জুলাই সনদের সাথে প্রতারণাকারীদের চূড়ান্ত পরিণতি কল্যাণকর হবে না
২০ জুন ২০২৬ ১২:২০
মৌলভীবাজার সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন বিভাগের সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব বলেছেন, এ দেশে যারা জনগণের আমানতের খেয়ানত করেছে, তারা দীর্ঘদিন টিকে থাকতে পারেনি। বর্তমানে জুলাই সনদের সাথে যারা প্রতারণা করছেন, তাদের চূড়ান্ত পরিণতি কল্যাণকর হবে না। গত ১৩ জুন শনিবার সকালে মৌলভীবাজার শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রব বলেন, বর্তমানে জুলাই সনদ নিয়ে সরকারের নানা ধরনের টালবাহানা দেশবাসী প্রত্যক্ষ করছে। একইভাবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে সঠিক ব্যক্তিকে যাচাই-বাছাই করা না হলে জনগণ হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হতে পারে।
দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যাকে মনোনয়ন দেয়া হবে সেই ব্যক্তি দেশ, জাতি ও সমাজের জন্য কতটুকু কল্যাণকর ভূমিকা রাখতে পারবেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে চূড়ান্ত করতে হবে। জনগণ সবসময় যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নিতে চায়। তাই কালবিলম্ব না করে জনগণের কাছে সময়মতো পৌঁছে তাদের আস্থা অর্জন করতে হবে। প্রার্থীকে জননেতা হতে হবে।
মোহাম্মদ আব্দুর রব আরও বলেন, আন্দোলন, সংগঠন ও নির্বাচন- এ তিনটি বিষয় একে অপরের পরিপূরক। তিনি নির্বাচন পরিচালক, প্রার্থী ও জনশক্তির দায়িত্ব ও গুরুত্ব তুলে ধরেন এবং একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর দীন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী।
বিশেষ অতিথি ছিলেন জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহ আলাউদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমীর তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল মুনতাজিম।