বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় নৈতিকতার উন্নয়ন জরুরি
৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৪
চট্টগ্রাম সংবাদদাতা : মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর লালদিঘী এলাকার জেলা পরিষদ মার্কেটে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
গত ৭ সেপ্টেম্বর সোমবার কোতোয়ারি থানার জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে গণসংগযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, আদর্শ, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণের সচেতনতা ও নৈতিকতার উন্নয়ন জরুরি। এজন্য মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের মতামত, সমস্যা ও প্রত্যাশা জানার পাশাপাশি দীনের দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে। এ সময় তিনি দেশের বর্তমান পরিস্থিতি, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও ন্যায়-ইনসাফের বার্তা পৌঁছে দেওয়াই দাওয়াতি কার্যক্রমের মূল লক্ষ্য। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে জামায়াতে ইসলামী নিয়মিত গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে।
কোতোয়ালি থানা আমীর আমীর হোসাইনের সভাপতিত্বে এ সময় চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর ও থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।