মোশাররফ হোসেন খান-এর কবিতা

সমূহ সঙ্কটে


২২ মে ২০২৬ ২১:২৫

আমরা দাঁড়িয়ে আছি সমূহ সংকটপূর্ণ এক উপত্যকায়।
অধিকাংশই এখানে আলো-আঁধারের পার্থক্য বুঝতে পারে না।
এটা না বোঝার কারণে কত জনপদ বিরান হয়ে গেছে।
কত নদীর গতিপথ রুদ্ধ হয়ে গেছে।
কত সাগর-উপসাগর মরুভূমিতে পরিণত হয়েছে।

এই মৃত্যু উপত্যকায় কারোর পদছাপ যেন না পড়ে
সেজন্য অগ্রিম দুঃসংবাদের খবরটুকু বাতাসে উড়িয়ে দিলাম।
যাদের বোঝার তারা বুঝুক।

আমাদের উত্তর প্রজন্মের জন্য এই মৃত্যু উপত্যকা
কোনোক্রমেই বাসযোগ্য হতে পারে না।

তাহলে আমরা ঘাম ঝরিয়ে এতকাল কী করলাম!

হতাশার ধ্বংসাবশেষ থেকে
ফিনিক্স পাখির মতো ডানা ঝাঁপটায় আশা ও সম্ভাবনার ঈগল।
তাহলে কি এখনো খোলা আছে অলৌকিক কোনো দুয়ার!
প্রলয়পূর্ণ প্রত্যুষের দিকে তাকিয়ে আছি অনিমেষ!

বিশ্বাস মানেই তো জীবনের অনিন্দ্যসুন্দর অত্যুজ্জ্বল এক পৃথিবী!

তাহলে আর দেরি কেন?

হে আলোর প্রত্যাশীÍ-
জানালা খুলে দাওÍ- আলো আসবে।
দরজা খুলে দাওÍ- মানবতা আসবে…!