জুলাইয়ের গণহত্যা খুন গুমের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন দাবি
৮ জুলাই ২০২৬ ১৯:২২
গ্রাম বাংলা ডেস্ক : চব্বিশের জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। গত ৪ জুলাই শনিবার ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করেন নেতাকর্মীরা।
চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় ঐক্যের গণমিছিল
চট্টগ্রাম সংবাদদাতা : জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় ঐক্য গত ৪ জুলাই শনিবার বিকেলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে এক সংক্ষিপ্ত সমাবেশ ও গণমিছিল করে। সমাবেশ শেষে গণমিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে এবং মহানগরীর সহকারী সেক্রেটারি ও ১১ দলীয় চট্টগ্রাম মহানগরীর সমন্বয়ক মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, খেলাফত মজলিসের মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, এনসিপি চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক শাহেদ ইকবাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস প্রমুখ।
রংপুর মহানগরীতে ১১ দলের গণমিছিল
রংপুর সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই গণহত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়নসহ সকল হত্যার বিচার দাবিতে রংপুর মহানগরীতে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। গত ৪ জুলাই শনিবার বিকেলে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি স্থানীয় জুলাই চত্বর, টাউন হল চত্বর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে নগরীর সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব চত্বর, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর মহানগরী আমীর ও ১১ দলের প্রধান সমন্বয়ক উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
খুলনায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খুলনা সংবাদাতা : গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৪ জুলাই শনিবার বিকেলে খুলনা নিউ মার্কেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ করেন নেতাকর্মীরা।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান।
১১ দলীয় ঐক্যের খুলনার সমন্বয়কারী এডভোকেট শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির খুলনা মহানগর সংগঠক আহম্মদ হামীম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমান, খেলাফত মজলিসের মহানগরী সভাপতি এফ এম হারুন অর রশীদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহানগর সভাপতি মুফতি আব্দুল্লাহ, বাংলাদেশ লেবার পার্টির মহানগর সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের খুলনা জেলা সহ-সভাপতি মো. সাকিবুল ইসলাম, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান প্রমুখ।
ঢাকা জেলায় ১১ দলের গণমিছিল
জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়ের প্রতিফলন নিশ্চিত করার দাবিতে সাভারে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুলাই শনিবার বিকেল ৫টায় সাভার মডেল মসজিদের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবং জামায়াত মনোনীত সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।
সমাবেশে বক্তব্য দেন লেবার পার্টির ঢাকা জেলা সভাপতি শেখ মোহাম্মদ আলীসহ ১১ দলের স্থানীয় নেতারা। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলা আইনবিষয়ক সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লা, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীমসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সাভারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল
কুমিল্লা সংবাদদাতা : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা কুমিল্লা মহানগরীতে সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। গত ৪ জুলাই শনিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর চকবাজার বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মদ মোল্লা, কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত প্রমুখ।
মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
মৌলভীবাজার সংবাদদাতা : গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। গত ৪ জুলাই শনিবার বিকাল ৫টায় শহরের দেওয়ানী মসজিদের সম্মুখ থেকে মিছিল শুরু হয়ে শহরের সেন্ট্রাল রোড প্রদক্ষিণ করে সিকান্দার আলী রোড সম্মুখের হামিদিয়া পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী। এতে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সমন্বয়ক এহসান জাকারিয়া, এনসিপি জেলা সদস্যসচিব মো. রুহুল আমিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলা উদ্দীন শাহসহ ১১ দলের স্থানীয় নেতারা।
বরিশালে ১১ দলীয় ঐক্যের মিছিল ও সমাবেশ
বরিশাল সংবাদদাতা : জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে গত ৪ জুলাই শনিবার বরিশাল মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর মাওলানা জহির উদ্দিন বাবর।
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এনসিপির বরিশাল জেলা সভাপতি আবু সাঈদ মুসা, বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জাগপা বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন, এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরীর সদস্য সচিব জি এম রাব্বি, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ।
কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুষ্টিয়া সংবাদদাতা : গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। গত ৪ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি মজমপুর গেট হয়ে শহরের গুরুত্বপূর্ণ পাঁচ রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।