জুলাই শহীদদের আকাক্সক্ষা পূরণে জামায়াতের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মুহাম্মদ ফখরুল ইসলাম


৪ জুন ২০২৬ ১১:০৮

সিলেট সংবাদদাতা : জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন পূরণে জামায়াত কাজ চালিয়ে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য যে, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই সনদকে উপেক্ষার মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের সাথে প্রতারণা করেছে। গণঅভ্যুত্থানের পর থেকে জামায়াত সারা দেশে জুলাই শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।
গত ২৬ মে মঙ্গলবার দুপুরে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও নিখোঁজ শহীদ শাহাজাহানের পরিবারের সাথে মতবিনিময় ও ঈদ উপলক্ষে উপহার হিসেবে নগদ অর্থ প্রদানকালে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, যারা স্বজন হারায়, তারাই হারানোর বেদনা অনুভব করতে পারে। আজ রাষ্ট্র ও সরকারের উচিত ছিল জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো। কিন্তু এক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। জামায়াত সবসময় জুলাই শহীদের পরিবার ও আহতদের পাশে থাকবে।
এ সময় সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারি মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদারসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।