সাবেক এমপি ফরিদ উদ্দিনকে দেখতে হাসপাতালে যান বিরোধীদলীয় নেতা


৪ জুন ২০২৬ ১১:০৮

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
গত ১ জুন সোমবার রাতে সিলেটের হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা এবং চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।
বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতারা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই এমপি। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসা নিচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।