গার্মেন্টস শ্রমিক আন্দোলন : ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

ক্রয়াদেশ চলে যাচ্ছে বিদেশে বাড়ছে বেকারত্বের শঙ্কা


২৫ নভেম্বর ২০২৬ ২০:৫২

॥ সাইদুর রহমান রুমী ॥
দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প (গার্মেন্টস) এখন এক গভীর সংকট ও বহুমুখী ষড়যন্ত্রের মুখোমুখি। মজুরি বৃদ্ধির আন্দোলনের আড়ালে সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোয় নজিরবিহীন অরাজকতা, ভাঙচুর এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। ফলে ইতোমধ্যেই বহু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে এবং লাখ লাখ শ্রমিক-কর্মচারীর জীবন ও জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। দীর্ঘস্থায়ী শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হলে রপ্তানি আদেশ সময়মতো সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। এতে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা, নতুন রপ্তানি আদেশ এবং দেশের বৈদেশিক মুদ্রা আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
আন্দোলনের আড়ালে রাজনৈতিক ইন্ধন ও নাশকতা : সংশ্লিষ্টদের অভিযোগ, শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে আন্দোলনে ঢুকে পড়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন ষড়যন্ত্রকারী ও দুষ্কৃতকারী শক্তি। সরকার ইতোমধ্যে শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে এবং আলোচনা ও সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে। তা সত্ত্বেও কারখানায় হামলা, ভাঙচুর এবং সড়ক অবরোধের মতো সহিংস কর্মসূচি চালানো হচ্ছে, যা কোনোভাবেই প্রকৃত শ্রমিকদের স্বার্থ রক্ষা করে না। বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘মজুরি নিয়ে এখন পর্যন্ত মালিকপক্ষের অসহযোগিতার কোনো তথ্য তার জানা নেই। আইন অনুযায়ী পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মধ্যে মজুরি পুনর্নির্ধারণের বিষয়ে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে একমত হয়েছে।’
তিনি বলেন, ‘মজুরি বোর্ড ইতোমধ্যে গঠন করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব হলে জানুয়ারি থেকে শ্রমিকেরা নতুন বেতন পেতে পারেন। এতে মালিকদের আর্থিক চাপ তৈরি হলেও তারা বিষয়টি মেনে নেওয়ার অবস্থানে রয়েছেন। তবে ভাঙচুর ও অগ্নিসংযোগ কোনোভাবেই স্বাভাবিক আন্দোলনের অংশ হতে পারে না।’
গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণার পরও ভাঙচুর, নাশকতা ও সহিংসতা থামছে না। আশুলিয়া, সাভার, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সহিংস ঘটনা ঘটেছে। অনেক গার্মেন্টসে শ্রমিক যোগদান করে কার্যক্রম চালাচ্ছিল। শ্রমিক নামধারী এক ধরনের লোক গার্মেন্টসে ঢুকে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডবলীলা চালায়। খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গার্মেন্টস থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। বেশ কিছুসংখ্যক গার্মেন্টস মালিক বন্ধ করে দিতে বাধ্য হন।
গত ১৩ নভেম্বর সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় তুসুকা গার্মেন্টসে ঢুকে শ্রমিক নামধারী একশ্রেণির নেতাকর্মী ভাঙচুর করেছে। পরে পুলিশ প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারী শ্রমিক নামধারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। গার্মেন্টস শ্রমিকরা বলেন, গার্মেন্টসে বেতন বাড়ানোর পর অনেক গার্মেন্টসে শ্রমিকরা যোগদান করেছেন। বেতন বৃদ্ধির পরও যারা সহিংসতা চালাচ্ছেন তারা শ্রমিক না। শ্রমিক নামধারী তারা রাজনৈতিক নেতা। কোনো