ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত : কাটেনি অচলাবস্থা, কূটনৈতিক তৎপরতা অব্যাহত
২৫ নভেম্বর ২০২৬ ২০:৩১
হরমুজে জাহাজে হামলা
তেলের বাজারে অনিশ্চয়তা
আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ৯ মাস ধরে চলা সংঘাত নতুন করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পৌঁছেছে। গত এক সপ্তাহে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির আশপাশে তেলবাহী জাহাজে একাধিক হামলা, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একই সময়ে যুদ্ধ বন্ধে কাতারসহ কয়েকটি দেশের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে অনিশ্চয়তা কাটেনি। তবে সরবরাহ উদ্বৃত্তের প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ে তেলের দাম কমতে দেখা গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিভে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকে সংঘাতের বিভিন্ন পর্যায়ে হামলা ও পাল্টা হামলা চলেছে। গত কয়েক মাসে যুদ্ধের তীব্রতা ওঠানামা করলেও দুই দেশের মধ্যে স্থায়ী সমঝোতা হয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও নৌ-বাণিজ্যের ওপর অবরোধ এবং অর্থনৈতিক চাপ বজায় রেখেছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও সামরিক সক্ষমতা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির চেষ্টা করছে।
সাম্প্রতিক পরিস্থিতি
সাম্প্রতিক সময় (১৭ থেকে ২৪ নভেম্বর) উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার রাডার লক্ষ করে অভিযান চালিয়েছে। গত ২১ নভেম্বর শনিবার বাহরাইনের সিত্রা এলাকায় একটি বেসামরিক শিল্প স্থাপনায় হামলার পর আগুন লাগার খবর পাওয়া যায়। ইরান ওই অভিযানের দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কিছু দাবির বিরোধিতা করেছে। এছাড়া কুয়েতের আলি আল সালেম ঘাঁটি এবং হরমুজ প্রণালির কাছাকাছি বিভিন্ন সামরিক স্থাপনাকে কেন্দ্র করেও হামলা-পাল্টা হামলার খবর এসেছে। ইরান দাবি করেছে, তারা একাধিক মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি চাপে রয়েছে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের স্থাপনাকে লক্ষ্য করে চাপ বাড়াচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে
বর্তমান সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং উল্লেখযোগ্য পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে সামরিক উত্তেজনা বাড়লে তার প্রভাব সরাসরি আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়ে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) গত ২০ নভেম্বর শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় ছয়টি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। এর মধ্যে চারটি হামলার ঘটনা ঘটেছে প্রণালির ভেতরে এবং দুটি উপসাগরীয় এলাকায়। একটি হামলায় ওমানের খাসাবের উত্তরে একটি ট্যাংকারে আগুন ধরে যায়। এতে একজন নাবিক নিখোঁজ এবং ১১ জন আহত হন।
প্রতিবেদন অনুযায়ী, ওই সাত দিনে হরমুজ প্রণালি দিয়ে ১১৫টি জাহাজ বের হয়েছে এবং ১৪৮টি জাহাজ প্রবেশ করেছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল যথাক্রমে ১৩৯ ও ১৬৯। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১৩৫টি জাহাজ এই নৌপথ ব্যবহার করত। বর্তমানে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় প্রায় ৬৫ শতাংশ কমে গেছে বলে আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। এর আগে এ বিষয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ইরানের শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, আটকে থাকা ইরানি সম্পদ ছাড় এবং তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা। ওয়াশিংটন এসব দাবির পাশাপাশি শুরুতেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা চায়।
তেলের বাজারে মিশ্র পরিস্থিতি
হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও পরিবহন ব্যয় বেড়েছে। যুদ্ধ শুরুর পর একপর্যায়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে সরবরাহ পরিস্থিতি, বৈশ্বিক চাহিদা এবং সম্ভাব্য অতিরিক্ত উৎপাদনের প্রত্যাশায় দাম কমেছে। ওয়াল স্ট্রিট জার্নালের ২৩ নভেম্বরের বাজার প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন আন্তর্জাতিক বাজারে জানুয়ারি সরবরাহের ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৯ দশমিক ৩৭ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ৯ শতাংশ কমে ৮০ দশমিক ১৭ ডলারে নেমে আসে। তবে দাম কমলেও ঝুঁকি কাটেনি। যুদ্ধের কারণে জাহাজের বিমা ব্যয়, পরিবহন খরচ এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এখনো বেশি। বিশেষ করে হরমুজ প্রণালিতে নতুন করে বড় ধরনের হামলা হলে তেলের দাম আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সমঝোতার চেষ্টা, তবে কাটেনি অচলাবস্থা
সামরিক উত্তেজনার পাশাপাশি সংঘাত বন্ধে কূটনৈতিক যোগাযোগও চলছে। গত ২৩ নভেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে পৃথক বৈঠক করেন। কাতার শুরু থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রয়োজন দেখছেন না তিনি। তবে ইরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রয়েছে। অন্যদিকে ইরানও শর্ত পূরণ ছাড়া আলোচনায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা দেখছে না। ফলে কূটনৈতিক যোগাযোগ থাকলেও যুদ্ধ বন্ধের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়ছে?
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এশিয়া, ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের জ্বালানি আমদানিকারক দেশগুলো ঝুঁকির মুখে পড়েছে। তেল ও গ্যাসের সরবরাহে বিঘ্ন ঘটলে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানার উৎপাদন এবং পরিবহন খরচ বাড়তে পারে। একইসঙ্গে জাহাজের বিমা ও পণ্য পরিবহনের ব্যয় বৃদ্ধির প্রভাব পড়তে পারে আমদানি-রপ্তানি বাণিজ্যে। বাংলাদেশের মতো জ্বালানি আমদানিনির্ভর দেশের জন্যও পরিস্থিতিটি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম দীর্ঘসময় বেশি থাকলে জ্বালানি আমদানি ব্যয়, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন খাতে চাপ বাড়তে পারে। এর প্রভাব শেষ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মূল্যস্ফীতিতেও পড়ার আশঙ্কা রয়েছে।
সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত এখন সামরিক চাপ, অর্থনৈতিক অবরোধ এবং কূটনৈতিক দরকষাকষির পর্যায়ে রয়েছে। হরমুজ প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করা এবং দুই পক্ষের মধ্যে গ্রহণযোগ্য সমঝোতা না হওয়া পর্যন্ত বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম। সূত্র : রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), আল-জাজিরা, ইউকেএমটিও ও ওয়াল স্ট্রিট জার্নাল।