কাপাসিয়ায় দরিদ্র ও অসহায়দের আর্থিক অনুদান দিলেন এমপি সালাহউদ্দিন আইউবী
২০ জুন ২০২৬ ১২:৪৯
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের কাপাসিয়ায় হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান দিয়েছেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী।
গত ১৪ জুন রোববার সকাল ১০টায় কাপাসিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের ১৩৪ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হকের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি সালাহউদ্দিন আইউবী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার নায়েবে আমীর বিশিষ্ট মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলার মজলিসে শূরা সদস্য মাওলানা শামসুল আলম, সাংবাদিক আবু সাঈদ প্রমুখ।
সালাহউদ্দিন আইউবী এমপি বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের সেবাই আল্লাহর ইবাদত। আমরা সবাইকে নিয়ে কাপাসিয়াকে একটি মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।