হেদায়াত পথের মানচিত্র


২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৮

॥ মুফতি নাজমুল ইসলাম ফারুক ॥

(সূরা আল-বাকারার আলোকে)
সূরা আল-ফাতিহায় মুমিনের কণ্ঠে উচ্চারিত হয়েছিল— আমরা যেন সরল পথের হিদায়াত লাভ করি। সেই প্রার্থনার পরই সূরা আল-বাকারা যেন হাতে তুলে দেয় সেই পথের বিস্তৃত মানচিত্র। ফাতিহায় ছিল প্রার্থনা; বাকারা সেই প্রার্থনার বাস্তবায়নের রূপরেখা। ফাতিহায় ছিল পথের সন্ধান; বাকারা দেখায়— সে পথে কীভাবে চলতে হবে।
সূরা আল-বাকারা কেবল একটি দীর্ঘ সূরা নয়; এটি ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, নৈতিকতা, ইবাদত, আইন, যুদ্ধ ও শান্তি, নেতৃত্ব, চুক্তি, মানবিক সম্পর্ক এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক বিস্তৃত কুরআনিক নকশা।
এই সূরার আলোকে ‘দীন প্রতিষ্ঠা’ বলতে কেবল রাষ্ট্রক্ষমতা বা রাজনৈতিক কাঠামো বোঝানো ঠিক নয়। বরং এর বিস্তৃত অর্থ হলো— মানুষের বিশ্বাসে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা, জীবনে ইবাদতের শৃঙ্খলা প্রতিষ্ঠা, চরিত্রে তাকওয়া প্রতিষ্ঠা, অর্থনীতিতে ন্যায় প্রতিষ্ঠা, পরিবারে দায়িত্ব প্রতিষ্ঠা, সমাজে সুবিচার প্রতিষ্ঠা এবং মানুষের সামগ্রিক জীবনকে আল্লাহর নির্দেশনার অধীন করা।
১. দীন প্রতিষ্ঠার প্রথম ভিত্তি—অহির প্রতি অবিচল বিশ্বাস
সূরা আল-বাকারার সূচনাতেই ঘোষণা করা হয়েছে, ‘এটি সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই; মুত্তাকিদের জন্য এটি হিদায়াত।’ (সূরা আল-বাকারা : ২)।
এখানে একটি গভীর শিক্ষা রয়েছে। দীন প্রতিষ্ঠার প্রথম ধাপ ক্ষমতা নয়, সম্পদ নয়, জনসমর্থনও নয়; বরং হিদায়াতের উৎস সম্পর্কে দৃঢ় বিশ্বাস।
যে ব্যক্তি আল্লাহর কিতাবকে জীবনের চূড়ান্ত পথনির্দেশ হিসেবে গ্রহণ করতে পারেনি, তার ব্যক্তিজীবনে যেমন পূর্ণ ইসলামী পরিবর্তন আসে না, তেমনি সমাজজীবনেও ইসলামের নৈতিক ও ন্যায়ভিত্তিক কাঠামো প্রতিষ্ঠা করা সম্ভব হয় না।
সূরার পরবর্তী আয়াতে মুত্তাকিদের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, ‘তারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে, সালাত প্রতিষ্ঠা করে এবং আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে ব্যয় করে।’ (সূরা আল-বাকারা : ৩)।
অর্থাৎ ঈমান এখানে নিছক অন্তরের বিশ্বাস নয়; ঈমানের প্রভাব মানুষের ইবাদত ও অর্থনৈতিক আচরণেও প্রকাশিত হয়।
২. ঈমান থেকে আমল— দীন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা
