এইচএসসিতে ফল বিপর্যয়


৫ নভেম্বর ২০২৬ ১৫:৩০

শিক্ষক নিয়োগে দলীয়করণ ও শিখন পদ্ধতির দুর্বলতাই দায়ী

॥ সৈয়দ খালিদ হোসেন ॥
সদ্য প্রকাশিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও আলিম পরীক্ষার ফল দেশের শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র দৃশ্যমান করেছে। গত ৩১ অক্টোবর শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত ২২ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছেন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই উত্তীর্ণ হতে পারেননি। কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। বেড়েছে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি— এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। এই ফলাফলকে শুধু শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি প্রদর্শিত হয়নি, বরং শ্রেণিকক্ষে পাঠদানের মান, শিখন ঘাটতি, পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে দুর্বলতা, ভুল প্রশ্নপত্র, প্রশ্নপত্রের ধরন এবং উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি, সবকিছুই আলোচনায় এসেছে। এবারের ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক কারো মুখেই হাসি নেই।
এসএসসিতে এ-প্লাস পেয়েছিল আকিন হোসেন তাহি। রাজধানীর নামকরা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে এ-প্লাস পাওয়া এ শিক্ষার্থী এইচএসসিতে পেয়েছে এ-মাইনাস। এ-প্লাস কীভাবে এ-মাইনাস হলো? জানতে ২ নভেম্বর তার সঙ্গে কথা বলেন এ প্রতিবেদক। অত্যন্ত হতাশা ব্যক্ত করে এ শিক্ষার্থী বলেন, এইচএসসিতেও এ-প্লাস পাওয়া শতভাগ আশাবাদী ছিলেন তিনি। কিন্তু কেন ফল খারাপ হলো, তা এখনো তিনি আন্দাজ করতে পারছেন না। শুধু আইসিটি ছাড়া আর সব পরীক্ষাই ভালো হয়েছে তার। পরীক্ষায় ভালো রেজাল্টের পর স্বজনদের নিয়ে ধুমধাম করে নানা আনন্দ-উৎসবের পরিকল্পনাও ছিল তাহির পরিবারের, কিন্তু ফল পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন আকিন হোসেন তাহি। আর অভিভাবকরা একমাত্র ছেলের রেজাল্ট দেখে নির্বাক হয়ে যান। ফল চ্যালেঞ্জ করবেন কি না— এমন প্রশ্নের উত্তরে এ শিক্ষার্থী বলেন, যারা খাতা মূল্যায়ন করেছেন, তাদের প্রতি তার আস্থা নেই। ফলে এখন এ চিন্তা তিনি করছেন না। এবারের রেজাল্ট পাওয়ার পর এমন পরিস্থিতিতে অনেক কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পরিবার এবং অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ও তাদের পরিবারের অবস্থা এ ঘটনা থেকেই অনুমান করা যায়।
ফলাফলের পরিসংখ্যানে সংকটের চিত্র ফুটে উঠেছে
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সম্মিলিত পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জনের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। এই বোর্ডগুলোর গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৫ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও বড় পতন হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন, গত বছর এ সংখ্যা ছিল ৬৩ হাজার ২১৯। আর ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। এবার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। ১১টি বোর্ডে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩টি, যা গত বছরের তুলনায় ৯১টি বেশি। অন্যদিকে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। এসব পরিসংখ্যান বলছে, সংকট কেবল কিছু শিক্ষার্থী বা নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়।
ইংরেজি ও আইসিটিতে দুর্বলতা, বড় কারণ
ফলাফল বিশ্লেষণে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে ইংরেজি ও আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতা। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ দুটি বিষয়ে মোট ৩ লাখ ৮২ হাজার ২১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে ইংরেজিতে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ড ছাড়া অন্য আটটি বোর্ডেই ইংরেজিতে পাসের হার ৭০ শতাংশের নিচে। এ বিষয়ে গড় পাসের হার ৬১ দশমিক ১৪ শতাংশ। বাধ্যতামূলক এই বিষয়ে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া সামগ্রিক ফলাফলে বড় প্রভাব ফেলেছে। এছাড়া মানবিক বিভাগের ফলও হতাশাজনক। এ বিভাগে পাসের হার মাত্র ৪২ দশমিক ১৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫০ দশমিক ৭৭ শতাংশ। বিজ্ঞান বিভাগে তুলনামূলক ভালো ফল হলেও পাসের হার ৭৩ দশমিক ১২ শতাংশ।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম বলেছেন, গ্রামাঞ্চলে দক্ষ শিক্ষকের ঘাটতি রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিভীতিও আছে। আইসিটি পড়ানোর জন্য প্রয়োজনীয় যোগ্যতার শিক্ষক না থাকায় অনেক শিক্ষার্থী বিষয়টির মৌলিক ধারণা অর্জন করতে পারছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমানও ইংরেজি ও আইসিটিতে খারাপ ফলের অন্যতম কারণ হিসেবে দক্ষ শিক্ষকের অভাবের কথা উল্লেখ করেছেন।
দক্ষ শিক্ষকের সংকট কতটা গভীর?
