ঋণনির্ভর বাজেট দেশের অর্থনীতিকে আরও সংকটের দিকে ঠেলে দেবে : মোবারক হোসাইন
২০ জুন ২০২৬ ১২:৪৮
যশোর সংবাদদাতা : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অতিরিক্ত ঋণনির্ভর ও উচ্চাভিলাষী উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ব্যাংক ও বৈদেশিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
তিনি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়নে ৬ লাখ ২৯ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হলেও তা অর্জনের সুস্পষ্ট পরিকল্পনা নেই। জনগণের ওপর করের চাপ বাড়িয়ে এ বাজেট বাস্তবায়ন সম্ভব নয়।
গত ১৩ জুন শনিবার যশোর জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী ‘স্থানীয় নির্বাচনবিষয়ক কর্মশালা ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোবারক হোসাইন আরও বলেন, দুর্নীতি, অর্থ পাচার ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে একটি গণমুখী বাজেট প্রত্যাশা করে।
তিনি বলেন, শুধুমাত্র বড় অঙ্কের বাজেট ঘোষণা করলেই উন্নয়ন নিশ্চিত হয় না; প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা, দুর্নীতিমুক্ত ব্যয় ব্যবস্থাপনা এবং উৎপাদন ও কর্মসংস্থানমুখী অর্থনৈতিক কৌশল। অন্যথায় এই বাজেট দেশের অর্থনীতিকে স্বস্তি দেওয়ার পরিবর্তে নতুন সংকটের দিকে ঠেলে দিতে পারে।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণের আস্থা অর্জনের জন্য রাজনৈতিক কর্মীদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। কুরআনের জ্ঞান অর্জনের মাধ্যমে সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব তৈরি করতে হবে।’
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে দলীয়করণ করছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান এমপি ও জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল এমপি। এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর ছিদ্দিক, জেলা সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট গাজী এনামুল হক এমপি, আবুল হাশিম রেজা, অধ্যাপক জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল মালেক খানসহ অন্য নেতারা।