সূরা আল-বাকারার ১৭৭ নম্বর আয়াত দীনের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিককে একত্র করেছে। সেখানে বলা হয়েছে, ‘পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরানোই নেকি নয়; বরং প্রকৃত নেকি হলো আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ ও নবীদের প্রতি ঈমান রাখা; আল্লাহর ভালোবাসায় আত্মীয়-স্বজন, এতিম, দরিদ্র, মুসাফির ও প্রার্থনাকারীকে সম্পদ দান করা; সালাত প্রতিষ্ঠা করা, জাকাত প্রদান করা; অঙ্গীকার পূর্ণ করা এবং দুঃখ-কষ্ট ও সংকটের সময় ধৈর্য ধারণ করা।’ (সূরা আল-বাকারা : ১৭৭)।
এই একটি আয়াত যেন দীন প্রতিষ্ঠার একটি সংক্ষিপ্ত নকশা। এখানে ঈমান আছে, ইবাদত আছে, অর্থনৈতিক দায়িত্ব আছে, সামাজিক সহমর্মিতা আছে, নৈতিকতা আছে, অঙ্গীকার রক্ষার শিক্ষা আছে এবং বিপদের সময় ধৈর্য ধারণের নির্দেশ আছে।
ইমাম ইবনে কাসির রহ. এই আয়াতের তাফসিরে উল্লেখ করেন যে, এতে ঈমানের মৌলিক বিষয়, বিভিন্ন নেক আমল এবং মানুষের সঙ্গে সম্পর্কিত বহু গুরুত্বপূর্ণ বিধান একত্র হয়েছে। অর্থাৎ দীন কেবল কিছু আনুষ্ঠানিক ইবাদতের নাম নয়; বরং বিশ্বাস, কর্ম ও চরিত্র— সবকিছুর সমন্বিত রূপ।
ইমাম তাবারি রহ.-এর তাফসিরেও এই আয়াতের ব্যাখ্যায় ঈমান, দান, সালাত, জাকাত, অঙ্গীকার ও ধৈর্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
সুতরাং দীন প্রতিষ্ঠার সূচনা হতে হবে মানুষের অন্তর থেকে; আর তার প্রকাশ ঘটবে মানুষের আচরণে।
৩. পূর্ণাঙ্গ ইসলামের দিকে প্রবেশ— সূরা আল-বাকারার ২০৮ নম্বর আয়াত : সূরা আল-বাকারার অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো, ‘হে ঈমানদারগণ! তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।’ (সূরা আল-বাকারা : ২০৮)।
এই আয়াত দীন প্রতিষ্ঠার ধারণাকে একটি মৌলিক ভিত্তি দেয়— ইসলামকে খণ্ডিতভাবে গ্রহণ করা নয়; বরং সামর্থ্যানুযায়ী জীবনের সব ক্ষেত্রে ইসলামের নির্দেশনা গ্রহণ করা।
ইমাম তাবারি রহ. এই আয়াতের ব্যাখ্যায় বলেন, মুমিনদের ইসলামের সব বিধান ও নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য আহ্বান করা হয়েছে; দীনের একটি অংশ গ্রহণ করে অন্য অংশ অবহেলা করা এর উদ্দেশ্য নয়। তিনি ‘পূর্ণাঙ্গভাবে’ প্রবেশের অর্থ হিসেবে ইসলামের বিধানগুলোকে কথা ও কাজে গ্রহণ করার বিষয়টি স্পষ্ট করেছেন। তাফসির আত-তাবারি (সূরা আল-বাকারা : ২০৮, খণ্ড ৪)।
ইমাম ইবনে কাসির রহ. বলেন, এই নির্দেশের অর্থ হলো ইসলামের বিভিন্ন শাখা ও বিধান গ্রহণ করা, আল্লাহর নির্দেশ পালন করা এবং নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা। তিনি মুজাহিদ রহ.-এর বক্তব্যও উল্লেখ করেন যে, এর মধ্যে সব ধরনের কল্যাণকর আমল সম্পাদনের নির্দেশ রয়েছে।
