জাতীয় ঐক্য বিনষ্ট করে স্বৈরাচারী ব্যবস্থার অবসান সম্ভব নয়


১৯ নভেম্বর ২০২৬ ১৩:০৩

॥ মতিউর রহমান আকন্দ ॥
সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মানুষের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সার্বিক নিরাপত্তা বিধানে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। ফ্যাসিবাদী স্বৈরাচারকে মোকাবিলা করা এবং তাদের অনুসারীদের অপতৎপরতা বন্ধ করার ক্ষেত্রেও সরকার দৃশ্যমান ও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।
যেকোনো বড় রাজনৈতিক পরিবর্তন, গণঅভ্যুত্থান কিংবা বিপ্লবের পর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা অপরিহার্য। জাতীয় ঐক্য ছাড়া কোনো পরিবর্তনের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়। ঐক্যের ভিত্তি দুর্বল হলে পরিবর্তনের মধ্য দিয়ে অর্জিত সম্ভাবনাগুলোও একসময় বিনষ্ট হয়ে যায়।

 লেখক মতিউর রহমান আকন্দ
বাংলাদেশ দীর্ঘ ১৭ বছর স্বৈরশাসনের অধীনে ছিল। এই দীর্ঘসময়ে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার হারিয়েছে। মানুষ জীবনের নিরাপত্তা থেকে বঞ্চিত হয়েছে, ভোটাধিকার হারিয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা হারিয়েছে; এমনকি স্বাভাবিকভাবে চলাফেরার স্বাধীনতাও সংকুচিত হয়েছে। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো একের পর এক দুর্বল হয়ে পড়েছে। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগের মধ্যে যে ভারসাম্য এবং প্রাতিষ্ঠানিক স্বাধীনতা থাকার কথা, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্র পরিচালনায় কর্তৃত্ববাদী প্রবণতা প্রতিষ্ঠিত হয়েছিল।
এই ব্যবস্থার বিরুদ্ধে দেশের জনগণ রাজপথে নেমেছিল। ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে দেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হয়েছিল। মানুষের প্রত্যাশা ছিল, বাংলাদেশে আর কখনো স্বৈরাচারী শাসনব্যবস্থা ফিরে আসবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
সেই প্রত্যাশারই প্রতিফলন জুলাই সনদ। জুলাই সনদ কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে প্রণীত হয়নি। এটি স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে, কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণের বিরুদ্ধে একটি জাতীয় অঙ্গীকার। জনগণ তাদের আন্দোলন ও অবস্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে সুস্পষ্ট রায় দিয়েছে।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমান সরকার সেই পুরোনো ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে অনেক ক্ষেত্রেই একই কাঠামো বহাল রেখে রাষ্ট্র পরিচালনা করছে। সরকারের এই অবস্থান দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারের অপরিণামদর্শী ও অদূরদর্শী পদক্ষেপের কারণে দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
প্রধান বিরোধীদল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন। গঠনমূলক আলোচনা, সহযোগিতা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে তিনি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু দুঃখজনকভাবে সরকার বিরোধীদলের এসব গঠনমূলক উদ্যোগকে যথাযথ গুরুত্ব দেওয়ার পরিবর্তে বিভিন্নভাবে তাদের কণ্ঠরোধ করার প্রবণতা দেখাচ্ছে।
বাংলাদেশে এ পর্যন্ত ১৩টি জাতীয় সংসদ গঠিত হয়েছে। অতীতের জাতীয় সংসদগুলোর কার্যক্রম পর্যালোচনা করলে সংসদে বিরোধীদলীয় নেতাদের ভূমিকা, তাদের বক্তব্য, আলোচনা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, দেশপ্রেম, দেশের প্রতি দায়বদ্ধতা, আত্মোপলব্ধি এবং দেশকে গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার মানসিকতার নানা দিক স্পষ্টভাবে প্রতীয়মান হয়। সংসদীয় গণতন্ত্রে বিরোধীদলের ভূমিকা কেবল সরকারের সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জাতীয় স্বার্থ সংরক্ষণ, রাষ্ট্রের উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও বিরোধীদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
এই প্রেক্ষাপটে বর্তমান বিরোধীদলীয় নেতা অত্যন্ত সংযম, ধৈর্য, দৃঢ়তা ও দেশপ্রেমের সঙ্গে তার দায়িত্ব পালন করে যাওয়ার চেষ্টা করছেন। বিরোধীদলের বক্তব্য, রাজনৈতিক আচরণ ও সংসদীয় ভূমিকার মধ্যে সহনশীলতা, দায়িত্বশীলতা এবং জাতীয় স্বার্থের প্রতি অঙ্গীকারের বিষয়টি স্পষ্টভাবে লক্ষ করা যাচ্ছে। এমন একটি সুশৃঙ্খল, দেশপ্রেমিক এবং সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী বিরোধীদল জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা পালন করার পরও সরকার যদি দেশের সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে তা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক হবে।
