আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জামায়াতের র‌্যালি ও মানববন্ধন


১ জুলাই ২০২৬ ২০:২৬

সোনার বাংলা মফস্বল ডেস্ক : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী র‌্যালি, মানববন্ধন, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে। গত ২৬ জুন শুক্রবার ও ২৮ জুন সারা দেশে দলটির যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন অঙ্গ সংগঠন এ কর্মসূচি পালন করে। সারা দেশের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনের আংশিক তুলে ধরা হলো।
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব-মুহাম্মদ নজরুল ইসলাম
চট্টগ্রাম সংবাদদাতা : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী যুব বিভাগের উদ্যোগে গত ২৮ জুন রোববার নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে এক যুব র‌্যালি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও যুব কমিটির সভাপতি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সভাপতিত্বে এবং যুব কমিটির সেক্রেটারি আ ন ম জোবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য উদ্বেগজনকভাবে বেড়েছে। নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর অপরাধ সাধারণ মানুষের নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে। মাদক ও কিশোর গ্যাং একে অপরের পরিপূরক হয়ে সমাজে অপরাধের বিস্তার ঘটাচ্ছে। মাদকের প্রভাবে বিচারবোধ নষ্ট হয়ে খুন, ধর্ষণ, সহিংসতা ও অন্যান্য জঘন্য অপরাধের প্রবণতাও বাড়ছে।
তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছা, আইনের নিরপেক্ষ ও কঠোর প্রয়োগ এবং মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। একইসঙ্গে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধ, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিশ্চিত এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে নৈতিক শিক্ষা, সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও জীবনযাপনের প্রতি নজরদারি বাড়াতে হবে। রাষ্ট্র, সমাজ ও পরিবার সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলেই মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা নিয়ন্ত্রণ করে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস. এম. লুৎফর রহমান, যুব কমিটির নগর সহসভাপতি মুহাম্মদ ইসমাইল প্রমুখ।
কুমিল্লায় মহানগর জামায়াতের মানববন্ধন ও র‌্যালি
কুমিল্লা সংবাদদাতা : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুন শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর টাউন হল গেটে আয়োজিত মানববন্ধন-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।
তিনি বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কুমিল্লা মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কালাম পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি নাছির আহম্মেদ মোল্লা এবং মহানগর কর্মপরিষদ সদস্য এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি টাউন হল গেইট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
হাটহাজারীতে যুব বিভাগের মোটরসাইকেল র‌্যালি
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মোটরসাইকেল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ জুন শুক্রবার বিকেল ৩টায় উপজেলার নাজিরহাট পুরাতন বাসস্ট্যান্ড থেকে র‌্যালিটি শুরু হয়। উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও ক্রীড়া সংগঠক আসলাম মোর্শেদের সভাপতিত্বে শুরু হওয়া র‌্যালিটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় সচেতনতামূলক পথসভা করে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরী।
গাজীপুর মহানগর জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি
গাজীপুর সংবাদদাতা : আন্তর্জাতিক মাদক দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জুন শনিবার সকালে টঙ্গী এশিয়া পাম্প এলাকায় যুব বিভাগের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আজহারুল ইসলাম।
নাগরপুরে যুব জামায়াতের আলোচনা সভা
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপেজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গত ২৬ জুন শুক্রবার সকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জেলা শূরা সদস্য মাওলানা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন প্রমুখ।
ফেনীতে জামায়াতের র‌্যালি ও মানববন্ধন
ফেনী সংবাদদাতা : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ফেনীতে জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বিরাট র‌্যালি শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে। গত ২৬ জুন শুক্রবার যুব জামায়াতের সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুর রহীম। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মুন্সি কামরুল ইসলাম প্রমুখ। এছাড়া সমাবেশে ফেনী শহর, সদর যুব বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ীতে জামায়াতের বৃক্ষরোপণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে মানববন্ধন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
গত ২৭ জুন শুক্রবার বিকেলে ফুলবাড়ী উপজেলার প্রাণ কেন্দ্রের প্রধান সড়কে মাদকবিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলা যুব বিভাগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা যুব বিভাগের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল হালিম রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মু. শাহজালাল সবুজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল মালেক প্রমুখ।