ইমাম কুরতুবি রহ. এই আয়াতের ব্যাখ্যায় ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধারণ করা এবং তাতে অবিচল থাকার কথা উল্লেখ করেছেন। তাঁর ব্যাখ্যায় ‘পূর্ণাঙ্গভাবে’ প্রবেশের অর্থ ইসলামের বিধানসমূহকে সামগ্রিকভাবে গ্রহণ করা।
তাফসিরে জালালাইনেও একইভাবে ব্যাখ্যা করা হয়েছে যে, এখানে ইসলামের সব বিধান গ্রহণের নির্দেশ রয়েছে এবং শয়তানের বিভেদমূলক পথ থেকে সতর্ক করা হয়েছে।
অতএব দীন প্রতিষ্ঠার অর্থ নিজের পছন্দমতো দীনের কিছু অংশ গ্রহণ করা নয়; বরং আল্লাহর নির্দেশনার সামনে নিজের ইচ্ছাকে সংশোধন করা।
৪. সাইয়েদ কুতুব রহ. দীনের প্রতি পূর্ণ আত্মসমর্পণ : সাইয়েদ কুতুব রহ. সূরা আল-বাকারার ২০৮ নম্বর আয়াতের ব্যাখ্যায় অত্যন্ত গভীর একটি বিষয় তুলে ধরেছেন। তাঁর মতে, মুমিনকে তার সমগ্র সত্তা নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে— তার চিন্তা, অনুভূতি, ইচ্ছা, কাজ ও জীবনের ছোট-বড় বিষয়গুলোয়।
তিনি ব্যাখ্যা করেন, মানুষের জীবনে ইসলামের সঙ্গে এমন কোনো বিচ্ছিন্ন অংশ থাকা উচিত নয়, যা আল্লাহর নির্দেশনার বাইরে স্বাধীনভাবে পরিচালিত হয়। তাঁর বক্তব্যের সারকথা হলো— বিশ্বাস ও জীবনযাপনকে পরস্পর বিচ্ছিন্ন করা যাবে না। তাফসির ফি জিলালিল কুরআন ১ম খণ্ড (২০৬-২০৭ পৃষ্ঠা)।
এই আত্মসমর্পণ আত্মবিলোপ নয়; বরং আত্মশুদ্ধি। এটি মানুষের স্বাধীন চিন্তাকে ধ্বংস করার কথা নয়; বরং চিন্তা, ইচ্ছা ও কর্মকে সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার শিক্ষা।
৫. দীন প্রতিষ্ঠার দ্বিতীয় স্তম্ভ— সালাত : সূরা আল-বাকারা বারবার সালাতের কথা বলেছে। সূরার শুরুতেই এসেছে সালাত প্রতিষ্ঠার কথা এবং পরবর্তীতে কিবলা পরিবর্তনের প্রসঙ্গও এসেছে।
আল্লাহ বলেন, ‘তোমরা সালাতসমূহ সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও।’ (সূরা আল-বাকারা : ২৩৮)।
সালাত একজন মুসলিমের ব্যক্তিগত ইবাদত হলেও এর সামাজিক প্রভাব গভীর। সালাত মানুষকে সময়নিষ্ঠ করে, আত্মসংযম শেখায়, অহংকার ভাঙে এবং আল্লাহর সামনে মানুষের সমতা স্মরণ করিয়ে দেয়।
তাই দীন প্রতিষ্ঠার কোনো প্রকল্প যদি মানুষের অন্তরকে সালাতের সঙ্গে যুক্ত না করে, তবে তার ভিত দুর্বল থেকে যায়।
৬. কিবলা পরিবর্তন— আনুগত্যের পরীক্ষা : সূরা আল-বাকারার ১৪২-১৫০ নম্বর আয়াতে কিবলা পরিবর্তনের ঘটনা এসেছে।
এখানে একটি গভীর শিক্ষা রয়েছে— দীন মানে নিজের পছন্দকে দীনের ওপর চাপিয়ে দেওয়া নয়; বরং আল্লাহর নির্দেশ জানা গেলে তা মেনে নেওয়া।
কিবলা পরিবর্তনের ঘটনায় সাহাবায়ে কেরামের আনুগত্য ছিল ইসলামী চেতনার বাস্তব উদাহরণ। তারা আল্লাহর নির্দেশকে নিজেদের অভ্যাস ও পূর্বপরিচিত অবস্থানের ওপর অগ্রাধিকার দিয়েছিলেন।
দীন প্রতিষ্ঠার জন্য এই মানসিকতা অপরিহার্য, ‘আমি যা চাই’ থেকে ‘আল্লাহ কী চান’— এই পরিবর্তনই প্রকৃত ইসলামী আত্মশুদ্ধির সূচনা।
