সংবাদপত্রের পাতা থেকে
১৮ জুন ২০২৬ ১০:৩৯
পুশইন ইস্যুতে বাংলাদেশ ও ভারত সীমান্তে উত্তেজনা
গত সপ্তাহে বেশ কয়েকটি ঘটনা বেশ আলোচিত হয়েছে। স্থান পেয়েছে শীর্ষ গণমাধ্যমে গুরুত্বের সাথে। ঘটনাগুলোর মধ্যে দেশীয়, আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়সমূহ রয়েছে। এছাড়া গত ১৭ জুনের দৈনিক সমকাল পত্রিকায় ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: জাহেদ উর রহমান’ শিরোনামে একটি খবর ছাপা হয়। এখানে বলা হয়েছে নয়াদিল্লি বিমানবন্দরে দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গত ১৫ জুন মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সপ্তাহের আরেকটি আলোচিত ঘটনা হলো বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীরকে দুবাইয়ে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করা। তাকে নিয়ে সমকালে প্রকাশিত খবরের শিরোনাম ‘বেনজীরকে আনতে নথিপত্র তৈরি শুরু, ইন্টারপোলকে চিঠি’ এখানে বলা হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় নথিপত্র তৈরি শুরু করেছে বাংলাদেশ। এ-সংক্রান্ত একটি চিঠি আন্তর্জাতিক পুলিশ সংস্থায় (ইন্টারপোল) পাঠানো হয়েছে। ইন্টারপোলের সঙ্গে যোগাযোগকারী বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) পক্ষ থেকে গত ১৫ জুন সোমবার ওই চিঠি পাঠানো হয়। এদিকে দুদক সব ধরনের নথিপত্রসহ প্রত্যর্পণ প্রস্তাব গত ১৬ জুন মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে।
গত কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারত সীমান্তে পুশইন নিয়ে বেশ উত্তেজনা বিরাজমান। দেখা দিয়েছে মানবিক সংকটও। কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়েও এ নিয়ে চলছে আলোচনা। গত ১৭ জুন বুধবার প্রথম আলো পত্রিকায় শূন্যরেখায় থাকা এক মায়ের আকুতি তুলে ধরে ‘আমগোর জীবন গেলে যাক, বাচ্চা দুইডারে বাঁচাইন’ শিরোনামে একটি খবর ছাপা হয়। এতে বলা হয়, কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ ইনের চেষ্টার শিকার ছয় ব্যক্তি তিন দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে দুই শিশু ও একজন নারী আছেন। খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো এসব মানুষের একজন সুমি আক্তার (২৫) আকুতি জানিয়ে বলেন, ‘ভাই, আমগোর জীবন গেলে যাক, আমগোর বাচ্চা দুইডারে বাঁচাইন। এভাবে আর দুইডা দিন ফালায় রাখলে বাচ্চাগুলো মরে যাবে।’
গত সপ্তাহে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ইসলামী ব্যাংক পিএলসি নিয়ে সরকার ও বিরোধীদল এবং ব্যাংকটির গ্রাহকদের মধ্যে নানা উদ্বেগ উত্তেজনা। ব্যাংকটির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আস্থা সংকটে গ্রাহকরা কয়েক হাজার কোটি টাকার আমানত তুলে নিয়েছে। সংকট কাটিয়ে উঠতে নানা পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ১৫ জুন সোমবার বণিক বার্তা পত্রিকায় ‘ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। এতে বলা হয়, কোনো ব্যাংকের আর্থিক সক্ষমতার পরিমাপ হলো তার মূলধন পর্যাপ্ততা। এটি নির্দেশ করে যে ব্যাংকটি সম্ভাব্য ব্যবসায়িক ঝুঁকি (যেমন খেলাপি ঋণ) মোকাবিলা করতে সক্ষম কিনা।
মূলধন পর্যাপ্ততা বা সিআরএআর হলো ব্যাংকের মূলধন এবং তার ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত। বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক ব্যাংকিং স্ট্যান্ডার্ড ব্যাসেল থ্রি অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলোর সিআরএআর পর্যবেক্ষণ করে। বাংলাদেশের ব্যাংকগুলোর সিআরএআর সর্বনিম্ন ১২ দশমিক ৫০ শতাংশ থাকার কথা। এর উদ্দেশ্য আমানতের অর্থ সুরক্ষিত রাখা, ব্যাংককে দেউলিয়া হওয়া থেকে বাঁচানো।
