গ্রামীণ নারীর স্বাবলম্বিতায় পল্লী জীবিকায়ন প্রকল্পের বিকল্প নেই
৮ জুলাই ২০২৬ ১৮:৫০
চট্টগ্রাম সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় দলের সেক্রেটারি ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, পল্লী জীবিকায়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলতে হবে। নারীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তারা পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের কোনো বিকল্প নেই।
গত ৬ জুলাই সোমবার দুপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে লোহাগাড়া পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত আলোচনা সভা ও উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ বিন আকন্দের সভাপতিত্বে এবং বিআরডিবি কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। বক্তব্য দেন পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা কানিজ ফাতেমা, বিআরডিবির সভাপতি চৌধুরী মোহাম্মদ ছালেহ, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মোবারক হোসেন।
অনুষ্ঠান শেষে শাহজাহান চৌধুরী উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করেন। এ সময় লোহাগাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, পেশাজীবী নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।