৭. উম্মতে মধ্যমপন্থা— ন্যায় ও ভারসাম্যের সমাজ
আল্লাহ বলেন, ‘এভাবেই আমি তোমাদের একটি মধ্যমপন্থী জাতি করেছি, যাতে তোমরা মানুষের ওপর সাক্ষী হতে পারো এবং রাসূল তোমাদের ওপর সাক্ষী হন।’ (সূরা আল-বাকারা : ১৪৩)।
এখানে মুসলিম উম্মাহর সামাজিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি দেওয়া হয়েছে— ন্যায়, ভারসাম্য ও সাক্ষ্য।
ইসলামী সমাজ এমন সমাজ নয় যেখানে আবেগ ন্যায়কে গ্রাস করে। আবার এমন সমাজও নয় যেখানে কঠোরতা মানবিকতাকে বিলীন করে দেয়। ন্যায়বিচার, ভারসাম্য, সত্যবাদিতা ও দায়িত্বশীলতা— এসবই দীন প্রতিষ্ঠার সামাজিক স্তম্ভ।
৮. রোজা— আত্মশুদ্ধির প্রশিক্ষণ : সূরা আল-বাকারায় রমজানের রোজার বিধান এসেছে। আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সূরা আল-বাকারা : ১৮৩)।
লক্ষ করা দরকার— রোজার উদ্দেশ্য শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয়; বরং তাকওয়া অর্জন। অর্থাৎ দীন প্রতিষ্ঠার প্রকৃত শক্তি তৈরি হয় আত্মসংযমী মানুষের মাধ্যমে। যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে বৃহত্তর সমাজে ন্যায় ও আমানতদারির আদর্শ প্রতিষ্ঠা করতে পারবে না।
রোজা মানুষকে শেখায়— সবকিছু করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে কিছু কাজ থেকে বিরত থাকা যায়। এই আত্মনিয়ন্ত্রণই তাকওয়ার প্রাণ।
৯. অর্থনৈতিক ন্যায়— সুদের বিরুদ্ধে সতর্কতা
সূরা আল-বাকারার ২৭৫-২৮১ নম্বর আয়াত অর্থনৈতিক ন্যায়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুদ সম্পর্কে কঠোর সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি বৈধ ব্যবসাকে বৈধ এবং সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এর মাধ্যমে ইসলাম অর্থনৈতিক জীবনে একটি নৈতিক সীমারেখা নির্ধারণ করেছে। সম্পদ অর্জন করা নিষিদ্ধ নয়; কিন্তু সম্পদ অর্জনের পদ্ধতি ন্যায়সঙ্গত হতে হবে।
এরপর ঋণ লেনদেনের দীর্ঘ নির্দেশনা এসেছে, ‘হে ঈমানদারগণ! তোমরা যখন নির্দিষ্ট সময়ের জন্য পরস্পরের মধ্যে ঋণের লেনদেন করো, তখন তা লিখে রাখো।’ (সূরা আল-বাকারা : ২৮২)। এটি কুরআনের দীর্ঘতম আয়াত।
এখানে সাক্ষী, লেখক, লেনদেনের স্বচ্ছতা ও অধিকার সংরক্ষণের নীতি এসেছে। অর্থাৎ দীন প্রতিষ্ঠা মানে শুধু মসজিদে ইবাদত নয়; বাজারেও আমানতদারি, ব্যবসায়ও ন্যায়, ঋণেও স্বচ্ছতা এবং সম্পদেও হালাল-হারামের সীমা রক্ষা করা।
১০. পরিবার— দীন প্রতিষ্ঠার প্রথম সামাজিক প্রতিষ্ঠান
সূরা আল-বাকারা বিবাহ, তালাক, ইদ্দত, স্তন্যদান, সন্তান লালন-পালন এবং পারিবারিক অধিকার সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিয়েছে। এ থেকে বোঝা যায়, ইসলামী সমাজ গঠনের প্রথম ক্ষেত্র পরিবার।