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রধান দায়িত্ব সরকারের ওপরই বর্তায়। বিরোধীদল দেশ পরিচালনায় সহযোগিতা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনে আগ্রহী— তাদের বক্তব্য ও রাজনৈতিক অবস্থানে এমন মনোভাবই প্রতিফলিত হচ্ছে। সরকারের প্রতিও তাদের সহনশীলতা, সহযোগিতা এবং গঠনমূলক সমালোচনার মনোভাব দেশবাসীর কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। এই বাস্তবতায় সরকারের উচিত বিরোধীদলের ইতিবাচক মনোভাবকে যথাযথভাবে মূল্যায়ন করে পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলার কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
জাতীয় ঐক্যের পরিবর্তে রাজনৈতিক বিভাজন ও পারস্পরিক অবিশ্বাসের পরিবেশ তৈরি হলে তার সুযোগ গ্রহণ করে পতিত স্বৈরাচারী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে— এটাই স্বাভাবিক। গোপালগঞ্জের ঘটনা তার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
গোপালগঞ্জে পতিত স্বৈরাচারী শক্তির যে সহিংস তৎপরতার অভিযোগ সামনে এসেছে, তা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। দেশের মানুষ বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছে, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উপস্থিতি ও দৃশ্যমান পদক্ষেপের অভাব ছিল। মনে হয়েছে, গোপালগঞ্জ যেন বাংলাদেশের অভ্যন্তরে থেকেও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
পরবর্তী সময়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহারসহ কিছু প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হলেও ফ্যাসিবাদী তৎপরতা মোকাবিলার জন্য এসব পদক্ষেপ যথেষ্ট কি না, সেই প্রশ্ন থেকেই যায়।
দেশের সামগ্রিক পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে ফরিদপুরে আওয়ামী লীগের সমর্থকদের হামলায় কৃষক দলের একজন নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাতে রাজধানীর অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। একইসঙ্গে গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ সৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে। এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুতর উদ্বেগের কারণ। পরিস্থিতি যথাসময়ে মোকাবিলা করতে ব্যর্থ হলে তা আরও জটিল আকার ধারণ করতে পারে।
সরকারের উচিত ছিল জাতীয় ঐক্যের ভিত্তিতে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করা। সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান প্রতিরোধে একটি অভিন্ন জাতীয় অবস্থান তৈরি করা। কিন্তু সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ফলে রাজনৈতিক বিভাজনের সুযোগে পতিত স্বৈরাচারী শক্তি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সরকারের ধারাবাহিক ভুল পদক্ষেপের কারণে দেশ ক্রমেই অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে।
আইনজীবীর ওপর হামলার ভয়াবহ ঘটনা
গত ১৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জু আদালতের কাজ শেষে নিজ বাসায় ফিরছিলেন। আজিমপুর এলাকায় পৌঁছালে তার গাড়ির গতিরোধ করা হয়। তাকে জোরপূর্বক গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামানো হয়। তার বক্তব্য অনুযায়ী, যুবদল নেতা নয়নের নেতৃত্বে একদল লোক তাকে অপহরণ করে একটি নির্জন কক্ষে নিয়ে যায়।
ওই কক্ষটি নির্যাতনের কাজে ব্যবহৃত হয় ,সেখানে নিয়ে তার ওপর নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়। লোহার রড দিয়ে তাকে পেটানো হয়। বারবার তিনি নিজের পরিচয় দিয়ে বলেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য। কিন্তু তার এই পরিচয়ও নির্যাতনকারীদের নিবৃত্ত করতে পারেনি।
তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে যে, তিনি গুরুতর আহত ও ক্ষতবিক্ষত হয়েছেন। পরবর্তী সময়ে তাকে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে যেতে হয়েছে।
আমি তার সঙ্গে সরাসরি কথা বলেছি। তার মুখ থেকে ঘটনার বিবরণ শুনেছি। তিনি বলেছেন, তার জীবনের ওপর দিয়ে এক ভয়াবহ সময় অতিবাহিত হয়েছে। যে ধরনের জুলুম, নির্যাতন ও পাশবিকতার শিকার তিনি হয়েছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
কথা বলার সময় তাকে বারবার কেঁপে উঠতে দেখেছি। স্বাভাবিকভাবে কথা বলতেও তার কষ্ট হচ্ছিল। একজন মানুষের ওপর কী পরিমাণ শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তা তার অবস্থা দেখেই উপলব্ধি করা যায়।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই ঘটনা ঘটেছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর ওপর। যিনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আদালতে আইনি লড়াই করেন, তাকেই যদি এভাবে নির্যাতনের শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