মফস্বল অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই বিজ্ঞান, গণিত ও ইংরেজির দক্ষ শিক্ষক নেই। অনেক প্রতিষ্ঠানে শিক্ষক থাকলেও তিনি দক্ষ নন। কারণে এনটিআরসিএ নিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় নিয়োগ হতো দলীয় ও আত্মীয়করণের মাধ্যমে। বিশেষ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান বা গভর্নিং বডির সভাপতির মেয়ে, শ্যালিকা বা অন্য নিকতাত্মীয় থাকলে বিয়ে করার শর্তেও অনেক অযোগ্য লোক শিক্ষক হওয়ার সুযোগ পেয়েছেন। ফলে তারা পরিবর্তিত করিকুলামের সঙ্গে নিজেদের প্রস্তুত করতে পারছেন না। অনেকের সেই চেষ্টাও নেই। শিক্ষকদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকারি অর্থায়নে প্রশিক্ষণ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। অনেক ক্ষেত্রে দেখা যায়, কাগজে-কলমে প্রশিক্ষণ নিলেও বাস্তবে তারা দক্ষ বা প্রশিক্ষিত হচ্ছেন না। কারণ প্রশিক্ষণে অনেকেরই মনোযোগ থাকছে না। এসব শিক্ষকদের লাভ হচ্ছে ভাতা ও অন্যান্য সুবিধাভোগী হচ্ছেন, কিন্তু শিক্ষার উন্নতি হচ্ছে না। ফলে শিক্ষার্থীরাও ভালো কিছু শিখতে পারছেন না। এ কারণেই রেজাল্টের এ দশা হচ্ছে। অন্যদিকে শিক্ষকদের অনেক পদই দীর্ঘদিন ধরে শূন্য।
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২ হাজার ৮৪২টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা ৭৭ হাজার ২২৭। তথ্যানুযায়ী, ৩ হাজার ৮৬১টি বিদ্যালয়ে আইসিটির কোনো শিক্ষক নেই। ২ হাজার ৭৪৪টি বিদ্যালয়ে গণিত এবং ২ হাজার ৬২৫টি বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক নেই। এগুলো মাধ্যমিক পর্যায়ের তথ্য। উচ্চমাধ্যমিকে ওঠার আগেই শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা অর্জনে ঘাটতি তৈরি হওয়ায় তারা ফল খারাপ করছে। কেননা মাধ্যমিক পর্যায়ে প্রয়োজনীয় শিক্ষক না থাকলে কলেজ পর্যায়ে গিয়ে শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে ওঠা কঠিন।
পূর্ণাঙ্গ সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন
এবারের পরীক্ষায় পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণ নম্বর এবং নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়েছে। আগের বছরগুলোয় করোনা মহামারি ও বিভিন্ন পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা ছিল শিক্ষার্থীদের। পূর্ণাঙ্গ সিলেবাসে ফিরে আসা এবং মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনকে ফলাফলের অন্যতম প্রভাব ফেলে বলেও মনে করেন অনেকে। তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাজেদা মুজিবের মতে, এক বা দুই বছরের ব্যবধানে শিক্ষার্থীদের সামগ্রিক মান নাটকীয়ভাবে বদলে যাওয়ার কথা নয়। তার পর্যবেক্ষণ, আগে ভালো ফল দেখানোর প্রবণতা ছিল; এখন মূল্যায়নে মানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিখন ঘাটতি ও রাজনৈতিক অস্থিরতার প্রভাব
এবারের পরীক্ষার্থীদের একটি বড় অংশের শিক্ষাজীবন করোনা মহামারির কারণে বিঘ্নিত হয়েছে। দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকা, অনলাইননির্ভর শিক্ষা এবং নিয়মিত পড়াশোনার অভ্যাসে ছেদ পড়েছে। এরপর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক অস্থিরতাও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলে। বিভিন্ন সময়ে শ্রেণিকার্যক্রম বন্ধ থাকা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অনিয়ম তৈরি হওয়ায় প্রস্তুতিতে ঘাটতিও দেখা দিয়েছে। নটর ডেম কলেজের শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম পাঠান বলেন, করোনা মহামারির সময় থেকেই শিক্ষার্থীদের মৌলিক জ্ঞানে ঘাটতি রয়েছে। পাঠ্যবইয়ের প্রতি আগ্রহ কমে যাওয়া, রাজনৈতিক পরিস্থিতি এবং সিলেবাসে ঘন ঘন পরিবর্তনের কারণে তাদের পড়াশোনায় সমস্যা হয়েছে। পরীক্ষার সময় বন্যা ও অতিবৃষ্টিও শিক্ষার্থীদের মনোযোগে প্রভাব ফেলেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মুহাম্মদ আজাদ খানও রাজনৈতিক অস্থিরতায় দীর্ঘদিন শ্রেণিকার্যক্রম বন্ধ থাকা, খাতা মূল্যায়ন ও পরীক্ষার হলে কড়াকড়ি এবং প্রাকৃতিক দুর্যোগকে ফল খারাপ হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন।