যে ঘরে আল্লাহর স্মরণ নেই, সেখানে সমাজের নৈতিক পুনর্গঠন কঠিন। যে পরিবারে সন্তান ন্যায়, সত্য, সালাত, আদব ও দায়িত্বশীলতা শেখে, সেই পরিবারই ভবিষ্যৎ সমাজের চরিত্র নির্মাণ করে।
তাই দীন প্রতিষ্ঠার কাজ মসজিদ থেকে শুরু হয়ে পরিবারে পৌঁছাতে হবে; আর পরিবার থেকে বিদ্যালয়, বাজার ও সমাজে ছড়িয়ে পড়তে হবে।
১১. হজ— বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক : সূরা আল-বাকারায় হজের বিভিন্ন বিধানও এসেছে। হজ মানুষের জাতি, ভাষা, ভূগোল ও সামাজিক অবস্থানের পার্থক্য অতিক্রম করে এক আল্লাহর সামনে দাঁড়ানোর শিক্ষা দেয়।
ধনী-দরিদ্র, শাসক-শাসিত, পূর্ব-পশ্চিম— সবাই একই রবের বান্দা। দীন প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হলো মানুষের মধ্যে তাকওয়ার ভিত্তিতে মর্যাদাবোধ সৃষ্টি করা। কুরআনের অন্যত্র বলা হয়েছে, আল্লাহর কাছে মানুষের মর্যাদার ভিত্তি তাকওয়া। অতএব ইসলামী সমাজে বংশ, সম্পদ বা ক্ষমতা চূড়ান্ত মর্যাদার মাপকাঠি নয়।
১২. যুদ্ধের ক্ষেত্রেও নৈতিক সীমারেখা : সূরা আল-বাকারায় বলা হয়েছে, ‘যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে, তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো; কিন্তু সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।’ (সূরা আল-বাকারা : ১৯০)।
এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যুদ্ধের প্রসঙ্গেও সীমালঙ্ঘন নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ ইসলাম ন্যায়ের কথা বলে, কিন্তু অন্যায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার অনুমতি দেয় না।
দীন প্রতিষ্ঠার নামে নিরপরাধ মানুষের ওপর জুলুম, ব্যক্তিগত প্রতিশোধ, সীমালঙ্ঘন বা বিশৃঙ্খলা সৃষ্টি এই কুরআনিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
১৩. চুক্তি ও আইন—দীন প্রতিষ্ঠার প্রশাসনিক ভিত্তি
সূরা আল-বাকারার ২৮২ নম্বর আয়াত শুধু ব্যক্তিগত লেনদেনের নির্দেশ নয়; এটি একটি সুশৃঙ্খল সমাজের নৈতিক ভিত্তি। লিখিত দলিল, সাক্ষ্য, নির্দিষ্ট সময়, ন্যায়সংগত লেনদেন— এসবের মাধ্যমে কুরআন দেখিয়ে দিয়েছে যে ইসলামী নৈতিকতা বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন নয়।
দীন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দিক হলো মানুষের অধিকার সংরক্ষণ। কারো সম্পদ আত্মসাৎ করা, প্রতারণা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, ঋণ অস্বীকার করা কিংবা দুর্বল মানুষের অধিকার নষ্ট করা— এসবের কোনোটি দীন প্রতিষ্ঠার অংশ হতে পারে না।
