ত্যাগের নিশান
২২ মে ২০২৬ ২১:২৪
মানবজাতির মহান দিশারী ইব্রাহীম খলিল-
কী আর বলবো তাঁর মর্যাদার কথা
রবের দরবারে তাঁর মাকাম বিস্ময়কর উঁচু
তাঁকে স্পর্শ করার স্পর্ধা করেনি আকাশচুম্বী আগুন!
মুহূর্তে গুলজার হলো নমরূদের কুণ্ডলী!
সম্ভ্রান্ত প্রাচুর্যের এক মহিমান্বিত চূড়ায় তিনি
গভীর ও গাম্ভীর্যে সমুদ্র ছাড়িয়ে যায় এবং
পর্বতও অনায়াসে খাটো তাঁর শিরের উচ্চতায়
তিনি মানব মিছিলে উৎসর্গের বিস্ময় পতাকা
সেই পতাকায় খচিত কুরবানির নিশান
এ নিশান নিঃসংকোচে উড়ছে তাকওয়ার বাতাসে
তাকওয়া?
সে তো বিশ্বাসী বুকের গহনে প্রস্ফুটিত গোপন গোলাপ!
জগৎসমূহের মালিকের নির্ভেজাল প্রেমেই তার উদ্বোধন
হতে চাও যদি সম্মানিত, সকলের শ্রদ্ধার মুখ
আত্মার জমিনে রুয়ে দাও তাকওয়ার বীজ
ইব্রাহীমের মতোই রাখো উৎসর্গের উন্নত উপমা
সেই মহিমান্বিত সত্যের সৌরভ ছড়িয়ে পড়ুক
তোমার আমার এবং আমাদের কুরবানিতে
লৌকিক রক্ত মাংসের পর্দা ছিন্ন করে
জ্বলে উঠুক অলৌকিক আকাক্সক্ষার জ্যোতি
এবং নির্দেশ করুক সেই মহান রবের সন্তোষ
যিনি আমার চেয়েও আমার নিকটে
যিনি আমার চেয়েও জানেন আমাকে
এবং যিনি না চাইতেই মিটিয়ে দেন সকল
প্রাণীর অভাব প্রয়োজন ও পিপাসা
তাঁর সন্তুষ্টির চেয়ে বড় কিছু নেই মুমিন জীবনে
কিছু নেই তাঁর প্রিয়পাত্রের তালিকার চেয়ে দামি
তাঁর পবিত্রতার ঘ্রাণের মতো ঘ্রাণ কই!
কী করেই বা থাকে-
তিনিই তো মহান আরশের অধিপতি
তিনিই পবিত্রতার স্রষ্টা
তিনিই চির সৌন্দর্যের শিল্পী
গৌরবে সৌরভে সর্বসুন্দরে মহিমান্বিত তিনি
একচ্ছত্র অধিপতির কাছে আজ প্রার্থনা-
হে আলো ও অন্ধকারের নির্মাতা
হে জীবন ও মৃত্যুর মালিক
হে উদয় অস্তের প্রভু
আমার নামাজ আমার কুরবানি আমার জীবন
আমার মৃত্যু সবই তোমার করে নাও
ক্ষমা করো কবুল করো হে রাহিম
পৃথিবীর এসব চাকচিক্য আমার থেকে সরিয়ে নাও,
অথবা আমাকে সরিয়ে রাখো পৃথিবীর জৌলুস থেকে।
আমি তো আমার লোভের ঘোড়াটিই কুরবান দিতে চাই
জবাই দিতে চাই আমার লালসার ষাঁড়টিকে
যে কিনা আমাকে কেবলই বেপরোয়া করে
আমাকে দাও ঔদার্যের শিখা, ক্ষমার জ্যোতি এবং
কেবলই আপনার প্রতি নির্ভরতার চাবি
আমরা জানি, কুরবানির রক্ত মাংস নয়
শুধু পবিত্রতম হৃদয়ের সুগন্ধিই পৌঁছে তোমার কাছে!
তুমি আমাদের পবিত্র করো হে মহান
লোকতুষ্টির বজ্রাঘাত থেকে আশ্রয় চাই তোমার কাছে
হে মন ও মানুষের মালিক
হে হৃদয় ও রহস্যের প্রভু
হে জগৎ ও যৌবনের স্রষ্টা
আমাদের দাও নফসে মুতমাইন্নার সুগন্ধি, আর
দাও তোমার সন্তুষ্টির সৌরভ
আমাদের কুরবানি হোক মহত্তম ত্যাগের নিশান!