টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা
১০ জুন ২০২৬ ২১:২৪
মান্দা (নওগাঁ) সংবাদদাতা : পবিত্র ঈদুল আজহার আগে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের স্বজনদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। গত ৪ জুন বৃহস্পতিবার সকালে নওগাঁর মান্দা উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ১০ জনের পরিবার এবং আহত ৫টি পরিবারের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। জানা যায়, গত ২৫ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী থেকে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে রডবোঝাই একটি ট্রাক উল্টে নওগাঁর মান্দা উপজেলার ৯ জন এবং নিয়ামতপুর উপজেলার ১ জনসহ মোট ১০ জন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমীর খন্দকার মো. আবদুর রাকিব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুস সবুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা সভাপতি মো. নাসির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জামায়াত আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, যুব বিভাগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মালেকসহ স্থানীয় নেতারা। অনুষ্ঠানে নিহতদের প্রতিটি পরিবারকে ১০ হাজার করে টাকা এবং আহতদের প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।
বক্তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।