১৪. সাহাবায়ে কেরাম— কুরআনের জীবন্ত বাস্তবায়ন
সাহাবায়ে কেরাম শুধু কুরআন তিলাওয়াত করতেন না; তাঁরা কুরআনকে জীবন দিয়ে বাস্তবায়ন করেছিলেন।
কিবলা পরিবর্তনের নির্দেশ এলে তারা আনুগত্য করেছেন। রোজার বিধান এলে তারা নিজেদের জীবনকে পরিবর্তন করেছেন। অর্থনৈতিক বিধান এলে ব্যবসায়িক আচরণ সংশোধন করেছেন। পারিবারিক বিধান এলে পরিবারকে শরিয়তের আলোকে পরিচালনা করেছেন।
এই কারণেই সাহাবিদের জীবন কুরআনের বাস্তব ব্যাখ্যা। দীন প্রতিষ্ঠার প্রকৃত কর্মপদ্ধতি বুঝতে হলে কুরআনের বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর সঙ্গে সাহাবীদের বাস্তব প্রয়োগকে একসঙ্গে দেখতে হবে।
১৫. সালফে সালেহীনের শিক্ষা— জ্ঞান, বিশ্বাস, আমল ও চরিত্র : প্রথম যুগের আলিমগণ দীনকে কখনো শুধু তাত্ত্বিক জ্ঞান হিসেবে দেখেননি। ইমাম তাবারি রহ.-এর ব্যাখ্যায় সূরা আল বাকারা : ২০৮ নম্বর আয়াতের অন্যতম কেন্দ্রীয় শিক্ষা হলো— ইসলামের বিধানকে কথা ও কাজে গ্রহণ করা।
ইবনে কাসির রহ. মুজাহিদসহ প্রাথমিক মুফাসসিরদের বক্তব্য উদ্ধৃত করে দেখিয়েছেন যে, ‘পূর্ণাঙ্গভাবে’ প্রবেশের মধ্যে বিভিন্ন ধরনের নেক আমল ও ইসলামের বিধান বাস্তবায়নের অর্থ নিহিত রয়েছে।
অর্থাৎ জ্ঞান যদি আমলে না আসে, আমল যদি চরিত্রে না আসে এবং চরিত্র যদি সমাজে ন্যায় প্রতিষ্ঠা না করে— তাহলে দীনের শিক্ষার পূর্ণ ফল প্রকাশ পায় না।
১৬. শয়তানের পদাঙ্ক— ধীরে ধীরে বিচ্যুতির বিপদ
আয়াতটির শেষে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। এখানে একটি সূক্ষ্ম শিক্ষা আছে— মানুষ সাধারণত এক লাফে বড় পাপের দিকে যায় না। ছোট ছোট আপস, ছোট ছোট অবহেলা এবং ছোট ছোট বিচ্যুতির মধ্য দিয়ে বড় পতন আসে।
তাই দীন প্রতিষ্ঠার জন্য শুধু বড় লক্ষ্য নির্ধারণ করলেই হবে না; দৈনন্দিন ছোট আমল, চরিত্র, ভাষা, লেনদেন, পারিবারিক আচরণ এবং সামাজিক দায়িত্বেও সতর্ক থাকতে হবে।
১৭. বিপদের মধ্যেও দীনের পথে অটল থাকা
সূরা আল-বাকারার ২১৪ নম্বর আয়াতে পূর্ববর্তী মুমিনদের কঠিন পরীক্ষার কথা বলা হয়েছে। তাদের ওপর বিপদ ও দুঃখ এসেছিল এবং তারা এতটাই পরীক্ষিত হয়েছিল যে রাসুল ও তাঁর সঙ্গে থাকা মুমিনরা সাহায্যের অপেক্ষায় প্রশ্ন করেছিলেন।
এরপর ঘোষণা এসেছে, ‘জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী।’ (সূরা আল-বাকারা : ২১৪)। এখানে দীন প্রতিষ্ঠার আরেকটি শিক্ষা— সত্যের পথে চলতে গেলে পরীক্ষা আসবেই।
দীন প্রতিষ্ঠা কোনো তাৎক্ষণিক আবেগের প্রকল্প নয়; এটি ধৈর্য, জ্ঞান, আত্মশুদ্ধি, ত্যাগ, সংগঠন ও দীর্ঘমেয়াদি নৈতিক পরিশ্রমের পথ।
১৮. আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না
