এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি
১০ জুন ২০২৬ ২১:২৩
পাবনা সংবাদদাতা : এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে এক শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জুন শুক্রবার বিকেলে ভাঙ্গুরা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ হালিম মাজহারের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক জহুরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রিন্সিপাল ইকবাল হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সেক্রেটারি ড. মোহাম্মদ ইদ্রিস আলম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম এবং ভাঙ্গুড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মহির উদ্দিন।
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি এ বি এম আব্দুল কাদেরসহ ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নেতারা।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের মর্যাদা, আর্থিক নিরাপত্তা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা জরুরি। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি দায়িত্ব পালন করলেও জাতীয়করণের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। ফলে শিক্ষক সমাজ নানা বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করছেন।