বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ

রেলস্টেশন, বাস টার্মিলান ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ভিড়


১৭ মার্চ ২০২৬ ১০:৩৩

স্টাফ রিপোর্টার : গ্রামের বাড়ির উদ্দেশে ছুটছে শতসহস্র পরিবার। স্বজনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে যাচ্ছেন শহরবাসী। রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে শুরু করে বিভাগীয় শহরের বাসিন্দারা নিজ গ্রামের উদ্দেশে শহর ছাড়ছেন। ইতোমধ্যে রেলস্টেশন, লঞ্চঘাট, বাস টার্মিলানগুলোয় ঘরমুখো মানুষের ভিড় লক্ষ করা গেছে। চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২০ অথবা ২১ মার্চ উদযাপিত হতে যাচ্ছে ঈদুল ফিতর। ফলে দিন যত যাচ্ছে, ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের চাপ ততই বাড়ছে। যাত্রাপথে দুর্ভোগ এড়াতে অনেকে আগেভাগেই যাত্রা শুরু করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর অনেকেই পরিবারের সদস্যদের আগেভাগে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কর্মস্থল থেকে ছুটি নেওয়া সাপেক্ষে ছুটে চলছেন কর্মজীবীরা। যারা ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ত, তারা সুবিধামতো কাজ গুছিয়ে নিচ্ছেন। কর্মজীবী মানুষের চাপ বেড়েছে মূলত ১৬ মার্চ সোমবার থেকে। কারণ সোমবার শেষ সরকারি অফিস। অনেক প্রাইভেট প্রতিষ্ঠানেও সোমবার শেষ অফিস, ফলে ঈদযাত্রায় ১৬ মার্চ থেকে চাপ বেড়েছে।
বিভিন্ন পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার অন্য বছরের চাইতে চাপ ও ভোগান্তি অনেকটা কম হবে। কারণ এবার মানুষ ভোগান্তি এড়াতে আগেভাগেই যাত্রা শুরু করে দিয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগেভাগে বন্ধ ঘোষণা দেওয়ায় শিক্ষার্থীরা আগেই চলে গেছেন। যারা পরিবারের সঙ্গে থেকে লেখাপড়া করছেন, তারাও অনেকাংশে গ্রামে চলে গেছেন। ফলে অন্যবছরগুলোর চেয়ে চাপ অনেকটা কম হতে পারে। খবর নিয়ে জানা গেছে, এবারের ঈদযাত্রায় বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ বলছে, ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। বড় ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি। দু-একটি ট্রেন দেরিতে ছেড়েছে। তবে অনলাইনে টিকিট কিনতে যাত্রীদের বিড়ম্বনা পোহাতে হয়েছে। টিকিট কাটার সময় শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই টিকিট উধাও হয়ে গেছে, অনেক সময় সার্ভার ‘এরোর’ আবার ডাউন দেখিয়েছে, ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। অন্যদিকে লঞ্চযাত্রায়ও কোনো বিপত্তির খবর পাওয়া যায়নি। বাড়তি ভাড়া নেওয়ার খুব একটা অভিযোগও মেলেনি। তবে বাস কাউন্টারে বাড়তি ভাড়া নেওয়ার বিস্তর অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো রুটে দ্বিগুন ভাড়া নেওয়ার ঘটনাও ঘটেছে। এজন্য বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত জরিমানাও করেছেন।
এদিকে ১৫ মার্চ থেকে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ১৫ মার্চ ২৫ মার্চের টিকিট বিক্রি হয়েছে। এছাড়া ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। ঈদের সময় যাত্রীচাপ বেশি থাকায় নির্ধারিত সময় অনুযায়ী দ্রুত টিকিট সংগ্রহ করার পরামর্শ দিচ্ছে রেলওয়ে।