সূরা আল-বাকারার শেষভাগে মুমিনের হৃদয়ে আশার আলো জ্বালিয়ে বলা হয়েছে, ‘আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না।’ (সূরা আল-বাকারা : ২৮৬)।
ইবনে কাসির রহ. এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর দয়া, অনুগ্রহ ও বান্দার সামর্থ্যের বিষয়টি তুলে ধরেছেন। দীন প্রতিষ্ঠার পথে তাই হতাশার কোনো স্থান নেই।
আমার সাধ্য যতটুকু, আমার দায়িত্ব ততটুকু। একজন শিক্ষক তাঁর শিক্ষার্থীর মাধ্যমে, একজন লেখক তাঁর কলমের মাধ্যমে, একজন অভিভাবক তাঁর পরিবারের মাধ্যমে, একজন ব্যবসায়ী তাঁর লেনদেনের মাধ্যমে, একজন আলিম তাঁর জ্ঞানের মাধ্যমে— প্রত্যেকে দীনের নৈতিক সৌন্দর্য বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেন।
১৯. সূরা আল-বাকারার আলোকে দীন প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ কাঠামো
সূরাটির সামগ্রিক শিক্ষা একত্র করলে দীন প্রতিষ্ঠার কয়েকটি স্তর স্পষ্ট হয়ে ওঠে—
প্রথমত আকিদা : আল্লাহ, আখিরাত, ফেরেশতা, কিতাব ও নবীদের প্রতি ঈমান।
দ্বিতীয়ত ইবাদত : সালাত, রোজা, হজ, জাকাতসহ আল্লাহর আনুগত্য।
তৃতীয়ত আত্মশুদ্ধি : তাকওয়া, ধৈর্য, আত্মসংযম ও আল্লাহভীতি।
চতুর্থত পারিবারিক নৈতিকতা : বিবাহ, সন্তান, দাম্পত্য অধিকার ও পারিবারিক দায়িত্ব।
পঞ্চমত অর্থনৈতিক ন্যায় : হালাল উপার্জন, সুদ থেকে বেঁচে থাকা, ঋণ ও লেনদেনে স্বচ্ছতা।
ষষ্ঠত সামাজিক ন্যায় : এতিম, দরিদ্র, মিসকিন, আত্মীয় ও অসহায় মানুষের অধিকার রক্ষা।
সপ্তমত আইন ও শৃঙ্খলা : অঙ্গীকার পালন, দলিল সংরক্ষণ, সাক্ষ্য ও অধিকার রক্ষা।
অষ্টমত ঐক্য : কুরআন ও ইসলামের মৌলিক শিক্ষার ওপর ঐক্যবদ্ধ থাকা।
নবমত ধৈর্য ও ত্যাগ : পরীক্ষার সময় দীনের ওপর অবিচল থাকা।
এই ৯টি স্তম্ভকে বাদ দিয়ে সূরা আল-বাকারার আলোকে দীন প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ চিত্র আঁকা সম্ভব নয়।
২০. সমকালীন জীবনে সূরা আল-বাকারার প্রাসঙ্গিকতা
আজকের পৃথিবীতে মানুষ প্রযুক্তিতে এগিয়েছে, কিন্তু নৈতিক সংকটও বেড়েছে। তথ্যের বিস্ফোরণ ঘটেছে, কিন্তু সত্য-মিথ্যার সীমারেখা অনেক ক্ষেত্রে অস্পষ্ট হয়েছে। অর্থনীতি বিস্তৃত হয়েছে, কিন্তু বৈষম্য ও ঋণের বোঝা মানুষের জীবনকে ভারী করেছে। পরিবার আধুনিক হয়েছে, কিন্তু পারিবারিক বন্ধন অনেক ক্ষেত্রে দুর্বল হয়েছে।
এমন সময় সূরা আল-বাকারা মানুষকে একটি ভারসাম্যপূর্ণ জীবনদর্শন দেয়।
এটি বলে— ঈমান থাকবে, কিন্তু আমলও থাকবে।
ইবাদত থাকবে, কিন্তু মানুষের অধিকারও থাকবে।
অর্থনীতি থাকবে, কিন্তু নৈতিকতাও থাকবে।
পরিবার থাকবে, কিন্তু দায়িত্বও থাকবে।
স্বাধীনতা থাকবে, কিন্তু আল্লাহভীতিও থাকবে।
ব্যক্তিগত উন্নতি থাকবে, কিন্তু সামাজিক ন্যায়ও থাকবে। এই ভারসাম্যই সূরা আল-বাকারার অন্যতম বড় সৌন্দর্য।
