বিএনপি গণভোটে ৫ কোটি মানুষের রায়কে অস্বীকার করছে – মাওলানা আবদুল হালিম


১৬ এপ্রিল ২০২৬ ১৫:০৩

রংপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, বিএনপি নির্বাচনের আগে ওয়াদা করেও প্রায় ৫ কোটি মানুষের দেয়া গণভোট মানছে না। সরকার গণরায়কে অস্বীকার করছে। তিনি বলেন, বিএনপির ৩১ দফার প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার করা। বিএনপি বলেছিল বিচার বিভাগের স্বাধীনতা দেবে। এখন তারা বিচার বিভাগের স্বাধীনতা চায় না। মানবাধিকার কমিশন বাস্তবায়নের ওয়াদা করে সেটা তারা ভুলে গেছে। তারা ফ্যাসিস্টের পথে চলছে। গত ১০ এপ্রিল শুক্রবার সকালে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রশাসনের সহযোগিতায় ইঞ্জিনিয়ারিং করে পাল্টে দেয়া হয়েছে। দেশের সর্বস্তরের জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইসলামের পক্ষে ব্যাপকভাবে ভোট দিয়েছে। তবে জনগণের প্রত্যাশা পূরণ করতে দেয়া হয়নি। তবে আমরা জুলাই গণঅভ্যুথানের চেতনায় ছাত্র-জনতাকে সাথে নিয়ে আন্দোলনে এগিয়ে যাবো। জামায়াতের অঙ্গীকার ছিল জুলাই সনদ বাস্তবায়ন করা, সে লক্ষ্যে আমরা সংসদে গঠনমূলক বিরোধীদলের দায়িত্ব পালন করবো।
তিনি আরও বলেন, বিএনপির মরহুমা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন, নির্বাচিত সংসদ একদিন এই সংবিধান ছুড়ে ফেলবে। বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার ভঙ্গ করছে। জুলাই চেতনার অন্যথা হলে জনগণ আবারও মাঠে নামবে।
রুকনদের উদ্দেশে তিনি বলেন, জামায়াত নিছক কোনো রাজনৈতিক দল নয়। একটি আদর্শভিত্তিক সংগঠন। আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। বিগত সময়ে আমরা নির্বাচনী যুদ্ধ করেছি, এখন দেশপ্রেমিক খাঁটি মুমিন হিসেবে নিজেদের গড়ার যুদ্ধ করতে হবে। আমরা জনগণের সেবকের ভূমিকা পালন করবো। যে দায়িত্বশীল আমিত্ব পোষণ করবেন, তাকে জামায়াতের সবচেয়ে অযোগ্য ব্যক্তি বলে উল্লেখ করেন মাওলানা হালিম। তিনি সংগঠনের সকল স্তরের জনশক্তিকে তাকওয়া অর্জনে পুরোদমে আত্মগঠনমূলক প্রশিক্ষণ এবং কার্যক্রম বৃদ্ধি করতে তাগিদ দেন।