কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে : এস এম লুৎফর রহমান


১ জুলাই ২০২৬ ২০:১৯

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, নারী শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং দক্ষ ও আদর্শবান মহিলা কর্মীবাহিনী গড়ে তোলা সময়ের অন্যতম দাবি। ইসলামী শ্রমিক আন্দোলনের মহিলা কর্মীদের নৈতিকতা, আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে শ্রমজীবী নারীদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গত ২৭ জুন শনিবার চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ মহিলা বিভাগের উদ্যোগে দক্ষিণ হালিশহর উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহিলা বিভাগের সভানেত্রী রোকেয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের কর্মপরিষদ সদস্য রাবেয়া বেগম, মজলিসে শূরা সদস্য মরিয়ম আবসার ভূঁইয়া, এবং শ্রমিক নেত্রী মোরশেদা।
এস এম লুৎফর রহমান বলেন, ইসলামী শ্রমিক আন্দোলনে মহিলা কর্মী ও ইউনিট দায়িত্বশীলদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দায়িত্বশীল কর্মীকে সর্বাগ্রে নিজের চরিত্র, আমল, জ্ঞান ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধি করতে হবে। দীনি চেতনা, তাকওয়া, দায়িত্ববোধ ও সেবার মানসিকতা অর্জনের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আদর্শবান মহিলা কর্মীরাই ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।