প্রশ্নপত্র ব্যবস্থাপনায়ও প্রশ্ন
এবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, বিতরণ ও ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ ছিল। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দুটি প্রশ্নে ভুল থাকার বিষয়টি কর্তৃপক্ষ স্বীকার করে। এ দুটি প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রসায়ন ও জীববিজ্ঞানের প্রশ্ন নিয়েও শিক্ষার্থীদের অভিযোগ ছিল। কোথাও নিয়মিত পরীক্ষার্থীদের অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আবার কোথাও প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ, দায়িত্ব থেকে অব্যাহতি এবং তদন্তের উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষার সময় কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি। ওইসময় পরীক্ষা স্থগিত রাখতে শিক্ষার্থীদের আন্দোলনও করতে হয়েছে।
দায় কার, জবাবদিহি কোথায়?
এইচএসসির ফল বিপর্যয়ের দায় শুধু শিক্ষার্থীদের ওপর চাপানোর সুযোগ নেই। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শ্রেণিকক্ষে উপস্থিতি ও পরীক্ষার প্রস্তুতির দায়িত্ব যেমন রয়েছে, তেমনি পাঠদানের মান নিশ্চিত করা, দক্ষ শিক্ষক নিয়োগ, সঠিক প্রশ্নপত্র তৈরি এবং নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করার দায়িত্ব শিক্ষা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানের। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান মনে করেন, শিক্ষাব্যবস্থার দুর্বলতার পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতিও ফলাফলে প্রভাব ফেলেছে। তার মতে, গড়ে মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত থাকেন।
অন্যদিকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, কৃত্রিমভাবে পাসের হার বা জিপিএ-৫ বাড়ানোর পুরোনো সংস্কৃতি থেকে সরে এসে প্রকৃত মেধার মূল্যায়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও ফলাফলকে অসন্তোষজনক উল্লেখ করে শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করার কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংকট কাটাতে করণীয়
এবারের ফলাফল থেকে স্পষ্ট, শুধু পরীক্ষার আগে প্রস্তুতি বাড়িয়ে কিংবা ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের সুযোগ দিয়ে দীর্ঘমেয়াদি সংকটের সমাধান হবে না। ইংরেজি, আইসিটি ও গণিতের মতো বিষয়ে দক্ষ শিক্ষক নিশ্চিত করা, শ্রেণিকক্ষে উপস্থিতি বাড়ানো, শিখন ঘাটতি পূরণ এবং নিয়মিত পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। একইসঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণে ভুল বন্ধ করা, মূল্যায়ন পদ্ধতিতে স্বচ্ছতা আনা এবং শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান পর্যালোচনা করা প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পাসের হার কমেছে বলেই শিক্ষার মান কমেছে কিংবা মূল্যায়ন কঠোর হয়েছে বলেই ফল খারাপ হয়েছে বিষয়টি এমন নয়। বিষয়ভিত্তিক ফল, শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের মান, শিক্ষকদের যোগ্যতা, প্রশ্নপত্রের মান এবং উত্তরপত্র মূল্যায়নের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করতে হবে। শিক্ষাবিদরা মনে করেন, ২০২৬ সালের এইচএসসি ফলাফল কেবল পরীক্ষার ফল নয়; এটি দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার দীর্ঘদিনের দুর্বলতার একটি প্রকৃত চিত্র। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ নেওয়াই এখন শিক্ষা প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।