জামায়াতে ইসলামী শক্তিশালী বিরোধীদলের ভূমিকা পালন করবে- মাওলানা আবদুল হালিম


১২ মার্চ ২০২৬ ১১:০১

সোনার বাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার জাতীয় সংসদে শক্তিশালী বিরোধীদল হিসেবে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি গণভোটে জনগণের বহুল আকাক্সিক্ষত রায় ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় দেশবাসীর রায়কে স্বাগত জানিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জামায়াত সংসদের ভেতরে ও বাইরে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের পর দেশের এই বর্তমান সময়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে।
আবদুল হালিম বলেন, জামায়াত একটি জনকল্যাণমুখী ইসলামী আদর্শিক দল। তাই জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীদের আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে হবে। গত ৬ মার্চ শুক্রবার সকালে রংপুর মহানগরীর এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুল হালিম বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে সাধারণ জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছে এবং আমাদের প্রতি আস্থা রেখেছেন। জামায়াতকে সমর্থন দেয়া এই বিপুলসংখ্যক ভোটারকে কুরআন-সুন্নাহর আলোকে প্রশিক্ষণ দিতে হবে। তাদের টার্গেট নিয়ে কর্মী হিসেবে গড়ে তুলতে পারলে আশা করা যায়, সংগঠন দ্রুত একটি শক্তিশালী ভিত্তি লাভ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর সংগঠনের সাংগঠনিক দায়িত্ব পালন গতিশীল এবং দায়িত্বশীলদের (পুরুষ ও মহিলা) কর্মতৎপরতা আরও জোরদার করার লক্ষ্যে রংপুর মহানগরীর দায়িত্বশীলদের নিয়ে এ সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী। রংপুর মহানগর জামায়াতের কার্যালয়ের হলরুমে মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী, আল আমিন হাসান এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট কাওছার আলী। এছাড়া মহানগরের প্রতিটি থানা আমীর ও সেক্রেটারি এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা সমাবেশে উপস্থিত ছিলেন।