বাটেক্সপোর আসন্ন রজতজয়ন্তীতে রাজনৈতিক ঐতিহ্য ও জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জামায়াতের


২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩১

বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাটেক্সপোর আসন্ন রজতজয়ন্তীতে রাজনৈতিক ঐতিহ্য ও জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার ২৮ সেপ্টেম্বর এক বিবৃতিতে এ আহ্বান জানায় দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেছেন, আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পের ঐতিহ্যবাহী আয়োজন ‘বাটেক্সপো ২০২৬’-এর রজতজয়ন্তীকে আমরা স্বাগত জানাই এবং এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে, বাটেক্সপো কেবল একটি বাণিজ্য প্রদর্শনী নয়; এটি বিশ্ববাজারে আমাদের অর্থনৈতিক সক্ষমতা ও জাতীয় পরিচয়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাটেক্সপোর প্রতিষ্ঠালগ্ন থেকেই একটি সুন্দর রাজনৈতিক সৌজন্য ও ভারসাম্যের ঐতিহ্য চালু ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারপ্রধান এবং সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি করার যে রীতি ছিল, তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিশ্ববাসী, আন্তর্জাতিক ক্রেতা ও কূটনৈতিক মহলের কাছে স্পষ্ট বার্তা যেত- রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থে বাংলাদেশ ঐক্যবদ্ধ। কিন্তু দুঃখের বিষয়, এবারের আয়োজনে দীর্ঘদিনের সেই ভারসাম্যপূর্ণ ধারার ব্যত্যয় ঘটেছে। রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে একটি জাতীয় বাণিজ্যিক প্ল্যাটফর্মের এই নির্দলীয় ঐতিহ্য বদলে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। আমরা আশঙ্কাজনকভাবে লক্ষ্য করছি, এই সিদ্ধান্তের ফলে বাটেক্সপোর সর্বজনীন চরিত্র ক্ষুণ্ন হতে পারে এবং ব্যবসায়ী সমাজের সংহতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বর্তমানে আমাদের পোশাকশিল্প বৈশ্বিক প্রতিযোগিতা, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও প্রযুক্তির পরিবর্তনের মতো নানাবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে বিভাজন নয়, বিশ্ব দরবারে আমাদের প্রয়োজন ঐক্য ও স্থিতিশীলতার বার্তা দেওয়া। বিজিএমইএ-র সাধারণ সদস্য ও পরিচালকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো ব্যক্তিবিশেষের বিরোধিতা নয়; বরং শিল্পের ঐতিহ্য ও দেশের ভাবমর্যাদা রক্ষার এক স্বাভাবিক দাবি।

তিনি বলেন, আমাদের এই অবস্থান কোনো দলীয় স্বার্থে নয়- বরং জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক সৌজন্য এবং ব্যবসায়ী সমাজের ঐক্য রক্ষার তাগিদ থেকে। বাটেক্সপোর মতো আন্তর্জাতিক আয়োজনকে সব ধরনের রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা জরুরি।

তিনি আরও বলেন, আমরা বাটেক্সপোর আয়োজকদের প্রতি আহ্বান জানাই- দীর্ঘদিনের ঐতিহ্য ও রাজনৈতিক ভারসাম্যের বিষয়টি পুনর্বিবেচনা করুন। ভবিষ্যতের সকল বাণিজ্যিক আয়োজনে গণতান্ত্রিক সৌজন্য ও জাতীয় ঐক্যের অতীত সংস্কৃতি বজায় রাখুন।

পোশাকশিল্পের উন্নয়ন ও জাতীয় অর্থনৈতিক স্বার্থে বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিফলনই দলটির প্রত্যাশা বলে উল্লেখ করেন গোলাম পরওয়ার।