সংবাদপত্রের পাতা থেকে


৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৬

গত সপ্তাহে বেশকিছু ঘটনা আলেচিত ছিল। প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ, এয়ারবাস থেকে উড়োজাহাজ ক্রয়, সরকারের করনীতিসহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর খবর পত্রিকা গুরুত্ব পেয়েছে। গত ৩০ সেপ্টেম্বর জাতীয় কয়েকটি দৈনিকের গুরুত্বপূর্ণ খবরের খণ্ডিত অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো।
মানবজমিন পত্রিকায় ‘এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার’ শিরোনামে প্রথম পৃষ্ঠার খবরে বলা হয়েছে, উড়োজাহাজের স্বল্পতা দূরীকরণে সরকার উড়োজাহাজ ক্রয়ের সময়োপযোগী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক কোম্পানি এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি আগামী অক্টোবরে হতে পারে বলে জানান মন্ত্রী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তির পর মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
দৈনিক আমার দেশ পত্রিকায় ‘গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক’ প্রধান খবর ছাপা হয়েছে। বলা হয়েছে, পুলিশের ৬,৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু হয়েছে। রাজধানীসহ দেশের কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডে পুলিশের হাইকমান্ড চরম বিব্রত অবস্থায় পড়েছে। অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন ওসি বাছাইয়ের লক্ষ্যে এই গোপন তদন্ত করা হচ্ছে।
ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা থেকে এ-সংক্রান্ত বিশেষ চিঠি পুলিশের সব ইউনিটে পাঠানো হয়েছে।
দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় দ্বিতীয় প্রধান খবর হিসেবে ‘করজাল না করের ফাঁদ’ শিরোনামে একটি খবর ছাপা হয়েছে। এতে বলা হয়েছে, কর ফাঁকি ঠেকাতে করজাল বিস্তারের উদ্যোগ এখন পৌঁছেছে ব্যক্তির আর্থিক লেনদেনের আরো গভীরে। সদ্য প্রকাশিত ২০২৬-২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকায় ব্যক্তি করদাতার আয়, লেনদেন, রিটার্ন দাখিল ও উৎসে করের বিধানকে আরো বিস্তৃত কাঠামোর মধ্যে আনার নির্দেশনা রয়েছে। এর ফলে কর প্রশাসনের কাছে করদাতার আর্থিক কর্মকাণ্ড সম্পর্কে তথ্যের পরিধি বাড়ছে; কিন্তু একই সাথে প্রশ্ন উঠছে, কর ফাঁকি রোধের এই উদ্যোগ সাধারণ করদাতার জন্য নতুন প্রশাসনিক চাপ ও হয়রানির দরজা খুলছে কি না।
ইনকিলাব মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রতিবেদন করেছে। ‘ধোঁয়াশা কাটছে না মালয়েশিয়ার শ্রমবাজারে’ শিরোনামের খবরে বলেছে, স্বপ্নের দেশ মালয়েশিয়ায় সাত লক্ষাধিক বাংলাদেশি কর্মী কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন। র্কর্মরত এসব অভিবাসী উভয় দেশের সার্বিক উন্নয়নে অভাবনীয় অবদান রাখছেন। দেশটির বন্ধ শ্রমবাজার নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না। তবে উভয় দেশের কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সম্ভাবনাময় মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে গেছে বলে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে। দেশটিতে অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় অব্যাহত রয়েছে।
বণিক বার্তা ‘সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও বিদেশে কর্মী যাওয়া কমেছে প্রায় ৩৩ শতাংশ’ শিরোনামের খবরে বলেছে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার একের পর এক উদ্যোগ নিয়েছে। কিন্তু এখনো কার্যকর অগ্রগতি হয়নি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজারগুলোয় অনিশ্চয়তা তৈরি করেছে। সৌদি আরব, কাতার ও কুয়েতে কমেছে কর্মী গমন। সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে বলা হয়েছিল জাপানে যাবে লাখো কর্মী। সেরকম কিছু বাস্তবায়নের লক্ষণও দেখা যাচ্ছে না।
