার গাড়িতে হামলা করা হয়। হামলায় তার একটি হাত ভেঙে যায়। ঐ ভাঙা হাত নিয়েই তিনি জনসভায় হাজির হন। এই জনসভায় পশ্চিম পাকিস্তান থেকে আগত আর যারা আওয়ামী গুণ্ডামির শিকার হন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— খান আব্দুল গাফফার খান, তদীয় পুত্র খান ওয়ালী খান, বেলুচিস্তানের আতাউল্লাহ মেঙ্গল, খয়ের বকস মারী, সিন্ধুর জিএম সৈয়দ, আব্দুস সামাদ আচকজাইসহ অন্তত একশত নেতা। চতুর্দিক থেকে শিলাবৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আওয়ামী লীগ। ন্যাপের কর্মীরা জীবনবাজি রেখে বিশাল ত্রিপল মওলানা ভাসানীসহ নেতৃবৃন্দের মাথায় বিছিয়ে রাখেন। যার ফলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের নেতারা প্রাণে বেঁচে যান।
আওয়ামী লীগের লাল সন্ত্রাস এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের ফিরিস্তি দিলে একটি মহাকাব্য রচনা করতে হবে।
১৯৭০ সালের ১ জানুয়ারি সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। অতঃপর ১১ জানুয়ারি প্রথম জনসভা করেন শেখ মুজিবুর রহমান। এই সভাতেই সর্বপ্রথম শেখ মুুজিবুর রহমান প্রকাশ্যে ‘জয় বাংলা’ স্লোগান দেন। ১৮ জানুয়ারি জনসভা করে জামায়াতে ইসলামী। জামায়াতের এই সভায় আওয়ামী লীগ তার পুরোনো স্টাইলে লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্রসহ সাঁড়াশি আক্রমণ চালায়। আওয়ামী হামলায় ঘটনাস্থলেই এক জামায়াত কর্মী নিহত হন এবং ৪০০ কর্মী আহত হন। প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। কিন্তু পুলিশ ছিল নির্বিকার। জামায়াতের সভা পণ্ড করে দিয়ে আওয়ামী লীগ মঞ্চে আগুন ধরিয়ে দেয়।
২১ জানুয়ারি নারায়ণগঞ্জে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির জনসভা অনুষ্ঠিত হয়। ঐ সভায়ও আওয়ামী লীগ হামলা করে এবং সভাটি পণ্ড হয়ে যায়।
১৯৭৩ সালের ১ জানুয়ারি ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজধানী ঢাকায় জনসভা ও মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন তৎকালীন ডাকসুর ভিপি ও পরবর্তীকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলাম সেলিম। মিছিলটি যখন প্রেস ক্লাবের বিপরীতে তৎকালীন মার্কিন তথ্য কেন্দ্রের সামনে ছিল, তখন এই মিছিলে আওয়ামী লীগের পুলিশ গুলি চালায় এবং দুই কমিউনিস্ট কর্মী নিহত হন। একে তো চুরি, তার ওপর আবার সিনাজুরি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ যেন বিকেলে না হয়, তার জন্য বিকেল থেকেই আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী এবং আব্দুল মান্নানের নেতৃত্বাধীন লাল বাহিনী ডাকসু থেকে শুরু করে মোজাফফর ন্যাপ ও কমিউনিস্ট পার্টির অফিসসমূহে ভয়াল হামলা চালায়। প্রাণ ভয়ে মোজাফফর ন্যাপ ও সিপিবির নেতারা গা-ঢাকা দেন।
১৯৭৪ সালে জাসদের মিছিল যখন কাকরাইল মসজিদের কাছে আসে, তখন পুলিশ বৃষ্টির মতো গুলি করে। ঘটনাস্থলেই ৭ জন মারা যান এবং ৫০ জন আহত হন। ২০১০ সালের ৬ মে রাজশাহীর একটি জনসভায় যোগদানের জন্য বেগম খালেদা জিয়া যখন রাজশাহী যাচ্ছিলেন, তখন আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাণ্ডারা তার গাড়িবহরে হামলা করে। এতে ৫০টি গাড়িতে ভাঙচুর করা হয় এবং অন্তত ২০ নেতাকর্মী আহত হন।
আওয়ামী লীগের গুণ্ডামির ভিড়ে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়াল হামলার কথাই বলতে ভুলে গেছি। সেটি হলো ২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর সভায় তৎকালীন রমনা ভবন সংলগ্ন জিন্নাহ এভিনিউয়ের আওয়ামী লীগ অফিস থেকে দলে দলে নেতাকর্মীরা লগি ও বৈঠা নিয়ে দৌড়ে গিয়ে জামায়াতের সভায় হামলা করে। এই হামলায় ৭ জামায়াত ও শিবির কর্মী শহীদ হন। বাপ্পাদিত্য বসু নামক এক আওয়ামী দোসর লাঠি হাতে জনসভায় পড়ে থাকা লাশের ওপর উন্মাদ উল্লাসে নৃত্য করে। জামায়াতের সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আমাকে বলেছেন যে, তিনি সভার প্যান্ডেল থেকে তৎকালীন আইজি আনোয়ারুল ইকবালকে অসংখ্যবার ফোন করেন এবং পুলিশের সাহায্য চান। কিন্তু আনোয়ারুল ইকবাল ছিলেন নির্বিকার। সভার অনতিদূরে হাউজ বিল্ডিংয়ের সামনে অনেক পুলিশ জটলা করেছিলো। কিন্তু কেউই জামায়াত-শিবির কর্মীদের হত্যাকাণ্ডের ঘটনায় বাধা প্রদান করেনি।
এই প্রসঙ্গে মনে পড়ে অত্যন্ত মেধাবী ছাত্রশিবির নেতা আব্দুল মালেকের শাহাদতের কথা। টিএসসিতে একটি অনুষ্ঠানে যোগদানের পর তার ওপর হামলা করা হয়। অতঃপর চিকিৎসাধীন অবস্থায় তিনি শহীদ হন। ২০২৫ সালেও রায়েরবাগের মুজাহিদনগর কেন্দ্রীয় মসজিদে কয়েকশ’ আওয়ামী লীগ কর্মী হামলা করেন। ২ বৃদ্ধ নিহত হন।
আওয়ামী লীগ তার নারকীয় তাণ্ডবে ক্ষান্ত হবে না। আগামী ২৯ এবং ৩০ নভেম্বর তারা সারা দেশব্যাপী লকডাউনের ডাক দিয়েছে। অন্য কোনো পত্রিকা এই সংবাদ ছাপেনি। কিন্তু দৈনিক ‘মানবজমিন’ এবং দৈনিক ‘সমকাল’ যথাক্রমে ২৩ ও ২৪ নভেম্বর এই খবর ছাপিয়েছে।
এখন জনমনে প্রশ্ন— যে দলটির কার্যক্রম নিষিদ্ধ, তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করবে, ঘর বাড়ি পোড়াবে, পেট্রোলবোমা মারবে, ফের লকডাউন ঘোষণা করবে এবং সন্ত্রাস করতেই থাকবে। আর জনগণ শুধু অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট মাল-মসলা এখন রাজনীতিবিদ এবং আইনবিদদের কাছে মজুদ আছে। তারপরও তাদের প্রশ্ন— কবে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের মামলা?
E-mail : jamshedmehdi15@gmail.com