সন্তানকে দেশ গঠনে সেরা নাগরিক হিসেবে গড়ে তুলুন –রায়হান সিরাজী এমপি
২৩ এপ্রিল ২০২৬ ১৪:৪০
রংপুর সংবাদদাতা : রংপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা রায়হান সিরাজী বলেছেন, আপনার সন্তানকে আল্লাহর নামে শিক্ষা দেয়ার বই পড়ান এবং দেশ গঠনের উপযোগী সেরা নাগরিক হিসেবে গড়ে তুলুন। পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষার বই পড়ার অভ্যাস করুন। নতুবা প্রতিটি পরিবার নরকে পরিণত হবে।
গত ১৮ এপ্রিল শনিবার বিকেলে রংপুর নগরীর কামাল কাছনা রূপকথা কনভেনশন সেন্টারে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম রংপুর মহানগর শাখা আয়োজিত সর্ববৃহৎ বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে ট্যালেন্টপুলে ৭৪ জন, সাধারণ গ্রেডে ১৯৭ জনসহ মোট ২৭১ জনকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে পাঠক ফোরামের মহানগর সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও ছাত্রশিবির কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ। বিশেষ অতিথি ছিলেন লেখক গবেষক ও ক্যারিয়ার কনসালটেন্ট আহসান হাবীব ইমরোজ, কিশোরকণ্ঠ পাঠক ফোরামের রংপুর মহানগরীর সাবেক পরিচালক আল আমিন হাসান, কেন্দ্রীয় উপদেষ্টা নুরুল হুদা বক্তব্য দেন।
মাওলানা রায়হান সিরাজী এমপি বলেন, সুনাগরিক হিসেবে সন্তানদের গড়ে তুলতে মায়েদের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। ইদানিং মোবাইল ডিভাইস শিশুদের মেধা ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে জাতিকে উদ্ধার করতে শিশুদের সুসন্তান হিসেবে গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে হবে। সন্তানকে পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক মানের বিভিন্ন শিক্ষার বই পড়ার অভ্যাস করতে হবে। তিনি বলেন, সন্তানদের নৈতিক শিক্ষার অভাবে ঐশীদের জন্ম হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের নেতারাসহ ২৭১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।