সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার কারাগারে প্রেরণ
৯ এপ্রিল ২০২৬ ০৯:৫২
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গত ৭ এপ্রিল মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে ২০ মিনিটের শুনানি শেষে শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। এ আদেশের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা আদালত প্রাঙ্গণে স্লোগান তুললে তাদের সঙ্গে বিএনপি সমর্থক আইনজীবীদের ধাক্কাধাক্কি হয়।
এর আগে মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম বলেন, শিরীন শারমিন চৌধুরীকে তার আত্মীয় আরিফ মাহমুদ মাসুদ নামে একজনের বাসা থেকে তাকে আটক করা হয়।
ড. শিরীন শারমিন চৌধুরী শেখ হাসিনার ভোট চুরির নির্বাচনে জাতীয় সংসদের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। এরপর থেকে টানা এক দশকেরও বেশি সময় তিনি এই পদে আসীন ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে শিরীন শারমিন চৌধুরী আত্মগোপনে চলে যান।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তার অনুপস্থিতিতে আরেকটি পার্লামেন্ট কার্যক্রম শুরু হয়েছে।
২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথম স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। ২০১৮ সালের রাতের ভোটে গঠিত সংসদেও স্পিকার ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি আমি-ডামি নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করে শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।