উপসংহার : সূরা আল-ফাতিহা আমাদের শিখিয়েছে— ‘হে আল্লাহ, আমাদের সরল পথ দেখান।’
আর সূরা আল-বাকারা যেন সেই প্রার্থনার উত্তর দিয়ে বলেছে— এই পথ হলো ঈমানের পথ, ইবাদতের পথ, তাকওয়ার পথ, ন্যায়ের পথ, পরিবার রক্ষার পথ, অর্থনৈতিক স্বচ্ছতার পথ, সামাজিক দায়িত্বের পথ, চুক্তি রক্ষার পথ এবং আল্লাহর বিধানের প্রতি পূর্ণ আনুগত্যের পথ।
দীন প্রতিষ্ঠা তাই কেবল স্লোগানের বিষয় নয়; এটি আত্মার সংস্কার থেকে শুরু হওয়া এক দীর্ঘ নির্মাণযাত্রা।
এটি শুরু হয় একজন মানুষের অন্তরে ঈমান দিয়ে।
তারপর তার সালাতে প্রকাশ পায়।
তার চরিত্রে সৌন্দর্য লাভ করে।
তার পরিবারে ছড়িয়ে পড়ে।
তার ব্যবসায় সততা হয়ে ওঠে।
তার সামাজিক আচরণে ন্যায় হয়ে ওঠে।
তার কলমে সত্য হয়ে ওঠে।
তার শিক্ষায় প্রজন্ম নির্মাণের শক্তি হয়ে ওঠে।
এই কারণেই সূরা আল-বাকারা কেবল একটি সূরা নয়; এটি একজন মুমিনের জীবনের জন্য এক বিস্তৃত নৈতিক ও আধ্যাত্মিক নকশা।
যে হৃদয় আল্লাহর হিদায়াত চায়, তাকে এই নকশা পড়তে হবে।
যে ব্যক্তি নিজেকে বদলাতে চায়, তাকে এই নকশা জীবনে আনতে হবে।
যে সমাজ ন্যায়, আমানত, তাকওয়া ও মানবিকতার ওপর দাঁড়াতে চায়, তাকে এই নকশার নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে।
ফাতিহার প্রার্থনা থেকে বাকারার বিধান— এ যেন বান্দার আকাঙ্ক্ষা থেকে জীবনের বাস্তবতায় ইসলামের যাত্রা।
আর এই যাত্রার মূল আহ্বান একটাই— আল্লাহকে রব হিসেবে গ্রহণ করো, তাঁর কিতাবকে পথনির্দেশ হিসেবে গ্রহণ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবনপদ্ধতি হিসেবে গ্রহণ করো এবং দীনকে জীবনের বিচ্ছিন্ন কোনো অংশ নয়; জীবনের সামগ্রিক সত্য হিসেবে ধারণ করো।

নির্বাচিত গবেষণা-সূত্র
১. ইমাম মুহাম্মদ ইবন জারির আত-তাবারি, জামিউল বায়ান আন তা’উইলি আয়িল কুরআন, সূরা আল-বাকারা : ১৭৭, ২০ ও ২০৮-এর আলোচনায় খণ্ড ৪, সংশ্লিষ্ট অংশে ২৫২-২৫৮ পৃষ্ঠা।
২. ইমাম ইসমাইল ইবন কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, সূরা আল-বাকারা : ২০৮ ও ২৮৬।
৩. ইমাম আবু আবদুল্লাহ আল-কুরতুবি, আল-জামি লি আহকামিল কুরআন, সূরা আল-বাকারা : ২০৮।
৪. ইমাম জালালুদ্দিন আল-মাহাল্লি ও ইমাম জালালুদ্দিন আস-সুয়ুতি, তাফসির আল-জালালাইন, সূরা আল-বাকারা : ২০৮।
৫. সাইয়েদ কুতুব, ফি জিলালিল কুরআন, সূরা আল-বাকারা : ২০৮; খণ্ড ১।
৬. আল-কুরআনুল কারিম—সূরা আল-বাকারা: ২, ৩, ১৪৩, ১৭৭, ১৮৩, ১৯০, ২০৮, ২১৪, ২৩৮, ২৮২, ২৮৬ নম্বর আয়াত।
লেখক : প্রাবন্ধিক ও ইসলামী গবেষক, সহ-সুপার : আল ফালাহ দাখিল মাদরাসা, পশ্চিম দৌলতপুর, সোনাইমুড়ী, নোয়াখালী।
ই-মেইল : nazmulislam19122@gmail.com