ডাকসু পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের


২৩ নভেম্বর ২০২৬ ১৮:৩০

ডাকসু নেতা আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে পতিত আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার ২৩ নভেম্বর এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাগরিকদের জান ও মালের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড চালিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে চলেছে। বিশেষ করে চব্বিশের জুলাই বিপ্লবের শক্তিকে লক্ষ্যবস্তু করেছে। তারই ধারাবাহিকতায় সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে সন্ত্রাসী গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক ভিপি, জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল মিনহাজের ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্রামের বাড়িতে আগুন দিয়েছে। আমি এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এডভোকেট জুবায়ের বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নাগরিকদের জীবন ও মাল ধ্বংস করে সমাজের মূল ধারায় টিকে থাকতে পারেনি। পতিত স্বৈরাচার এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যে ফেরার চেষ্টা করছে, তা সফল হবে না। দেশে আর কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ঠাঁই হবে না। জনগণ কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রহণ করবে না।

তিনি আরও বলেন, বিএনপি সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় দেশে আজ সন্ত্রাসী গোষ্ঠী এসব কর্মকাণ্ড পরিচালনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়েছে। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলায় নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিরা দায় এড়াতে পারেন না। অবিলম্বে আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সকল নাগরিকের জান ও মালের নিরাপত্তা বিধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।