বিরোধীদল দমনে শেখ হাসিনার পথে হাঁটছেন তারেক রহমান — নাহিদ ইসলাম


২৯ অক্টোবর ২০২৬ ১৫:৫২

স্টাফ রিপোর্টার : বিরোধীদলকে দমন করতে তারেক রহমান সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে শেখ হাসিনার পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
গত ২৭ অক্টোবর মঙ্গলবার গাজীপুরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এদিন জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির ঢাকা বিভাগের (উত্তর) সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার গাজীপুরের সিফাতের মুক্তি দাবি করে নাহিদ ইসলাম বলেন, সিফাতের মা তার পাশে বসে আছেন। ছেলের মুক্তির জন্য গত দুই মাস ধরে তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।
গত সেপ্টেম্বরে বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করায় সিফাতকে গ্রেফতার করা হয়। সে সময় অনেক গ্রাহককে ভুতুড়ে বিল দেওয়া হচ্ছিল বলেও উল্লেখ করেন এনসিপিপ্রধান।
এনসিপির আহ্বায়ক বলেন, গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে সমালোচনা করায় এনসিপির সদস্য সজনকেও গ্রেফতার করা হয়েছে। তিনি অবিলম্বে সিফাত ও সুজনসহ মতপ্রকাশের কারণে গ্রেফতার ব্যক্তিদের মুক্তি দাবি করেন।
সমন্বয় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগের (উত্তর) সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।