গার্মেন্টসে কাজও করেন না তারা। কিন্তু তারা চলাচল করেন নামিদামি গাড়িতে, তাদের টাকার উৎস কোথায়? আমরা এখন কাজে যাচ্ছি, তারা বাধা দিচ্ছেন। যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারা কারা? বিষয়টি দ্রুত নিরসন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে শ্রমিকরা বলেন, শ্রমিক নামধারী একশ্রেণির নেতাকর্মী গার্মেন্টসে সহিংস ঘটনার সঙ্গে জড়িত। শ্রমিক নামধারী এসব নেতার উসকানিতে গাজীপুরে প্রায় অর্ধশতাধিক গার্মেন্টস বন্ধ করা হয়েছে। সাভারেও বহু গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এ নিয়ে এ পর্যন্ত প্রায় কয়েক শতাধিক গার্মেন্টস বন্ধ হলো। আবার কিছু গার্মেন্টস মালিক ‘নো-ওয়ার্ক, নো-বেতন’ ফর্মুলা কার্যকর করে গার্মেন্টস কারখানা বন্ধ রেখেছেন। তবে নতুন মজুরি কার্যকর হওয়ায় এক গ্রুপ কাজ করছেন। কিন্তু যারা বাধা দিচ্ছেন, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ আসছে। বিভিন্ন দেশ তাদের লালন-পালন করে। মোটা অঙ্কের বেতনভুক্ত তারা। এসব নেতার মাধ্যমে শ্রমিক আন্দোলনকে উসকে দেওয়ার জন্য বিদেশিদের ইন্ধন রয়েছে। একাধিক গোয়েন্দা সংস্থা এর সত্যতা পেয়েছেন। ৩৬ জন নেতার তালিকাও গোয়েন্দাদের কাছে রয়েছে।
নেতৃত্বের ভূমিকা ও এনজিওনির্ভরতা নিয়ে প্রশ্ন
শিল্পাঞ্চলের এই অস্থিরতার পেছনে শ্রমিক নেতৃত্বের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নাজমা আক্তারসহ শ্রমিক নেতা-নেত্রীদের একটি বড় অংশ বিভিন্ন দেশি-বিদেশি এনজিওর মদদপুষ্ট, যার ফলে অনেক সময় শ্রমিকদের প্রকৃত স্বার্থের চেয়ে বাইরের এজেন্ডা বেশি গুরুত্ব পায়। তবে পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারও স্বীকার করেছেন যে, চলমান এই নাশকতা ও ভাঙচুর প্রকৃত শ্রমিক অসন্তোষ নয়, বরং এতে রাজনৈতিক ইন্ধন রয়েছে এবং শিল্প ধ্বংস হলে কারও লাভ হবে না।
ন্যূনতম মজুরি ঘোষণা
টানা ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা, দরকষাকষি ও গোপন ভোটের পরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
গত ২৪ নভেম্বর মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় প্রেস ব্রিফিং এ কথা জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মলিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএ’র পরিচালক এবিএম শামসুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো মজুরি বোর্ড ২০ দিনের মধ্যে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে পেরেছে। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষ ঐকমত্যে পৌঁছাতে পেরেছে। শিগগিরই তা গেজেটের জন্য পাঠানো হবে। এজন্য বুধবার ২৫ নভেম্বর মজুরি বোর্ড বৈঠক করবে।
বিজিএমইএ সভাপতির সতর্কবার্তা
চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আন্দোলনের নামে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি ও ভাঙচুর ভিন্ন কোনো উদ্দেশ্য বহন করে। দেশের অর্থনীতি ও প্রধান রপ্তানি খাতকে ধ্বংস করার জন্যই একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এই অস্থিরতা তৈরি করছে।
বিদেশে চলে যাচ্ছে ক্রয়াদেশ, বাড়ছে বেকারত্বের শঙ্কা
শিল্পাঞ্চলে টানা অস্থিরতা ও উৎপাদন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক ক্রেতারা (বায়ার) বাংলাদেশের ওপর থেকে আস্থা হারাচ্ছেন। সময়মতো পণ্য সরবরাহ না পাওয়ার আশঙ্কায় বাংলাদেশের হাতছাড়া হওয়া ক্রয়াদেশ (অর্ডার) দ্রুতই চলে যাচ্ছে ভারতসহ অন্যান্য প্রতিযোগী দেশে। কারখানা বন্ধ হতে থাকলে এবং ক্রয়াদেশ কমে গেলে দেশের লাখ লাখ পোশাক শ্রমিক-কর্মচারী স্থায়ীভাবে বেকার হয়ে পড়বেন, যা দেশে এক ভয়াবহ আর্থসামাজিক বিপর্যয় ডেকে আনবে।
