অক্সফোর্ড ইউনিয়নের প্যানেল আলোচনায় সাদিক কায়েম

নতুন করে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সতর্ক থাকতে হবে


১৮ জুন ২০২৬ ১০:০৯

বিশেষ প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) ভিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাদিক কায়েম বলেছেন, আর যেন ফ্যাসিস্ট ফিরে না আসে, নতুন করে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, যেজন্য শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করতে হবে। গত ১৪ জুন রোববার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী-পরিচালিত স্বাধীন বিতর্ক সংগঠন ‘অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি’ এবং শিক্ষার্থীদের সংগঠন ‘অক্সফোর্ড বাংলা সোসাইটির’ যৌথভাবে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।
অক্সফোর্ড ইউনিয়নের কনসালটেটিভ কমিটির চেয়ারম্যানের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাদিক কায়েম প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন। প্যানেল আলোচনার মূল শিরোনাম ছিল ‘The Student Led Uprising and the Future of Post Revolutionary Bangladesh’ (শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ)। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিতর্ক সংগঠন ‘অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি’-র ডিবেটিং চেম্বারে বাংলাদেশের জুলাই বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাবর্তন নিয়ে আয়োজিত এক প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাদিক কায়েম। তার সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ও গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস।
অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং চেম্বারে জুলাই বিপ্লব নিয়ে প্যানেল আলোচনায় ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বের অনুভূতি এবং নতুন বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি এই মর্যাদাপূর্ণ মঞ্চে মেহেদী হাসান ও শশী থারুরের মতো ব্যক্তিত্বদের কথা বলার অভিজ্ঞতার কথা স্মরণ করেন। ২০২৪ জুলাই আন্দোলনে এবং দেশের স্বাধীনতা অর্জন, সার্বভৌমত্ব রক্ষায় শহীদ, পঙ্গুত্ববরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার উপস্থাপন এবং ভবিষ্যৎ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার রূপরেখা তুলে ধরেন।
প্যানেলিস্ট হিসেবে সাদিক কায়েম ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট ব্ল্যাকআউট ও কঠোর দমন-পীড়নের মাঝে কীভাবে আন্দোলন সংঘটিত হয়েছিল, তা তুলে ধরেন। তিনি বাংলাদেশে দীর্ঘমেয়াদি গণতন্ত্রের প্রত্যাবর্তন, কাঠামোগত সংস্কার এবং রাষ্ট্রীয় নতুন গতিপথ নিয়ে আলোচনা করেন। আলোচনায় তার সাথে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহসহ আরও বেশ কয়েকজন শিক্ষাবিদ ও জুলাই আন্দোলনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উৎসবমুখর ‘মিট অ্যান্ড গ্রিট’ ও প্রবাসী সংলাপ- মূল সেমিনারের পর সাদিক কায়েম অক্সফোর্ডে অবস্থানরত শিক্ষার্থী, গবেষক ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সাথে একটি বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ (Meet and Greet) সেশনে অংশ নেন। এই সেশনে প্রবাসীরা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, ছাত্র-রাজনীতির ভবিষ্যৎ এবং নতুন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রশ্নোত্তর পর্বেও অংশ নিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।