ইত্তেফাক ‘দখল ভাঙচুরে বিব্রত সরকার অভ্যন্তরীণ তদন্তে বিএনপি’ শিরোনামের খবরে বলেছে, রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া এবং ইসিবি চত্বর এলাকায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও-কার্যালয়ে অতর্কিত হামলা ও ভাঙচুরসহ গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর-অবৈধ দখলের ঘটনায় বিব্রত সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন প্রতলিত রাজনীতি ও সরকার পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছেন, তখন এসব ঘটনায় নিজ দলের নেতা-কর্মীদের জড়িত থাকার ঘটনায় সরকারের পাশাপাশি বিএনপিও বড় ধরনের অস্বস্তিতে পড়েছে।
বাংলাদেশ প্রতিদিন ‘অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ’ শিরোনামের খবরে বলেছে, বিশেষ অভিযান, নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পরও কমছে না অবৈধ অস্ত্রধারীদের দাপট। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, চাঁদাবাজি, ছিনতাই ও আধিপত্য বিস্তারের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার হলেও নেপথ্যের সরবরাহকারী, শুটার ও কেনাবেচা চক্রের সদস্যরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে অবৈধ অস্ত্রের উৎস ও সরবরাহের নেটওয়ার্ক নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। একইসঙ্গে অবৈধ অস্ত্রের ব্যবহারে বাড়ছে সব ধরনের অপরাধ।
দৈনিক সমকাল ‘অন্যরা লাভে, দেনায় ডুবছে ইন্টারকন্টিনেন্টাল’ শিরোনামে দ্বিতীয় প্রধান খবর ছেপেছে। বলেছে, বছরের পর বছর লোকসানে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ঋণের দায় নিচ্ছে সরকার। অগ্রণী ব্যাংকের কাছে হোটেলটির মালিকানা প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) চূড়ান্ত দেনা ৮৮৪ কোটি ৪০ লাখ ৪৮ হাজার ৫০১ টাকা। এই ঋণ সরকার বিএসএলের পক্ষে পরিশোধ করবে।
সরকার অগ্রণী ব্যাংককে যে অর্থ পরিশোধ করবে, তা পরবর্তী সময়ে করপোরেট সুকুক বন্ড ও ইকুইটি ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা বিএসএলের কাছ থেকে আদায় করবে। বাকি ৩৮৪ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকার বিপরীতে চলতি অর্থবছরের মধ্যে সরকারের অনুকূলে সমমূল্যের সাধারণ শেয়ার ইস্যু করবে বিএসএল। একইসঙ্গে অগ্রণী ব্যাংকের কাছে বন্ধক রাখা বিএসএলের সম্পদ দায়মুক্ত করার ব্যবস্থা নেবে সরকার।
দৈনিক প্রথম আলো ‘হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ৩০০ কারাবন্দীর’ শিরোনামের প্রধান খবরে বলেছে, কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে একের পর এক বন্দীর মৃত্যুর ঘটনা ঘটছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও মৃত্যু হচ্ছে অনেকের। অনেক ক্ষেত্রেই বন্দীর বয়স বেশি নয়। অর্থাৎ অকালমৃত্যু হচ্ছে।
কারা অধিদপ্তর ও ঢাকার বিভিন্ন হাসপাতালের তথ্যানুযায়ী, ২০২১ সাল থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৫ বছর ৯ মাসে ১২৩৫ জন বন্দীর মৃত্যু হয়েছে। এর মধ্যে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্তত ৩০০ জন বন্দী।
দৈনিক যুগান্তর ‘উচ্চকক্ষ নিয়ে প্রশ্ন, সংসদে আলোচনার পর সিদ্ধান্ত’ শিরোনামের খবরে বলেছে, জাতীয় সংসদের উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে আলোচনায় কয়েকজন সাংবাদিক এখনই উচ্চকক্ষ গঠন না করে বিষয়টি পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছেন। তাদের মতে, এককক্ষবিশিষ্ট বর্তমান সংসদ ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি। এর মধ্যে উচ্চকক্ষ গঠন করলে রাষ্ট্রের ব্যয় বাড়ার পাশাপাশি এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে। তবে জুলাই জাতীয় সনদে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনে রাজনৈতিক ঐকমত্য হওয়ায় সরকার সে সিদ্ধান্ত অনুযায়ী এগোতে চায় বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রস্তাবটি সংসদে উঠলে সরকারি দলসহ বিভিন্ন দল আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
গ্রন্থনা- আবু জায়েদ আনসারী