লাখো জনতা সমাগমের প্রস্তুতি
১০ জুন ২০২৬ ২১:২৮
চট্টগ্রাম সংবাদদাতা : জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৩ জুন শনিবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। এ সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ১১ দল। ইতোমধ্যে ঐতিহাসিক লালদীঘি ময়দানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। স্পট পরিদর্শন করেছেন জামায়াতসহ শরিক দলের শীর্ষনেতারা।
চট্টগ্রামের পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নেতাকর্মী এ সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন জোটের নেতারা। এজন্য তারা নানা প্রস্তুতিও নিয়েছেন, করেছেন সিরিজ বৈঠক।
১১ দলীয় ঐক্যের প্রধান দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান সমাবেশের সার্বিক প্রস্তুতির তদারকি করছেন। বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এতে প্রধান অতিথি থাকবেন বলে জানা গেছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার দাবিতে লালদীঘি ময়দানে ১৩ জুনের ১১ দলীয় বিভাগীয় সমাবেশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশকে ঘিরে বৃহত্তর চট্টগ্রাম অর্থাৎ মিরসরাই থেকে টেকনাফ পর্যন্ত সকলের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। চারিদিকে সাজ সাজ রব শুরু হয়েছে।
তিনি আরও বলেন, যেখানে যাচ্ছি জনগণের সতেজ পূর্ণ সমর্থন পাওয়া যাচ্ছে। সেদিন এই ঐতিহাসিক সমাবেশেকে ঘিরে লাখ লাখ জনতার অংশগ্রহণে জানান দেবেন জনগণের ৭০% গণভোটের রায় হ্যাঁ এর পক্ষে আসছে। সরকার এই রায়ের যে অবজ্ঞা করছে বা বিপরীতে অবস্থান নিয়েছে নানা কূটকৌশল করছে এর প্রতিবাদ জানাবেন। দেশে সুশাসন কায়েম ও ইনসাফ প্রতিষ্ঠায় জুলাই আন্দোলন হয়েছে এটাকে বাস্তবয়ন না করে মূল স্পিরিটকে ধারণ না করে তারা নতুনভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে।
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদও জানানো হবে। জুলাই স্পিরিট থেকে সরে গিয়ে দেশ পরিচালনা করতে চাইলে জনগণ কখনোই মেনে নেবে না। সকল স্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এদিকে গত ৮ জুন সোমবার সমাবেশস্থল ঐতিহাসিক লালদীঘি ময়দানের সার্বিক প্রস্তুতির কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, কোতোয়ালি থানা আমীর আমির হোসাইন, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, মাওলানা মুহাম্মদ ফেরদৌস আহমদ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক জোবাইর হোছেন বলেন, ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছি। জোটের পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তা ইতোমধ্যে সম্পন্ন করেছি। আশা করছি, কোনোরকম সমস্যা ছাড়া আমাদের সমাবেশ সফল হবে।
নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রব্বানী বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১৩ জুন চট্টগ্রাম লালদীঘি ময়দানে বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। দেশে নিত্যপণ্য, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ জনগণের দুর্ভোগ বেড়েছে এবং দেশে গভীর সংকট তৈরি হয়েছে। মানুষের নিত্যপণ্যসহ অন্যান্য দ্রব্যের মূল্য কমানো এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা : জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় জনসভা সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুন রোববার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারার টানেল রেস্টুরেন্টে ১১ দলীয় চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতারা জনসভা সফল করতে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল আলম চৌধুরী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিকের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা : গণভোটের গণরায় বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গত ৭ জুন রোববার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় সভায় নেতৃবৃন্দ সমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার জন্য সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী ও কর্মপরিষদ সদস্যরা। নেতারা চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত ও সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।