আবদুল হালীম খাঁ

প্রতিদিন মৃত্যু আসে


২৩ আগস্ট ২০২৬ ১০:৪৪

প্রতিদিন দুয়ারে মৃত্যু এসে ডাকে
বলি : স্ত্রীর কাপড় ছিঁড়ে গেছে
ছেলেটার স্কুলে বেতন বাকি
টাকা-পয়সা হাতে নেই
কোথায় যাই কী করি
আজ মন ভালো নেই
আজ যেতে পারবো না।
পরের দিন আবার মৃত্যু আসে
বলি : অসুস্থ মা হাসপাতালে
ওষুধপথ্য নিয়ে তাকে দেখতে যেতে হবে
আজ তো যাওয়া সম্ভব নয়।
পরের দিন মৃত্যু আসে দলবেঁধে
খুব তোড়জোড় করে,
বলি : গতকাল কাজ পাইনি
পকেট একদম ফাঁকা। বাজার করতে পারিনি
বউ পোলাপান নিয়ে ক্ষুধার্ত আছি
পেটে খুব ব্যথা। রাতে ঘুমাতে পারনি
এখন তো সোজা হয়ে দাঁড়াতেই পারছি না
তোমাদের সাথে কেমনে যাবো!
আজ চলে যাও আর কয়টা দিন সময় দাও।