কার্যকর অর্থনীতির কোনো দেশের ব্যাংক খাতের গড় মূলধন ঋণাত্মক ধারায় চলে যাওয়াকে আধুনিক বিশ্বের বিরল ঘটনা হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।
গত ১৬ জুন মঙ্গলবার দৈনিক যুগান্তর পত্রিকায় ‘শিশু হত্যায় অভিযুক্ত বাবা-ছেলেকে নিয়ে রণক্ষেত্র আদিতমারী, এসপিসহ আহত ২০’ শিরোনামে একটি খবর ছাপা হয়। এতে বলা হয়, লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় আটক বাবা-ছেলেকে নিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আহত হয়েছেন এসপি এবং ওসিসহ অন্তত ২০ জন। গত মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নন্দিনী কান্ত রায় (৭) একই গ্রামের নলিনী কান্ত রায়ের মেয়ে। আটক দুজন হলেন ফলিমারী গ্রামের রণজিৎ কুমার ও তার ছেলে বিধান চন্দ্র রায় (২২)।
বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ইস্যু ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ ও চুক্তি সই করা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘ডিজিটাল চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্র-ইরানের’ শিরোনামে গত ১৭ জুন বধবার একটি সংবাদ ছাপা হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচিত সমঝোতা চুক্তিটি ডিজিটাল মাধ্যমে ইতোমধ্যে স্বাক্ষরিত হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। সমঝোতার আওতায় ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে লেবাননে হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার লঙ্ঘন হিসেবে দেখা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
দেশের ট্রাজিক ঘটনাগুলোর মধ্যে নিয়মিতই আলোচনায় থাকে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি। দুর্ঘটনার পরই নানা সমালোচনা ও পদক্ষেপের কথা বলা হয়ে থাকে। গত ১৭ জুন বুধবার আমার দেশ পত্রিকায় ‘ভাইরাল হওয়ার নেশায় বাড়ছে সড়ক দুর্ঘটনা’ শিরোনামে একটি খবর লিড করা হয়েছে। এতে বলা হয়েছে, দেশের মহাসড়কগুলোয় দূরপাল্লার বাস, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের অতিরিক্ত গতির অসুস্থ প্রতিযোগিতা যেন থামছেই না। অনেক সময় ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের ভিডিওধারণ করে ‘ভাইরাল’ হওয়ার নেশায় সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে ফেসবুক এবং ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে সড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ট্রাফিক আইন লঙ্ঘনের এমন সব কনটেন্ট সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রবণতাকে উৎসাহিত করলেও এসব ঘটনায় কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না হাইওয়ে পুলিশ। ফলে অনেকেই এমন ভিডিও ধারণ এবং তা সামাজিকমাধ্যমে ছড়াতে উৎসাহিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
আমার দেশ পত্রিকায় ‘সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক’ শিরোনামে ছাপানো আরেকটি সংবাদে বলা হয়েছে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিলের পর ব্যাংকের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। কয়েক দিন ধরে গ্রাহকদের মধ্যে যে উদ্বেগ ও আতঙ্ক ছিল, তা অনেকটাই কমেছে। ফলে নগদ অর্থ উত্তোলনের চাপ কমার পাশাপাশি আবারও মেয়াদি আমানত হিসাব পুনরায় চালু করতে আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকরা। একইসঙ্গে অচল হয়ে থাকা এটিএম বুথ ও অনলাইন ব্যাংকিং সেবাও পুনরায় চালু হয়েছে।
দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ‘মানসিক স্বাস্থ্য সঙ্কটে তরুণ প্রজন্ম’ শিরোনামে গত ১৭ জুন বুধবার ছাপানো একটি খবরে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। কিন্তু দেশের এই মূল চালিকাশক্তি আজ এক অদৃশ্য অথচ বিধ্বংসী সঙ্কটের মুখোমুখি, যার নাম মানসিক স্বাস্থ্য বিপর্যয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএমএইচ) বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ মানুষ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, যার একটি বড় অংশই তরুণ প্রজন্ম। উদ্বেগজনক এই বাস্তবতার বিপরীতে দেশের চিকিৎসা অবকাঠামোর চিত্রটি চরম সঙ্কটাপন্ন। তীব্র জনবল সঙ্কট, অপর্যাপ্ত বাজেট এবং বিশেষায়িত হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কারণে আক্রান্তদের ৯২ শতাংশেরও বেশি মানুষ কোনো ধরনের চিকিৎসার আওতায় আসছেন না।
গত ১৩ জুন শনিবার প্রথম আলো পত্রিকায় দেবপ্রিয় ভট্টাচার্যের একটি অভিমত ছাপানো হয়। এটির শিরোনাম ছিল ‘বাজেটজুড়ে বাস্তববাদ ও আশাবাদের দ্বন্দ্ব’। দেবপ্রিয় তার অভিমতে বলেছেন, আমার কাছে এবারের প্রস্তাবিত বাজেট মূলত দুটি দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব হিসেবে মনে হয়েছেÑ একদিকে বাস্তববাদ (রিয়েলিজম); অন্যদিকে আশাবাদ (অপটিমিজম)। নীতিকাঠামো নিয়ে খুব বড় মতভেদ নেই। পার্থক্যটা তৈরি হয়েছে সময়, সক্ষমতা ও প্রত্যাশার জায়গায়।
গত ১৫ জুন যুগান্তর পত্রিকায় ‘ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ’ শিরোনামে প্রকাশিত সংবাদে বলা হয়, বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকটির বিতর্কিত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগও বাতিল হয়ে গেছে। পাশাপাশি ব্যাংকটির অন্য পরিচালকের পদও বাতিল হয়ে গেছে। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা বলে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ইসলামী ব্যাংক পর্ষদের সমুদয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
পত্রিকাটি গত ১৪ জুন রোববার ‘দুদক এখনো অসহায় বিচারযুদ্ধ অন্যের হাতে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। এতে বলা হয়, দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, তদন্ত, চার্জশিট দাখিল, সম্পদের তথ্য-উপাত্ত সংগ্রহ থেকে শুরু করে অর্থ পাচারের জটিল নথি বিশ্লেষণ-সবই করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু আদালতে গিয়ে সেই মামলার পক্ষে লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি থাকে অন্যের হাতে। দুদক আইনে নিজস্ব স্থায়ী প্রসিকিউশন ইউনিট গঠনের বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠার ২২ বছর পরও তা গড়ে তুলতে পারেনি সংস্থাটি। ফলে দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলো এখনো পরিচালিত হচ্ছে চুক্তিভিত্তিক প্যানেল আইনজীবীদের মাধ্যমে। সংশ্লিষ্টদের মতে, দুদকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র আদালত। সেখানে নিজস্ব শক্তিশালী প্রসিকিউশন না থাকার ফলে তদন্তে চিহ্নিত ও প্রমাণিত দুর্নীতিবাজরা খালাস পায়।
গত ১২ জুন শুক্রবার যুগান্তর পত্রিকায় ‘ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট: জামায়াত’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। এতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অধিক ঋণনির্ভর, উচ্চাভিলাষী, অবাস্তবায়নযোগ্য লুটপাটের বাজেট বলে আখ্যায়িত করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী।
সরকার কর্তৃক জাতীয় সংসদে পেশ করা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গ্রন্থনা : আবু জায়েদ আনসারী।