বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের জনসংযোগ


২১ মে ২০২৬ ০৯:৪২

গত ১৯ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানা, তালতলা তাসফির মসজিদে এশার নামাজ আদায়ের পূর্ব পর্যন্ত এলাকায় জনসংযোগ করেন। উক্ত জনসংযোগে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানার আমীর শাহ আলম তুহিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমীর উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ, সালাউদ্দিন শাহিন, আবুল বাশার, বোরজান আলী, মুস্তাফিজুর রহমান, রুহুল আমীন, আবু সাইদ খুদরী, অত্র এলাকার ওয়ার্ড দায়িত্বশীল, শ্রমিকনেতা, যুব নেতাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পবিত্র হজ পালনের উদ্দেশে বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ
গত ২০ মে বুধবার দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
এ সময় আমীরে জামায়াতকে বিদায় দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি। পবিত্র হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে প্রত্যাবর্তন করবেন, ইনশাআল্লাহ।
জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি গত ২০ মে বুধবার প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২-০ ব্যবধানে ঐতিহাসিক বিজয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে আমি, আমার দল এবং দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘মিরপুরের পর সিলেটেও আমাদের ক্রিকেট দল যে অসাধারণ ও দুর্ভেদ্য কৃতিত্ব দেখিয়েছে, তা সমগ্র জাতিকে এক অনন্য গৌরব এনে দিয়েছে। দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে এই ঐতিহাসিক সিরিজ জয় আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট ম্যাচ জয়ের এই রেকর্ড টাইগাদের অদম্য ইচ্ছাশক্তি ও সামর্থ্যেরই প্রমাণ বহন করে।’
তিনি বলেন, “খেলার ৫ম দিনে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিপক্ষের কঠিন প্রতিরোধ ভেঙে আমাদের ক্রিকেটাররা যে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ৭৮ রানের এই গৌরবময় বিজয় এবং অনবদ্য কৃতিত্ব দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘খেলাধুলার এ ধরনের সাফল্য দেশের তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে। আমরা আশা প্রকাশ করছি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভবিষ্যতেও তাদের সাফল্যের এ ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
গত ১৮ মে সোমবার বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার (নন রেসিডেন্ট) মি. ডেরেক লোহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মাইকেল লি সাউথ এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডাইরেক্টর মি. তাই দায়ে আর্ন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আলোচনায় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়।
হাইকমিশনার মি. ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা সম্প্রসারণ এবং উভয় দেশের উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরির আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন। এ সময় হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। প্রেস বিজ্ঞপ্তি।