সভাপতি জামায়াতের সহিদ উল্লাহ, সেক্রেটারি বিএনপির মাহাবুবুল হক
৯ এপ্রিল ২০২৬ ১১:২৬
কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি-সমর্থিত প্যানেল। মোট ১৫ পদের ১৩টিতে বিজয়ী হয়েছে প্যানেলটি।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এডভোকেট সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন বিএনপিপন্থি এডভোকেট মাহাবুবুল হক খন্দকার।
গত ৩ এপ্রিল শুক্রবার দুপুরে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটি প্যানেল। প্যানেলগুলো হলো- বিএনপি ও জামায়াত-সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ‘সহিদ উল্লাহ (জামায়াত)-মাহাবুবুল হক খন্দকার (বিএনপি)’ প্যানেল, কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি-সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী-তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ) প্যানেল এবং নিরপেক্ষ নামে আওয়ামী লীগের ‘ফারুক-জামান’ পরিষদ।
বিএনপি ও জামায়াত প্যানেলের অন্যান্য পদের বিজয়ীরা হলেনÑ সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), এডভোকেট আবদুল বাতেন মজুমদার (জামায়াত), ট্রেজারার এডভোকেট আবু মুছা ভূঁঞা (বিএনপি), লাইব্রেরি সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত), এনরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (বিএনপি) ও রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট সাইফুর রহমান (সায়েম) (বিএনপি)।
উল্লেখ্য, বিএনপি-জামায়াত প্যানেলের মধ্যে বিএনপি আটটিতে এবং জামায়াত পাঁচটিতে জয়লাভ করে।
কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী-তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)’ প্যানেলের কেউ জয়ী হতে পারেনি। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২৮৭ জন।
বিজয়ীদের বিরোধীদলীয় উপনেতা ডা. তাহেরের অভিনন্দন
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি বলেন, আইনজীবী সমাজ দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নতুন নেতৃত্ব পেশার মর্যাদা রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটেরি মাওলানা মু. মাহবুবুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহিদ।