হাসিনার ফেরার ঘোষণায় সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থকরা


২৫ নভেম্বর ২০২৬ ২০:৩৫

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের নাশকতা, বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। ডিসেম্বরজুড়ে আরও নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সীমান্তে সতর্কতা এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। একইসঙ্গে জনজীবন স্বাভাবিক রাখা এবং বড় ধরনের সংঘাত এড়াতে আগাম নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে সরকার।
গত ২৪ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, ফ্যাসিস্ট হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। এজন্য ভারতের দিল্লি থেকে বিমানে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধও জানিয়েছেন তার মুখপাত্র। তবে বাংলাদেশ সরকার এ অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাকে দেশে ফিরতে হলে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দলটির কিছু নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি প্রচার করছেন। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী লকডাউনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল। এর আগে ও পরে রাজধানীসহ বিভিন্ন জেলায় যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ এবং পুলিশ স্থাপনা লক্ষ করে হামলার ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১০ দিনের মধ্যে অন্তত ২৮ জেলায় কয়েক ডজন বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ ও সাধারণ মানুষ আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে।
পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ প্রস্তুতি নিয়েছে। জানা গেছে, ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ঢাকা, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। গোপালগঞ্জে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েনের কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পাশাপাশি বিজিবির ১০ প্লাটুন সদস্যসহ অন্যান্য বাহিনীর সদস্যদেরও সেখানে দায়িত্ব পালনের তথ্য পাওয়া গেছে।
পুলিশ সদর দপ্তর থেকে ৬৪ জেলার পুলিশ সুপার, ৮ মহানগর পুলিশের কমিশনার এবং বিভিন্ন রেঞ্জের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক ও রাজধানীর প্রবেশপথে নজরদারি বাড়ানো হচ্ছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সন্দেহভাজন নাশকতাকারীদের শনাক্তে তৎপরতা জোরদার করা হয়েছে।
সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি। সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল, চেকপোস্ট ও বিশেষ তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি ও সাধারণ মানুষের চলাচলের অধিকার রক্ষা করাও সরকারের জন্য গুরুত্বপূর্ণ। নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার বিষয়টিও সমানভাবে জরুরি। ডিসেম্বর ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এখন বড় চ্যালেঞ্জ জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি স্বাভাবিক রাখা।