সেবার মান বাড়ানোর উদ্যোগ
৯ এপ্রিল ২০২৬ ১১:২৪
নড়াইল সংবাদদাতা : নড়াইল জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা আমীর মো. আতাউর রহমান বাচ্চু ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। গত ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তারা হাসপাতালটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে দুই সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এ সময় তারা রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমীর মো. আতাউর রহমান বাচ্চু বলেন, জেলা হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য আমরা দুই এমপি একসাথে সমন্বিতভাবে কাজ করছি। ইতোমধ্যে হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলো ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কীভাবে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা যায়, রোগীরা যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা পায় এবং চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ধরনের ভোগান্তি না থাকে, সেসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে নড়াইল জেলা হাসপাতালকে একটি আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের লক্ষ্য।
এমপি বাচ্চু আরও বলেন, হাসপাতালে চিকিৎসক ও স্টাফ সংকট দীর্ঘদিনের সমস্যা। আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। আমি এবং নড়াইল-১ আসনের এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাদের এই সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন।
নড়াইলে দীর্ঘদিন ধরে ২৫০ শয্যার একটি হাসপাতাল ভবন প্রস্তুত থাকা সত্ত্বেও জনবল সংকটের কারণে তা চালু করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল গাফ্ফার, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিনসহ হাসপাতালের চিকিৎসকরা।