এ প্রসংগে গ্লোবাল টেকসটাইল ইনডেকসের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ জানান, বাংলাদেশের প্রধান রফতানি পণ্য গার্মেন্টস। তাই গার্মেন্টস শিল্পের মতো প্রধান রফতানি পণ্যের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত জরুরি। এটি নিয়ে রাজনীতি করা ভয়ংকর পরিনতি ডেকে আনবে। তার মতে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল শিল্প খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
ভয়াবহতা ও ভবিষ্যৎ শঙ্কা
সাম্প্রতিক এই অস্থিরতার কারণে পোশাক খাতের দুর্দিন শুরু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কারখানা বন্ধ হতে থাকলে একদিকে যেমন রপ্তানি আয় কমবে; অন্যদিকে কর্মসংস্থান হারিয়ে পথে বসবেন অসংখ্য সাধারণ শ্রমিক। তবে আশার কথা হলো, পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে অনেক সচেতন শ্রমিক নেতা-নেত্রী এবং শিল্প মালিক দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তিত হয়ে পড়েছেন এবং শিল্প রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিচ্ছেন।
খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শ্রমিক আন্দোলনের ছদ্মবেশে বহিরাগতরা কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাচ্ছে। সরকারি তদন্ত ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি এবং বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত কিছু শিল্পমালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী এবং ছাত্রলীগ-যুবলীগের সদস্যরা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে এই অস্থিরতায় ইন্ধন জোগাচ্ছেন।
শিল্প রক্ষায় আহ্বান
এমতাবস্থায় ‘গার্মেন্টস বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান সামনে রেখে সকল ধরনের বহুমুখী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। শ্রমিকদের আন্দোলনে বহিরাগতদের অনুপ্রবেশ ও রাজনৈতিক উসকানির অভিযোগ তুলেছে পুলিশ ও শ্রমিকনেতাদের একটি অংশ। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। তার দাবি, গ্রেফতার ব্যক্তিদের কেউ পোশাকশ্রমিক নন।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনও অভিযোগ করেছেন, বোরকা পরিহিত ও হেলমেটধারী একটি গোষ্ঠী শ্রমিকদের উসকানি দিচ্ছে। তাদের অর্থের জোগানদাতাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
শ্রমিক নেতাদের একাংশও আন্দোলনে তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক। তবে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট কোনোভাবেই সমাধান হতে পারে না। আন্দোলনের সুযোগ নিয়ে একটি পক্ষ ফায়দা লুটতে চাইছে। তিনি শ্রমিকদের শান্ত থেকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তারও বলেন, সরকার মজুরি বোর্ড গঠন করেছে, ন্যূনতম মজুরি গঠনে কাজ করছে। তাই শ্রমিকদের শান্ত থেকে কাজে ফিরে যাওয়া উচিত। একই সঙ্গে দ্রুত মজুরি নির্ধারণের প্রক্রিয়া শেষ করার ওপর গুরুত্ব দেন তিনি।
তাই শ্রমিক-মালিক ঐক্য এবং প্রশাসনের কঠোর হস্তক্ষেপের মাধ্যমে শিল্পাঞ্চলে দ্রুত শান্তি ফিরিয়ে এনে দেশের অর্থনীতির এই প্রাণভোমরাকে রক্ষা করা এখন সময়ের দাবি।
সংকট নিরসনে কঠোর পদক্ষেপ জরুরি
দেশের এই প্রধান রপ্তানিমুখী শিল্পের দুর্দিন কাটিয়ে উঠতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। শিল্পমালিক, প্রকৃত শ্রমিক নেতা এবং সাধারণ শ্রমিক—সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। একইসাথে শিল্পাঞ্চলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে যেকোনো মূল্যে গার্মেন্টস শিল্পকে বাঁচাতে হবে।