৫ লক্ষাধিক লোকসমাগমের প্রস্তুতি

খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ২০ জুন


২০ জুন ২০২৬ ১২:২৫

খুলনা সংবাদদাতা : গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ নিরসনসহ বিভিন্ন দাবিতে আগামী ২০ জুন শনিবার দুপুর ২টায় খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জোটের নেতাকর্মীরা। সমাবেশ বাস্তবায়নের জন্য জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনকে আহ্বায়ক ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
পাশাপাশি পরিবহন, নিরাপত্তা, মঞ্চ, প্রচার, মিডিয়া ও স্বাস্থ্য বিভাগসহ ১৭টি উপ-কমিটিও কাজ করছে। আয়োজকদের দাবি, সমাবেশ উপলক্ষে ২ লাখ পোস্টার, ১০ লাখ লিফলেট ও ৫ হাজারের বেশি ফেস্টুন প্রস্তুত করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে চলছে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি।
খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁনসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাহফুজুর রহমান বলেন, এটি শুধু রাজনৈতিক সমাবেশ নয়, বরং জনগণের ন্যায়সঙ্গত দাবি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তিনি জানান, খুলনা বিভাগের ১০ জেলা থেকে প্রায় ৫ লক্ষাধিক মানুষের অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, খুলনা বিভাগজুড়ে সমাবেশ সফল করতে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলা থেকে ৫ লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সমাবেশকে ঘিরে শরিক দলগুলোর মধ্যে সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, সমাবেশের স্থান সার্কিট হাউস ময়দান হলেও মানুষের ব্যাপক উপস্থিতিতে গোটা খুলনা নগরীই সমাবেশস্থলে পরিণত হবে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
জাতীয় নির্বাচনের পর খুলনায় বিরোধী জোটের অন্যতম বৃহৎ সমাবেশ হতে যাচ্ছে এটি। সমাবেশ থেকে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি ও বিভিন্ন জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলেও তারা আশা প্রকাশ করছেন।