মতলবে ধনাগোদা নদীর ভাঙন হুমকিতে স্কুল-কলেজ
২৫ জুন ২০২৬ ১০:৪৯
মতলব (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর তীরে অবস্থিত ধনাগোদা তালতলী হাইস্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে বিদ্যালয় সংলগ্ন মসজিদ ও ঈদগাহ মাঠের বাউন্ডারি দেয়ালে ফাটল দেখা দিয়েছে এবং কয়েকটি স্থানে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের তীব্রতা অব্যাহত থাকলে বিদ্যালয়ের মূল ভবন, ধনাগোদা বাজার, ফসলি জমি, বসতবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
গত ২১ জুন রোববার সকালে সরেজমিন দেখা যায়, নদীর তীরঘেঁষা মসজিদ ও ঈদগাহ মাঠের সীমানা দেয়ালের বিভিন্ন অংশে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। নদীর স্রোতের কারণে তীরের মাটি সরে গিয়ে দেয়ালের নিচের অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের মতে, পুরো বর্ষা মৌসুমে নদীর পানি আরও বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী কাসপিয়া ও নাজমুল বলেন, প্রতিদিন বিদ্যালয়ে এসে নদীর পাড়ের অবস্থা দেখে ভয় লাগে। ভাঙন যেভাবে এগিয়ে আসছে, তাতে বিদ্যালয় ভবনও ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতি হতে পারে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাকিব বলেন, আমরা দাউদকান্দি উপজেলা থেকে নৌকায় করে ধনাগোদা নদী পার হয়ে বিদ্যালয়ে আসি। নদীর পাড় ভাঙতে দেখে খুবই আতঙ্কে আছি। আমাদের বিদ্যালয়টি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এদিকে নদীভাঙনের কারণে এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।