অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
২৫ নভেম্বর ২০২৬ ১০:৪৩
বুধবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান নেতারা
২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
বুধবার ২৫ নভেম্বর সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে।
হযরত শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি, জনাব মোবারক হোসাইন, জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি ও জনাব মো. সেলিম উদ্দিনসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল সংবর্ধনা জানান।
সফরকালে আমীরে জামায়াত অষ্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে বৈঠক করেন। দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়। দুদেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশিরা আমীরে জামায়াতের প্রোগ্রামে অংশগ্রহণ করে উচ্ছাস প্রকাশ করেন। দেশের উন্নয়নে তারা আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, মাননীয় বিরোধীদলীয় নেতা তার অস্ট্রেলিয়া সফর সফলভাবে সম্পন্ন করে শুধু মালয়েশিয়ার সফরটি সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন।
আমীরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার এপিএস জনাব মুহাম্মদ নজরুল ইসলাম।
এর আগে গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করেন আমীরে জামায়াত। ঢাকা ত্যাগকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমীরে জামায়াতকে বিদায় জানান সংগঠনের সেক্রেটারি জেনারেল সহ দায়িত্বশীলরা।