দীর্ঘ হচ্ছে হাম সমস্যা, বন্ধ হচ্ছে না মৃত্যু
৪ জুন ২০২৬ ০৯:৪৪
স্টাফ রিপোর্টার : হাম ও হামের উপসর্গ নিয়ে মার্চ মাসের মধ্যবর্তী সময় মৃত্যুর ঘটনা ঘটলে দেশে হইচই পড়ে যায়। দোষারোপ করা হয় আগের সরকারকে, বলা হয় টিকা না দেওয়ায় হাম বেড়েছে। পরে সরকার তড়িঘড়ি করে টিকার ব্যবস্থা করে। এখন অধিকাংশ শিশুই টিকাপ্রাপ্ত। ফলে এখন ভুক্তভোগী পরিবারগুলোর প্রশ্নÑ এখন কেন হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাচ্ছে ছোট্ট শিশুরা? গত ২ জুন মঙ্গলবার সরকারি তথ্য বলছে, এ দিন হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে অন্তত ছয় শিশু। সেই হিসাবে মার্চের ১৫ তারিখ থেকে ২ জুন পর্যন্ত উপসর্গ নিয়ে প্রাণ হারায় ৫০৪ জন আর নিশ্চিত হামে প্রাণ হারায় আরও ৯০ শিশু।
গত ২ জুন মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, গত ১ জুন সোমবার সকাল ৮টা থেকে ২ জুন মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও হামের উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছে। এছাড়া গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৩৬ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ৩৬২। অর্থাৎ হাম উপসর্গে মোট আক্রান্ত ৮২ হাজার ৪৯৮ জন শিশু।
প্রায় দুই মাস আগে গত ৫ এপ্রিল হামের টিকা দেওয়া শুরু হয়েছিল। অনেকেরই আশা ছিল, টিকা দেওয়া শুরু হলে হাম কমবে, নিয়ন্ত্রণে আসবে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, সংক্রমণ কিছুটা কমেছে। কিন্তু হামের সংক্রমণ ও হামের ভয় এখনো সারা দেশে রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইতোমধ্যে হামের সমস্যা দীর্ঘায়িত হয়েছে। যে উদ্দেশ্যে জাতীয় টিকা ক্যাম্পেইন করা হলো, তার সফলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সবখানে ৯৫ শতাংশ কাভারেজ হয়েছে বলে মনে হচ্ছে না। টিকার কাভারেজ ৯৫ শতাংশ না হলে হার্ড ইমিউনিটি হবে না। তাতে সমস্যা আরও দীর্ঘায়িত হবে।
অবশ্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশীদ আশার কথা শোনান গত ৩১ মে রোববার তিনি সাংবাদিকদের জানান, আগামী ২০-২৫ দিনে হাম কমে আসবে। হাম একেবারে নিয়ন্ত্রণে কবে আসবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কেউ বলতে পারবেন না। তবে তিনি বলেন, টিকা গ্রহণকারীদের শরীরে রোগ প্রতিরোধক্ষমতা (অ্যান্টিবডি) তৈরি হচ্ছে কি না, তা দেখা হচ্ছে না। টিকা নেওয়ার পরও কেন মানুষ হামে আক্রান্ত হচ্ছে, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে হালিমুর রশীদ বলেন, হামের সংক্রমণ কমে এসেছে।