শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় রাজনৈতিক প্রভাব ও দখলদারিত্ব বন্ধ করতে হবে – মোবারক হোসাইন
১ জুলাই ২০২৬ ২০:২১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
গত ২৭ জুন শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোবারক হোসাইন আরও বলেন, একটি রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হলো জনগণের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে বলে জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণ, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অপরাধীর পরিচয় নয়, অপরাধই যেন বিচারের ভিত্তি হয়।
সম্প্রতি লক্ষ্মীপুরে মা ও তাঁর তিন মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরেছে।
তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সন্ত্রাসী ও বিতর্কিত ব্যক্তিদের সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছে। শিক্ষাপ্রতিষ্ঠান কোনো রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র নয়; বরং এগুলো আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পবিত্র প্রতিষ্ঠান। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনায় সৎ, যোগ্য, শিক্ষানুরাগী ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় রাজনৈতিক প্রভাব ও দখলদারিত্ব বন্ধ করতে হবে। সরকারকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
দায়িত্বশীলদের উদ্দেশে মোবারক হোসাইন বলেন, বর্তমান সময়ে সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে আদর্শ, তাকওয়া, সততা ও জবাবদিহির মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি গঠন, পরিবার গঠন ও সমাজ গঠনের আন্দোলনকে আরও বেগবান করতে সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, নিয়মিত সাংগঠনিক যোগাযোগ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি আবু জাফর ছিদ্দিক, জেলা সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য গাজী এনামুল হক, আবুল হাশিম রেজা, অধ্যাপক জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল মালেক খানসহ জেলা শূরা ও কর্মপরিষদের সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।