চুয়াডাঙ্গায় জামায়াতের গণসংযোগ ও সমাবেশ
৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১২
চুয়াডাঙ্গা সংবাদদাতা : দেশে সার, ডিজেল, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় গণসংযোগ ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। তিনি বলেন, বর্তমানে দেশে সার, ডিজেল, গ্যাস, বিদ্যুৎসহ নানা সমস্যা দৃশ্যমান। সরকার সবকিছু ঠিক আছে দাবি করলেও গ্রামাঞ্চলের সার্বিক চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে বিদ্যুতের চরম সংকটে সর্বস্তরের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। মানুষ আজ চরম কষ্টে দিনাতিপাত করছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রধান বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামী সবসময় সংসদে এবং রাজপথে জনগণ ও দেশের স্বার্থে কথা বলে যাচ্ছে।
পদ্মবিলা ইউনিয়ন জামায়াতের আমীর আসমান আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান আসাদ এবং সদর উপজেলা জামায়াতের আমীর বিলাল হোসেন। সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে চুয়াডাঙ্গার সার্বিক সংকট নিয়ে আলোচনা করেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।