সরকারের কাছে জনগণের প্রশ্ন দেশে কি আবারও সেই পুরোনো টর্চার সেলের সংস্কৃতি ফিরে আসছে? সংসদে প্রধান বিরোধীদলের নেতাকর্মীকে ধরে নিয়ে যদি এ ধরনের নির্যাতন পরিচালনার অভিযোগ ওঠে, তাহলে সরকার তার দায় এড়াতে পারে না। অতীতে যুবলীগের বিরুদ্ধে যে ধরনের টর্চার সেল পরিচালনার অভিযোগ ছিল, নতুন করে সে ধরনের অভিযোগ সামনে আসা অত্যন্ত উদ্বেগজনক।
এভাবে চলতে থাকলে দেশে আবারও ফ্যাসিবাদী সংস্কৃতি ও নির্যাতননির্ভর রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার আশঙ্কা তৈরি হবে। আমরা সেই পুরোনো বাংলাদেশে ফিরে যেতে চাই না। যে বাংলাদেশের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছে, যে বাংলাদেশের জন্য মানুষ রক্ত দিয়েছে, যে বাংলাদেশের প্রত্যাশায় একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই বাংলাদেশকে কোনোভাবেই আবারও স্বৈরাচার, সন্ত্রাস, নির্যাতন ও দলীয় আধিপত্যের দিকে ঠেলে দেওয়া যায় না।
সরকারের নিষ্ক্রিয়তা জাতিকে আরও বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে
সরকার যদি বর্তমান পরিস্থিতি যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয় এবং সময়মতো কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে এর পরিণতির দায় সরকারকেই বহন করতে হবে। শুধু সরকার নয়, এর চরম মূল্য দিতে হতে পারে গোটা জাতিকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারের কর্মকাণ্ডে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দূরদর্শিতা, দায়িত্বশীলতা ও ধারাবাহিক উদ্যোগের প্রতিফলন জনগণ দেখতে পাচ্ছে না। পরিস্থিতির উন্নয়নে কার্যকর প্রতিকারমূলক পদক্ষেপও দৃশ্যমান হচ্ছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।
বিভিন্ন গণমাধ্যম, সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য-প্রমাণ ও বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে পতিত ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরুত্থানের পরিকল্পনা ও তৎপরতা সম্পর্কে যেসব তথ্য সামনে আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এই উদ্বেগের অন্যতম কারণ হলো, পতিত স্বৈরাচারী শক্তির অর্থনৈতিক ভিত্তি, আড়ালে থাকা তাদের সাংগঠনিক নেটওয়ার্ক এবং প্রশাসনের বিভিন্ন স্তরে বহাল থাকা তাদের সহযোগী ও এজেন্টদের ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দৃশ্যমান অগ্রগতি নেই।
পতিত স্বৈরাচারী শক্তির কালো টাকা, গোপন সাংগঠনিক যোগাযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের প্রভাব এবং প্রশাসনের ভেতরে থাকা সহযোগীদের ব্যবহার করে আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা ও রাজনৈতিক পুনর্বাসনের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। অথচ জনগণ এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের কাছ থেকে প্রত্যাশিত কার্যকর উদ্যোগ দেখতে পাচ্ছে না।
প্রশ্ন হচ্ছে এতসব তথ্য, অভিযোগ ও আশঙ্কা প্রকাশ্যে আসার পরও সরকার কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না? রাষ্ট্রীয় নিরাপত্তা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনো রাজনৈতিক দলের পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব যেন অপরাধীদের রক্ষাকবচ হতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
সরকারের এই নিষ্ক্রিয়তা যদি অব্যাহত থাকে, তাহলে পতিত স্বৈরাচারী শক্তির পুনরুত্থানের পথ আরও প্রশস্ত হতে পারে। এটি শুধু সরকারের রাজনৈতিক ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে না; বরং রাষ্ট্র, গণতন্ত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত সম্ভাবনার জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।
সরকারকে মনে রাখতে হবে, সময়মতো দায়িত্ব পালন না করার রাজনৈতিক ও ঐতিহাসিক দায় কোনোভাবেই এড়ানো সম্ভব নয়।
সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য, আইনের শাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা
সরকারকে অবিলম্বে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরুত্থান প্রতিরোধ করতে হবে। এডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রাজনৈতিক পরিচয় কারো নিরাপত্তার জন্য হুমকি হবে না; যেখানে ভিন্নমত প্রকাশের কারণে কাউকে নির্যাতনের শিকার হতে হবে না; যেখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে এবং আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না।
মনে রাখতে হবে, জাতীয় ঐক্য বিনষ্ট করে কোনো বিপ্লবের লক্ষ্য অর্জন করা যায় না। জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা যায় না। আর পুরোনো স্বৈরাচারী ব্যবস্থার কাঠামো বহাল রেখে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নও বাস্তবায়ন করা সম্ভব নয়।
বাংলাদেশকে এই অনিশ্চয়তা থেকে উদ্ধার করতে হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি গণতান্ত্রিক, মানবিক, নিরাপদ ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।